সেই নূর চেহের পেলেন মানবিক সহায়তার ৫ লাখ টাকা, চান উচ্ছেদের ক্ষতিপূরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের জেলা প্রশাসকের কার্যালয়ে আজ বৃহস্পতিবার বিকেলে বৃদ্ধা নূর চেহের বেগমের হাতে মানবিক সহায়তার পাঁচ লাখ টাকার চেক তুলে দেওয়া হয়
ছবি: সংগৃহীত

এক নোটিশেই বসতবাড়ি থেকে উচ্ছেদ হয়েছিলেন নূর চেহের বেগম। পৈতৃক ভিটা হারানোর যন্ত্রণায় মারা যান স্বামী আলীম উল্লাহ। স্বামী, বসতবাড়ি হারিয়েছেন; অথচ অধিগ্রহণের কোনো ক্ষতিপূরণ পাননি এই বৃদ্ধা। ওয়ারিশ সেজে ক্ষতিপূরণের অর্থ হাতিয়ে নেয় অন্যরা। ক্ষতিপূরণ চেয়ে ৪০ বছর ধরে সরকারি সংস্থার দুয়ারে দুয়ারে ঘুরেছেন তিনি। আশ্বাস মিলেছে, কিন্তু ন্যায্য পাওনা পাননি।

গত ৩ আগস্ট চট্টগ্রামে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক শুনানিতে ৮৭ বছর বয়স্ক এই বৃদ্ধা এই না পাওয়ার যন্ত্রণার কথা তুলে ধরেন। কষ্ট আর দুর্ভোগের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। জীবনসায়াহ্নে দাঁড়িয়ে থাকা এই নারীর কান্না স্পর্শ করেছিল অন্যদেরও।

আইনি জটিলতায় অধিগ্রহণের ক্ষতিপূরণ পাওয়ার বিষয়টি নিয়ে অনিশ্চয়তার কথা জানান জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান। তবে মানবিক দিক বিবেচনা করে পাঁচ লাখ টাকা সহায়তা দেওয়ার ঘোষণা দেন তিনি।

তবে সে টাকা পেতেও কম দৌড়ঝাঁপ করতে হয়নি নূর চেহেরের পরিবারকে। চার মাস ধরে জেলা প্রশাসনে ধরনা দিয়ে গেছেন তাঁর ছেলে মিজানুর রহমান। অবশেষে প্রায় চার মাসের মাথায় আজ বৃহস্পতিবার বিকেলে মানবিক সহায়তা হিসেবে পাঁচ লাখ টাকা হাতে পান নূর চেহের।

জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান প্রথম আলোকে বলেন, বৃদ্ধা নূর চেহের বেগমকে মানবিক সহায়তার পাঁচ লাখ টাকা বিকেলে তুলে দেওয়া হয়েছে। আনুষ্ঠানিকতার কারণে কিছুদিন সময় লেগেছে।

এক নোটিশেই বসতবাড়ি থেকে উচ্ছেদ হয়েছিলেন নূর চেহের বেগম
ছবি: প্রথম আলো

উচ্ছেদের নোটিশের পর দিনই স্বামী হারান

চট্টগ্রাম নগরের সল্টগোলা ক্রসিং মোড়ের পাশে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি)। টার্মিনালের ভেতরে ছিল নূর চেহেরের স্বামী আলীম উল্লাহর পৈতৃক ভিটা। সেই ভিটা অধিগ্রহণ করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। ১৯৮২ সালের ১৯ মার্চ জমি থেকে উচ্ছেদের জন্য চূড়ান্ত নোটিশ দেওয়া হয়েছিল আলীম উল্লাহকে। এর আগে ক্ষতিপূরণ বা আগাম কোনো নোটিশ পাননি তিনি।

উচ্ছেদের নোটিশ পেয়ে মানসিকভাবে বিপর্যস্ত আলীম উল্লাহ পরদিন ভোরেই মারা যান। এরপর নূর চেহেরের ঠাঁই হয় নিউমুরিং কনটেইনার টার্মিনালের পাশের এলাকা তক্তার পোল এলাকায় ভাড়া বাসায়। সেখানে বিধবা বড় মেয়ে বিবি আয়েশা ও ছেলে মিজানুর রহমানকে নিয়ে থাকেন নূর চেহের। ছেলে মিজানুর বর্তমানে বন্দরের নিরাপত্তা কর্মী হিসেবে চাকরিরত।

এদিকে প্রশাসনের ভুলে ওই সময় ক্ষতিপূরণের টাকা তুলে নেয় অন্যরা। ৩৮ শতক জমির ক্ষতিপূরণের জন্য ৪০ বছরের দীর্ঘ লড়াই তাঁর। ৩০ বছর আগে আদালতের রায়ও পেয়েছেন। কিন্তু ক্ষতিপূরণের টাকা এখনো পাননি।

তবে হাল ছাড়েননি নূর চেহের। এই টাকা পেতে জেলা প্রশাসক, বন্দর কর্তৃপক্ষ, দুদকের দুয়ারে দুয়ারে গেছেন তিনি। এ নিয়ে গত ১১ আগস্ট প্রথম আলোতে ‘প্রশাসনের ভুল এক বৃদ্ধার ৪০ বছরের লড়াই’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।

দুর্নীতি দমন কমিশনের গণশুনানিতে তিক্ত অভিজ্ঞতার কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন নূর চেহের বেগম
ফাইল ছবি: প্রথম আলো

মানবিক সহায়তায় খুঁজছেন সান্ত্বনা

আশ্বাসের চার মাস পর মিলেছে মানবিক সহায়তার টাকা। তবে সে জন্যও কম দৌড়ঝাঁপ করতে হয়নি নূর চেহেরের ছেলে মিজানুরকে। দিনের পর দিন ঘুরতে হয়েছে জেলা প্রশাসনের দুয়ারে। দিতে হয়েছে নানা কাগজপত্র।

মিজানুর ২০১৩ সালে বন্দরে নিরাপত্তাকর্মীর চাকরি পান। তিনি বলেন, ‘এই টাকার জন্য গত চার মাসে জেলা প্রশাসক কার্যালয়ে অন্তত ২০ বার গিয়েছি। হুইলচেয়ারে করে একবার মাকেও নিয়ে গিয়েছিলাম। কিন্তু জেলা প্রশাসকের সঙ্গে কোনোভাবেই দেখা করতে পারছিলাম না। একদিন জোর করে ওনার (জেলা প্রশাসক) কক্ষে ঢুকে পড়ি। তারপর আমাদের দুঃখের কথা বলি। এরপর দ্রুত চেক দেওয়ার আশ্বাস দেন।’

জেলা প্রশাসকের পরামর্শে গত ৪ অক্টোবর একটি ব্যাংকে মায়ের নামে অ্যাকাউন্ট খোলেন বলে জানান মিজানুর। তিনি বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে একেক সময় একেক ধরনের কাগজপত্র চাওয়া হয়। কখনো উত্তরাধিকার সনদ (ওয়ারিশনামা), কখনো ব্যাংক অ্যাকাউন্ট। অনেক কষ্টে উত্তরাধিকার সনদ সংগ্রহ করতে পেরেছেন।

অর্থসহায়তা পাওয়ার বিষয়ে মিজানুর বলেন, তাঁর চাকরির যা আয়, তা দিয়ে সংসার চালাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। এখন অ্যাকাউন্টে টাকা জমা হলে তা দিয়ে প্রথমে মায়ের চিকিৎসা করব। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছেন। কিন্তু টাকার অভাবে ঠিকভাবে চিকিৎসা করাতে পারছিলেন না। মায়ের চিকিৎসা ভালোভাবে করতে পারলে অন্তত মনকে সান্ত্বনা দিতে পারবেন।

ক্ষতিপূরণের দাবি ছাড়ছেন না

মানবিক সহায়তার পাঁচ লাখ টাকা পেলেও জমি অধিগ্রহণের ক্ষতিপূরণের দাবি থেকে সরছেন না বৃদ্ধা নূর চেহের ও তাঁর পরিবার। এ জন্য যা করার দরকার, তা করবেন বলে জানান ছেলে মিজানুর। তিনি বলেন, জমি অধিগ্রহণের ক্ষতিপূরণ তাঁদের ন্যায্য অধিকার। এই অধিকার থেকে তাঁদের বঞ্চিত করা যাবে না। এ জন্য তিনি লড়ে যাবেন।

জেলা প্রশাসন ও বন্দরের নথিপত্র ঘেঁটে দেখা গেছে, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিউমুরিং জেটির পণ্য রাখার স্থান নির্মাণের জন্য দক্ষিণ হালিশহর মৌজার ৭২ দশমিক ২৫ শতক জমি অধিগ্রহণ করে। এর ক্ষতিপূরণ বাবদ ২৭ লাখ ১৭ হাজার টাকা জেলা প্রশাসনকে পরিশোধ করা হয়। জেলা প্রশাসন ১৯৮৩ সালের ১০ সেপ্টেম্বর জমি বন্দর কর্তৃপক্ষ বুঝিয়ে দেয়।

আরও পড়ুন

নূর চেহেরের স্বামীর ৩৮ শতক বা ২৩ কাঠা জায়গা অধিগ্রহণ হয়েছিল। এই এলাকায় অবস্থানভেদে বর্তমানে প্রতি শতক জায়গার বাজারদর প্রায় সাড়ে ১৭ লাখ টাকা এবং মৌজা দর ১০ লাখ টাকা বলে জানান স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর জিয়াউল হক। এই হিসাব অনুযায়ী নূর চেহেরের জমির দাম দাঁড়ায় ৬ কোটি ৬৫ লাখ টাকার মতো।

নূর চেহেরকে দেওয়া বন্দর কর্তৃপক্ষের এক চিঠিতে বলা হয়, নূর চেহেরের স্বামী আলীম উল্লাহর বাবা সুলতান আহাম্মদের ওয়ারিশ পরিচয় দিয়ে আবুল খায়ের ও আবু ছৈয়দের পক্ষে জেলা প্রশাসনের এলএ শাখা থেকে জমির ক্ষতিপূরণের টাকা তুলে নেওয়া হয়েছে। তাঁরা মূল ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে বঞ্চিত করে ক্ষতিপূরণের টাকা তুলেছেন। এই টাকা উদ্ধারের জন্য ১৯৯৪ সালে জেলা প্রশাসন ছয় ব্যক্তির বিরুদ্ধে ছয়টি সার্টিফিকেট মামলা করেছে। সেই মামলা এখনো চলছে।

আরও পড়ুন