এক মাসেই দুবার বাড়ল বিদ্যুতের দাম, বাড়বে অন্যান্য খরচও

বিদ্যুৎ ও গ্যাসের বাড়তি দাম আজ কার্যকর হচ্ছে। সাধারণ মানুষের সংসারের ব্যয় ও পণ্যের উৎপাদন খরচ বেড়ে যাবে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি

বিদ্যুতের দাম আবার বাড়াল সরকার। এ দফায় খুচরায় দাম বেড়েছে ৫ শতাংশ এবং পাইকারিতে ৮ শতাংশ। খুচরা পর্যায়ে দাম বাড়ানোর কারণে সাধারণ মানুষের বিদ্যুৎ বিল যেমন বাড়বে, তেমনি বাড়বে শিল্প ও বাণিজ্যিক খাতে উৎপাদন খরচ, যা পরোক্ষভাবে মানুষের ব্যয় বাড়িয়ে দেবে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় গত সোমবার বিদ্যুতের দাম বাড়ানোর প্রজ্ঞাপন জারি করে। বিষয়টি গতকাল মঙ্গলবার জানা যায়। নতুন দাম কার্যকর হবে আজ বুধবার থেকে। এ দিন গ্যাসের নতুন দরও কার্যকর হবে। গ্যাসের দাম ৮২ শতাংশ বাড়ানো হয়েছিল গত ১৮ জানুয়ারি।

আরও পড়ুন

বিদ্যুতের দাম নতুন করে বাড়ানোর ফলে এক মাসে দুই দফা মূল্যবৃদ্ধির ঘটনা ঘটল। এর আগে ১২ জানুয়ারি বিদ্যুতের দাম ৫ শতাংশ বাড়ানো হয়েছিল। আজ থেকে কার্যকর হতে যাওয়া বিদ্যুতের নতুন মূল্যহার অনুযায়ী, গ্রাহক পর্যায়ে প্রতি ইউনিট গড় দাম ৩ টাকা ৯৪ পয়সা থেকে বেড়ে ৪ টাকা ১৪ পয়সা হয়েছে। পাইকারি পর্যায়ে ৬ টাকা ২০ পয়সা থেকে বেড়ে প্রতি ইউনিটে দাঁড়িয়েছে গড়ে ৮ টাকা ১০ পয়সা।

বিদ্যুতের দাম বাড়ানোর পর প্রতিক্রিয়া জানতে চাইলে একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা রায়হানুল আলম প্রথম আলোকে বলেন, ‘আর কত বোঝা আসবে মানুষের ওপর? বাজার থেকে শুরু করে ঘোরাফেরা—সবকিছুতেই লাগাম টেনেছি। আর ব্যয় কমানোর মতো আর কোনো খাত নেই।’ তিনি আরও বলেন, গ্যাস আর বিদ্যুৎ দুটিই সরাসরি মানুষের সংসারের সঙ্গে সম্পৃক্ত। এগুলোর মূল্যবৃদ্ধি মানে সবকিছুর দাম লাফিয়ে লাফিয়ে বেড়ে যাওয়া। বেতন তো লাফিয়ে বাড়ছে না।

আরও পড়ুন

দাম বেড়েছে কতবার

আওয়ামী লীগ সরকার ২০০৯ সালে ক্ষমতায় আসার পর বিদ্যুৎ উৎপাদনে জোর দেয়। বিদ্যুৎ বিভাগের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, ২০০৯ সালে দেশে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ছিল ৫ হাজার মেগাওয়াটের কম। এখন তা ২৬ হাজার ৭০০ মেগাওয়াটে উন্নীত হয়েছে (ক্যাপটিভ ও নবায়নযোগ্য জ্বালানিসহ)। অবশ্য চাহিদা অনেক কম। এযাবৎকালে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদিত হয়েছে ২০২২ সালের ১৬ এপ্রিল ১৬ হাজার ৭৮২ মেগাওয়াট। অভিযোগ আছে, বিদ্যুৎ উৎপাদনের বিপুল সক্ষমতা তৈরি করে বসিয়ে বসিয়ে কেন্দ্র ভাড়া (ক্যাপাসিটি চার্জ) দেওয়া হচ্ছে, যা বিদ্যুৎ উৎপাদনের ব্যয় বাড়িয়ে দিচ্ছে।

সংসদীয় কমিটিকে দেওয়া বিদ্যুৎ বিভাগের তথ্য অনুযায়ী, সরকারি ও বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলোকে ২০২০-২১ অর্থবছরে কেন্দ্র ভাড়া দিতে হয়েছিল ১৮ হাজার ৯৭৭ কোটি টাকার কিছু বেশি। এ ক্ষেত্রে বিদ্যুৎ মন্ত্রণালয়ের যুক্তি হলো, বাসা ভাড়া নেওয়ার পর তাতে না থাকলেও ভাড়া দিয়ে যেতে হয়। অবশ্য সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন, প্রয়োজন না বুঝে বাসা ভাড়া নেওয়া অর্থের অপচয় ছাড়া আর কিছুই নয়।

মানুষ এখন বিদ্যুৎ পেলেও দাম দিতে হচ্ছে চড়া। গত ১৪ বছরে বিদ্যুতের দাম বেড়েছে পাইকারিতে ১১ বার এবং খুচরায় ১২ বার। বিদ্যুৎ খাতে সংকট আরও বেড়েছে ২০২২ সালে। বিশ্ববাজারে জ্বালানির দাম ব্যাপকভাবে বেড়েছে। মার্কিন ডলারের দাম ৮৬ থেকে বেড়ে ১০৫ টাকা হয়েছে। বৈদেশিক মুদ্রার মজুত বা রিজার্ভ কমেছে। সবকিছুই প্রভাব ফেলেছে বিদ্যুৎ ও গ্যাসের দামে।

বিপুল ভর্তুকি কমাতে সরকার গ্যাস ও বিদ্যুতের দাম এখন দফায় দফায় বাড়াচ্ছে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, মাসে মাসে দর সমন্বয় হতে পারে। দাম বাড়াতে এখন আর গণশুনানির প্রয়োজন হচ্ছে না। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনকে (বিইআরসি) পাশ কাটিয়ে নির্বাহী আদেশে বাড়ানো হচ্ছে বিদ্যুৎ ও গ্যাসের দাম।

নির্বাহী আদেশে দাম বাড়ানো হলে স্বচ্ছতা ও জবাবদিহি থাকে না বলে মনে করেন জ্বালানি বিশেষজ্ঞ ম তামিম। তিনি প্রথম আলোকে বলেন, বিদ্যুতের দুই দফায় ১০ শতাংশ মূল্যবৃদ্ধি সহনীয় হতে পারে। কিন্তু শোনা যাচ্ছে মাসে মাসে দাম সমন্বয় হবে। যদি মাসে মাসে দাম বাড়ে, তাহলে তা মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকবে না। তিনি বলেন, গ্যাসে এখন সরকারের ভর্তুকি নেই। জ্বালানি তেলে সরকার লাভে আছে। বাজেটে রাখা ভর্তুকি বিদ্যুতে দিয়ে মানুষকে স্বস্তি দেওয়া যেত।

ম তামিম আরও বলেন, দুই দফায় মূল্যবৃদ্ধির ফলে যাঁদের এক হাজার টাকা বিদ্যুৎ বিল আসে, সেটা আগামী মাসে ১ হাজার ১০০ টাকা আসবে। আর দেশে উৎপাদিত পণ্যের দাম কতটা বাড়ল, সেটা বোঝা যাবে মাস দুয়েক পর থেকে।

‘দাম শুধু বাড়ছেই’

এমন একটি সময়ে সরকার বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়িয়েছে, যখন বাজারে নিত্যপণ্যের দাম ব্যাপক চড়া। সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাবে, ২০২০ সালের জানুয়ারিতে দেশের বাজারে যে মোটা চালের দাম ছিল ৩০ টাকা, তা এখন সর্বনিম্ন ৪৬ টাকা। যে সরু চাল ৪৫ থেকে ৬০ টাকার মধ্যে কেনা যেত, তা এখন ৬০ থেকে ৭৫ টাকা দরে বিক্রি হচ্ছে। ২৮ টাকার আটা এখন সর্বনিম্ন ৫৮ টাকা কেজি। ১০০ টাকা লিটারের সয়াবিন তেলের দাম বেড়ে ১৮০ টাকায় উঠেছে। ৬২ টাকার চিনি বিক্রি হচ্ছে ১১০ টাকায়। শুধু নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য নয়, সাবান, টুথপেস্ট, শ্যাম্পুসহ নিত্যব্যবহার্য পণ্যের দামও ব্যাপকভাবে বেড়েছে। মূল্যবৃদ্ধি বেশি হয়েছে ২০২২ সালে।

ঢাকার খিলক্ষেতের বাসিন্দা শিক্ষক দেলোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ‘বাজারে গেলেই চোখে পানি আসে। সবকিছুর দাম শুধু বাড়ছেই। দিশাহারা হয়ে যাচ্ছি। কোনো কূল পাচ্ছি না।’ তিনি বলেন, শীতে তাঁর বাসায় বিদ্যুৎ বিল আসছে মাসে এক হাজার টাকার মতো। শীত শুরুর আগে হাজার দেড়েক টাকা আসত। আগামী গ্রীষ্মে সেটা আরও বেড়ে যাবে বলে নিশ্চিত তিনি।

দেলোয়ার হোসেন আরও বলেন, ব্যয় বাড়লেও তাঁর আয় বাড়েনি। অভিভাবকেরা সন্তানদের বাসায় গিয়ে পড়ানোর বিপরীতে টাকা কম দিচ্ছেন। কারণ, তাঁরাও বিপাকে রয়েছেন।