অভিভাবকেরা বললেন, গণিত নিয়ে ভয় কাটায় গণিত উৎসব
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল থেকে জাতীয় গণিত উৎসবে এসেছেন অভিভাবক আবু সাইয়ুম। তাঁর পঞ্চম শ্রেণিতে পড়ুয়া ছেলে সোয়াইব আল সায়ানের গণিতের প্রতি আগ্রহ অনেক। ছেলে এবার দ্বিতীয়বারের মতো গণিত উৎসবে অংশ নিল। গত বছর অংশ নিয়েছিল অবশ্য অনলাইনে। আবু সাইয়ুম বলেন, ‘শিক্ষার্থীদের অনেকেই গণিত বিষয়টি নিয়ে ভয় পায়। গণিত নিয়ে এই আয়োজন নিঃসন্দেহে ভালো উদ্যোগ। শিক্ষার্থীদের মধ্যে গণিত নিয়ে আগ্রহ বাড়াবে এই আয়োজন।’
রাজধানীর সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের মাঠে চলছে ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো জাতীয় গণিত উৎসব। এ উৎসবেই আজ শুক্রবার সকালে কথা হয় ঠাকুরগাঁও থেকে আসা আবু সাইয়ুমের সঙ্গে। তিনিসহ অন্তত ১২ জন অভিভাবক ও শিক্ষকের সঙ্গে কথা হয় প্রথম আলোর। তাঁরা জানান, গণিত নিয়ে এমন আয়োজন শিক্ষার্থীদের গণিতের ভীতি কাটাবে, গণিত ও বিজ্ঞান বিষয়ে শিক্ষার্থীদের আরও উৎসাহিত করবে।
খুলনার দৌলতপুর থেকে এসেছেন মো. জিয়াউল হাসান। তাঁর ছেলে পড়ছে খুলনা পাবলিক কলেজের একাদশ শ্রেণিতে। ছেলের ছোটবেলা থেকেই গণিতের প্রতি বেশি আগ্রহ। তিনি প্রথম আলোকে বলেন, ‘করোনার আগে ২০১৯ সালে ছেলে গণিত উৎসবে এসে অনেক মজা পেয়েছে। করোনার কারণে গত দুবার বন্ধ ছিল। এ দুই বছরে শিক্ষার্থীরা বাসায় বদ্ধ ঘরে বসে ছিল। এখানে এসে দৌড়াদৌড়ি করছে, গণিত নিয়ে নানা প্রতিযোগিতা, আয়োজনে অংশ নিচ্ছে। যেদিকে তাকাই সেদিকেই গণিত। ফলে বাচ্চাদের গত দুই বছরে যে দুঃখ-বেদনা, তা এমন আয়োজনে এসে আর থাকে না। অভিভাবকেরা টাকা খরচ করে দূর-দূরান্ত থেকে এসেছেন। বাচ্চাদের এমন আনন্দ–উল্লাস অভিভাবকদের ভালো লাগে।’
একই সুরে কথা বললেন খুলনা থেকে আসা আরেক অভিভাবক রামেশ্বর দেবনাথ। খুলনা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের এই অধ্যাপকের ছেলে অরিত্র দেবনাথকে নিয়ে এসেছেন গণিত উৎসবে। রামেশ্বর দেবনাথ প্রথম আলোকে বলেন, ‘করোনার কারণে শিক্ষার্থীরা ঘরবন্দী ছিল। এই খোলা মাঠে বাচ্চাদের নিয়ে এমন চমৎকার আয়োজন নিঃসন্দেহে ভালো উদ্যোগ। জীবনের পথচলার প্রতি ক্ষেত্রেই গণিত আছে। গণিত বিষয়টি বুদ্ধিবৃত্তির জায়গার ক্ষেত্র প্রসারিত করে। শিক্ষার্থীদের মধ্যে গণিতের আনন্দ পৌঁছে দেওয়া গেলে গণিতভীতি কেটে যাবে।’
গণিত উৎসবস্থলে ছিল বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি, যোসেফাইট ম্যাথ ক্লাব, পিঠার আড্ডা, দ্বিমিক প্রকাশনী, বন্ধুসভা, স্বপ্ন ৭১সহ ১৪টি স্টল। এসব স্টলে বিজ্ঞান ও গণিত নিয়ে বিভিন্ন বই, ম্যাগাজিন, বিজ্ঞান উপকরণে ঠাসা ছিল।
সকালের উদ্বোধনী পর্ব শেষে হয় গণিত অলিম্পিয়াড পরীক্ষা। পরীক্ষা শেষে দুপুর পৌনে ১২টার দিকে উৎসবস্থলের মূল মঞ্চে শুরু হয় অনুষ্ঠান। প্রথমে ‘ধন ধান্য পুষ্প ভরা’ গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন নিত্যরঙ্গের শিল্পীরা। এরপর ‘স্বাস্থ্য ভালো, অঙ্ক সোজা’ পর্ব পরিচালনা করেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান।
দুপুর ১২টায় শুরু হয় উন্মুক্ত রুবিকস কিউব প্রতিযোগিতার প্রথম পর্ব। মঞ্চে সারি বেঁধে ২০ জন করে দাঁড়ায় শিক্ষার্থীরা। স্বেচ্ছাসেবকেরা এ সময় তাদের পেছনে দাঁড়িয়ে রুবিকস ওলটপালট করে দেন। সময় শুরু বলার পর কয়েক মুহূর্তেই শিক্ষার্থীরা তা মিলিয়ে দেয়। এভাবে কয়েক ধাপে প্রথমে আট সেমিফাইনালিস্ট থেকে পাঁচ শিক্ষার্থীকে ফাইনালের জন্য নির্বাচিত করা হয়। বিকেলে ওই পাঁচজনকে নিয়ে রুবিকস কিউবের চূড়ান্ত প্রতিযোগিতা হবে।
ফেনী সদর থেকে এসেছে জান্নাতুল সানজানা। সে ফেনী ক্যাডেট কলেজের দ্বাদশ বর্ষের শিক্ষার্থী। তার মা স্যামনা ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমার মেয়ের ছোটবেলা থেকেই গণিতে খুব আগ্রহ। করোনার ভেতর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। ফলে সহশিক্ষা কার্যক্রমও হয়নি। এ আয়োজনে বাচ্চারা প্রাণ খুলে আনন্দ করছে। বাচ্চাদের নিয়ে এমন আয়োজন আরও হওয়া উচিত।’
উৎসবস্থলে অভিভাবকদের জন্য ছিল পাঠক জরিপের আয়োজন। এ জরিপে ১৩টি প্রশ্নের সঠিক জবাব দিয়ে লটারি করে চার অভিভাবক—বগুড়ার অ্যাপোলো সাহা, কুমিল্লার বদিউল আলম, সিরাজগঞ্জের সালেহা খাতুন ও রংপুরের মনসুর রহমানকে বই উপহার দেওয়া হয়।
বেলা পৌনে ১টার দিকে মধ্যাহ্নভোজের বিরতি দেওয়া হয়। বিকেলের আয়োজনে থাকছে নৃত্য, গণিতের পটগান, রুবিকস কিউবসের (চূড়ান্ত পর্ব)। শেষ ভাগে থাকছে গণিতের প্রশ্ন, গণিতের উত্তর, সম্মাননা ও পুরস্কার বিতরণ।