ক্ষুদ্রঋণের জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষুদ্রঋণ নতুন কোনো বিষয় নয়। ডেভিড রডম্যান তাঁর ‘ডিও ডিলিজেন্স’ বইয়ে ক্ষুদ্রঋণের বিস্তারিত ইতিহাস উল্লেখ করেছেন। তিনি জানিয়েছেন, ১৭০০ সালের শুরুতে জোনাথন সুইফট (‘গালিভার’স ট্রাভেলেস’-এর লেখক) প্রথম হতদরিদ্রদের ক্ষুদ্রঋণ দেওয়া শুরু করেন। যদিও তখন বর্তমানের মতো এতটা জোরালোভাবে শুরু হয়নি।

ধার প্রদানকারী বা মহাজন, অবস্থাপন্ন প্রতিবেশী এবং আত্মীয় ও বন্ধুবান্ধবের মতো প্রাতিষ্ঠানিক স্থানীয় উৎস থেকে স্মরণাতীতকাল থেকে ক্ষুদ্রঋণ দেওয়ার ব্যবস্থা চালু ছিল এবং এ ধরনের লেনদেনের নজির বৈদিক ভারতেও পাওয়া যায়। প্রাতিষ্ঠানিক পল্লিঋণ প্রদানকারী সংস্থার অনুপস্থিতির কারণে অর্থ ধার দেওয়ার এ প্রাচীন রীতি সমগ্র মোগল শাসনামলে প্রচলিত ছিল, এমনকি তা ব্রিটিশ শাসনের প্রথম দিকেও ছিল। সপ্তদশ শতাব্দীর মধ্যভাগে লোন অফিস এবং ব্যাংকের মতো প্রাতিষ্ঠানিক উৎস শুরু হওয়ার আগপর্যন্ত অপ্রাতিষ্ঠানিক ঋণদাতাদের কার্যক্রমের প্রসার অব্যাহত থাকে। তবে প্রাতিষ্ঠানিক উৎসগুলোর সরবরাহের তুলনায় অর্থের জন্য চাহিদা সব সময়ই বেশি থাকত। এর ফলে পল্লি ও নগর, উভয় এলাকার অধিকাংশ দরিদ্র মানুষের সহজে আনুষ্ঠানিক ঋণ পাওয়ার সুযোগ না থাকায় নতুন গড়ে ওঠা প্রাতিষ্ঠানিক ঋণের উৎসগুলো আগের অনানুষ্ঠানিক উৎসগুলোকে সম্পূর্ণ নির্মূল করতে পারেনি।
১৯৮০ থেকে ২০০০ সালের মধ্যে ক্ষুদ্রঋণ বিশ্বব্যাপী জনপ্রিয়তা পায়। ধারণাটি ছিল খুবই সাধারণ। হতদরিদ্র কাউকে কিছু টাকা ঋণ দেওয়া হবে। সে টাকা দিয়ে তারা ছোট কোনো ব্যবসা শুরু করবে এবং ব্যবসা থেকে যখন মুনাফার মুখ দেখবে, তখন তারা সেই টাকা প্রতিষ্ঠানকে ফিরিয়ে দিলে প্রতিষ্ঠান সেই টাকা অন্য কোনো হতদরিদ্র পরিবারকে দেবে।

অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূস এ ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছেন। তাঁর বই ‘ব্যাংকার টু পুওর’-এ বর্ণনা করেছেন, বাংলাদেশের এক নারীর সঙ্গে দেখা হয় তাঁর। তিনি বাঁশ দিয়ে চেয়ার বানান। চেয়ার বিক্রি করে দিনে ২০ টাকা উপার্জন হয় তাঁর। কারণ, যিনি বাঁশ এনে দেন, তাঁকে আয়ের একটা বড় অংশ দিয়ে দিতে হয়। যদি ওই নারী নির্ভর করার মতো কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে ঋণ পান, তাহলে তিনি অবশ্যই স্বনির্ভর হতে পারবেন। তিনি বলেন, প্রত্যেক মানুষই জন্মগতভাবে উদ্যোক্তা। এরই ধারাবাহিকতায় তিনি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন।

মো. সফিকুল হক চৌধুরী
ছবি: সংগৃহীত

ক্ষুদ্রঋণ নিয়ে মুহাম্মদ ইউনূসের পরে আমাদের দেশে এ বিষয়ে কাজ করেন ফজলে হাসান আবেদ ও আশার প্রতিষ্ঠাতা মো. সফিকুল হক চৌধুরী। মো. সফিকুল হক চৌধুরী জন্মগ্রহণ করেন ১৯৪৯ সালে। হবিগঞ্জের চুনারুঘাটের নরপতি গ্রামে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৮ সালে সমাজবিজ্ঞানে বিএ এবং ১৯৬৯ সালে এমএ ডিগ্রি অর্জন করেন। বিসিএস ১৯৭৩ ব্যাচের প্রবেশনারি কর্মকর্তা হিসেবে প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে পরে আর সে চাকরিতে যোগ দেননি।

সফিকুল হক চৌধুরী চাকরিতে যোগ না দিয়ে হতদরিদ্রদের নিয়ে কিছু করার প্রত্যয়ে ১৯৭৮ সালে আশা প্রতিষ্ঠা করেন। ক্ষুদ্রঋণকে তিনি নিয়ে যান অন্য মাত্রায়। তাঁকে নিয়ে বিভিন্ন বিশিষ্টজনের লেখা মিলিয়ে প্রথমা প্রকাশন প্রকাশ করেছে ‘মো. সফিকুল হক চৌধুরী স্মারকগ্রন্থ’।

আরও পড়ুন

এ বইয়ে লিখেছেন মুহাম্মদ ইউনূস, সালেহউদ্দিন আহমেদ, ডা. জাফরুল্লাহ চৌধুরী, আতিউর রহমান, সুখেন্দ্র কুমার সরকার, অধ্যাপক ডালেম চন্দ্র বর্মন, মতিউর রহমান চৌধুরী, অজয় দাশগুপ্ত, ফজলুল কাদেরসহ আরও অনেকেই। মূলত বইয়ের লেখকেরা সফিকুল হক চৌধুরীকে নিয়ে তাঁদের স্মৃতিচারণা করেছেন। পাশাপাশি সফিকুল হক চৌধুরী কীভাবে সফল হয়েছেন, তাঁর পরিশ্রম ও ত্যাগের গল্পই বলেছেন। সফিকুল হক চৌধুরীর মন ছিল বিশাল, প্রতিটি লেখাতেই সেটিই প্রকাশ পেয়েছে।

স্মারকগ্রন্থ যে রকম হয়, এটি অন্যদের থেকে একটু ভিন্ন। কারণ, লেখকেরা সফিকুল হক চৌধুরীকে খুব কাছ থেকে দেখেছেন। তাঁর সঙ্গে আড্ডা দিয়েছেন। অনেকে ভ্রমণেও গিয়েছেন তাঁর সঙ্গে। সেই সব ঘটনাই গ্রন্থিত হয়েছে এ বইয়ে। বইটি পড়লে যেকোনো পাঠকই বুঝতে পারবেন সফিকুল চৌধুরী কেমন মানুষ ছিলেন, কত বড় হৃদয় ছিল তাঁর। পাঠকেরা বইটি পড়ার পর আরও আগ্রহী হয়ে উঠবেন সফিকুল হক চৌধুরীকে জানতে। বুঝতে চাইবেন কীভাবে একজন লোক ক্ষুদ্রঋণ নিয়ে দেশে দেশে ঘুরে বেড়িয়েছেন সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আর একটি বিষয় না বললেই নয়, তিনি কখনো বিদেশি দাতা সংস্থার কাছ থেকে টাকা নেননি। অথচ চাইলেই কোটি কোটি টাকা নিতে পারতেন। তিনি বিষয়টি পছন্দ করতেন না বলে জানিয়েছেন বইয়ের লেখকেরা। তাঁর প্রতি আমাদের শ্রদ্ধা ও ভালোবাসা।

(সূত্র: ডিও ডিলিজেন্স—ডেভিড রডম্যান, ভক্স ডটকম, বাংলাপিডিয়া)

আরও পড়ুন