গুরুতর দগ্ধ সাতজনকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিস্ফোরণে গুরুতর আহত সাতজনকে আজ রোববার সেনাবাহিনীর হেলিকপ্টারে করে চট্টগ্রাম থেকে ঢাকায় আনা হয়
ছবি: আইএসপিআর

চট্টগ্রামের সীতাকুণ্ডের কনটেইনার ডিপোতে বিস্ফোরণে গুরুতর দগ্ধ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের দুই কর্মীসহ সাতজনকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় আনা হয়েছে। তাঁদের মধ্যে দুজন চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে এবং বাকি পাঁচজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

আজ রোববার বিকেল পাঁচটার দিকে সেনাবাহিনীর একটি হেলিকপ্টারে (এয়ার অ্যাম্বুলেন্সে) তাঁদের ঢাকায় আনা হয়। এই সাতজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করার কথা।

এ সম্পর্কিত আরও পড়ুনঃ

ছুটি শেষে কর্মস্থলে যোগ দেওয়ার রাতেই প্রাণ গেল আলাউদ্দিনের

‘পুড়ে যাচ্ছি, মরে যাচ্ছি’ বলতে বলতেই মারা গেলেন মহিউদ্দিন

ভিডিও কলে কথা বলতে বলতে বিস্ফোরণ, সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় সোবহানের

ডিপোতে দাঁড়িয়ে করছিলেন ফেসবুক লাইভ, হঠাৎ বিস্ফোরণে গেল প্রাণ

‘আব্বু কেন যে ডিপোতে গেলেন’

চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে ফায়ার সার্ভিসের ১৫ জন সদস্য ভর্তি ছিলেন। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের ঢাকায় আনা হয়। আর চট্টগ্রাম মেডিকেল থেকে যে পাঁচজনকে আনা হয়েছে, তাঁদের মধ্যে বিএম ডিপোর কর্মকর্তা ও কাভার্ড ভ্যানচালক রয়েছেন।

আজ বেলা দুইটার দিকে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালের হেলিপ্যাড মাঠে গিয়ে দেখা যায়, আহত রোগীদের ঢাকায় নেওয়ার জন্য একটি এয়ার অ্যাম্বুলেন্স অবতরণ করছে। এরপর সাতটি আলাদা অ্যাম্বুলেন্সে করে দগ্ধ রোগীদের আনা হয় সম্মিলিত সামরিক হাসপাতালের হেলিপ্যাডে। বিকেল ৪টা ৫০ মিনিটে আহত ব্যক্তিদের নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেয় সেনাবাহিনীর এয়ার অ্যাম্বুলেন্সটি।

ঢাকায় নিয়ে যাওয়া ফায়ার সার্ভিসের আহত কর্মীরা হলেন গাউসুল আজম (২২) ও রবিন মিয়া (৪৫)। তাঁদের মধ্যে গাউসুল আজমের শরীরের ৮০ শতাংশ এবং রবিনের ৬৪ শতাংশ পুড়ে গেছে।

হেলিকপ্টারে ঢাকায় আনা অন্যরা হলেন বিস্ফোরণ ঘটা সীতাকুণ্ডের বিএম ডিপোর সহকারী ব্যবস্থাপক মাসুম মিয়া (৩২), রিসিভার ফরমানুল ইসলাম, কাভার্ড ভ্যানচালক রবিউল হোসেন রুবেল (৩০), মুহাম্মদ মহিবুল্লাহ (২৫) ও ফারুক হোসেন (২৮)।

হেলিকপ্টারে করে ঢাকায় আনার সময় চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে হেলিপ্যাডে এসেছিলেন কাভার্ড ভ্যানচালক রবিউলের স্ত্রী বিবি মরিয়ম। তিনি প্রথম আলোকে বলেন, ‘গতকাল শনিবার রাতে যখন বিস্ফোরণের খবর শুনি তখন ঘুমে ছিলাম। উঠে খবর পাই স্বামী দগ্ধ হয়ে হাসপাতালে। রাতে গিয়ে চট্টগ্রাম মেডিকেলে দেখি স্বামীর শরীরের বেশির ভাগ ঝলসে গেছে। তাঁর সুস্থতা ছাড়া আমি আর কিছুই চাই না।’