চিৎকার করেও থামাতে পারেননি, ট্রাকটি তাঁদের ওপর দিয়েই গেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ট্রাকচাপায় আহত শিক্ষার্থী রায়হান প্রামাণিক ওরফে রিমেল। বৃহস্পতিবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে
ছবি: প্রথম আলো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) গত মঙ্গলবার রাতে ট্রাকচাপায় বেঁচে যাওয়া শিক্ষার্থী রায়হান প্রামাণিক ওরফে রিমেল হাসপাতালে চিকিৎসাধীন। তিনি এখন অনেকটাই স্বাভাবিক। রায়হান বলছেন, ‘ট্রাক দেখেই আমরা রাস্তার ধারে মোটরসাইকেল থামিয়েছিলাম। ট্রাক আমাদের গা ঘেঁষে আসছে দেখে দুজনেই “হেই” বলে চিৎকার দিই। তবু ট্রাক দাঁড়ায়নি। উল্টো বাম্পার দিয়ে ধাক্কা দেয়। ধাক্কায় আমরা ছিটকে পড়ে যাই। আমার পায়ের ওপর দিয়ে, মাহমুদ হাবিবের মাথার ওপর দিয়ে চাকা চলে যায়। তখন সেখানে আলো কম ছিল। ট্রাকের সামনে অনেকখানি জায়গা ছিল। আরেকটু দূর দিয়ে ঘুরতে পারত ট্রাকটা।’

দুর্ঘটনায় আহত রায়হান প্রামাণিক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলার মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। আজ বৃহস্পতিবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে তাঁর সঙ্গে কথা হয়। তিনি বলেন, একই অনুষদের শিক্ষার্থী হওয়ার কারণে নিহত হাবিবের সঙ্গে তাঁর সখ্য ছিল বেশ। এ ছাড়া পাশাপাশি হলে থাকার কারণে একসঙ্গে চলাফেরা করতেন। তাঁর ডান পায়ের ওপর দিয়ে ট্রাকের চাকা চলে যাওয়ার কারণে জুতা ফেটে পায়ের অনেকখানি মাংস বেরিয়ে গেছে। চিকিৎসকেরা বলছেন, তাঁর পা ঠিক হয়ে যাবে। তবে সময় লাগবে। হাসপাতালে তাঁর বাবা আবদুর রাজ্জাক ও এক চাচাতো বোন পাশে রয়েছেন। তাঁর বাড়ি ফরিদপুরে।

রায়হান এখন স্বাভাবিকভাবে কথা বলতে পারছেন। সেদিনের ঘটনা সম্পর্কে তিনি বলেন, এক ছোট ভাই তাঁর মোটরসাইকেলটি তাঁর কাছে রেখে বাড়ি গেছে। তিনি এবং মাহমুদ হাবিব মোটরসাইকেলটি নিয়ে শহীদ জিয়াউর রহমান হলের সামনের একটা রেস্তোরাঁয় রাতের খাবার খান। এরপর হাবিব বলেন, বুথ থেকে তাঁর টাকা তোলা দরকার। করোনা পরিস্থিতির কারণে বিশ্ববিদ্যালয় স্টেশন বাজারের সব বন্ধ। তাই তাঁরা খাওয়াদাওয়ার পর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের বুথে যাচ্ছিলেন। প্রথম তিনিই মোটরসাইকেলটি চালাচ্ছিলেন। কিন্তু কিছুক্ষণ পরপর বন্ধ হয়ে যাচ্ছিল। তখন মাহমুদ হাবিব চালাতে শুরু করেন।

আরও পড়ুন
মাহমুদ হাবিব

রায়হান বলেন, তাঁরা স্বাভাবিক গতিতে মোটরসাইকেল চালাচ্ছিলেন। বরং ট্রাকটি আসতে দেখে তাঁরা রাস্তার একপাশে মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়েছিলেন। মাঠে ট্রাক ঢোকার জন্য যে রাস্তা বানানো হয়েছে, সেখানে বিদ্যুতের একটি খুঁটি রয়েছে। অন্য খুঁটিগুলোতে বাতি জ্বললেও ওই খুঁটির বাতিটা নিভে ছিল। ফলে জায়গাটা অন্ধকারাচ্ছন্ন ছিল। তাঁরা ধারণা করেছিলেন, তাঁদের সামনে দিয়ে ট্রাকটি অনায়াসে হাতের বাঁ পাশের মাঠে ঢুকতে পারবে। তাঁরা ভাবতেই পারেননি, ট্রাকটি সেখানেই মোড় নেবে। রায়হান বলেন, ‘আমি পেছনে বসা ছিলাম। ট্রাক গা ঘেঁষে ঘুরছে দেখে আমরা দুজনেই “হেই” বলে চিৎকার দিয়ে উঠি। তারা শুনল না। কাছাকাছি জায়গার মধ্যে ঘুরতে গিয়ে বাম্পার দিয়ে ধাক্কা দিল। ধাক্কায় আমরা ছিটকে পড়ে যাই। পড়ে যাওয়ার পরেও আমার জ্ঞান ছিল। আমি মাহমুদকে তুলতে যাচ্ছিলাম। কিন্তু পা বের করতে পারছিলাম না। আমার পায়ের ওপর দিয়ে চাকা গেছে। তিনি বলেন, ওখানে বালু ছিল, তাই আমার পা বালুর ভেতরে পুঁতে গিয়েছিল। তাছাড়া পা সম্পূর্ণ গুঁড়ো হয়ে যেত। তারপরও জুতা ফেটে পায়ের অনেকখানি মাংস বের হয়ে যায়।’

আরও পড়ুন

চিকিৎসার খরচের ব্যাপারে জানতে চাইলে রায়হান বলেন, প্রথম দিন হাসপাতালে আসার পর ছাত্র উপদেষ্টা স্যার এসেছিলেন। সেদিনের সব খরচ বিশ্ববিদ্যালয় থেকেই বহন করা হয়েছে। পরে উপাচার্য স্যারসহ অন্য স্যাররা এসেছিলেন। উপাচার্য স্যার বলে গেছেন, চিকিৎসার যা খরচ হয়, বিশ্ববিদ্যালয় থেকে বহন করা হবে।