নতুন চাল এলেও কমেনি দাম

আমন ধানের নতুন চাল বাজারে। মোটা চালের দাম পাইকারিতে সামান্য কমলেও খুচরায় প্রভাব নেই।

  • বাজারে চাল ছাড়া আটা, ময়দা, ডাল, চিনি, সয়াবিনসহ অন্যান্য নিত্যপণ্যের দামও চড়া।

  • বাজারে সবজির দাম কিছুটা কমেছে। মুরগির মাংস ও ডিমের দামও একটু কমতির দিকে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাল
ছবি: প্রথম আলো

নভেম্বর মাসের শেষে বাজারে আসতে শুরু করে আমন ধানের চাল। তাতে ডিসেম্বরের শুরুর এই সময়ে বাজারে চালের দাম কমতে শুরু করে। কিন্তু এবার সেই লক্ষণ তেমন নেই। এখনো ক্রেতাদের বাড়তি দামেই চাল কিনতে হচ্ছে। এর মধ্যে মোটা চালের দাম পাইকারিতে সামান্য কমতির দিকে।

বাজার স্থিতিশীল রাখতে সরকারি চেষ্টা অব্যাহত আছে। জাতীয় রাজস্ব বোর্ড নতুন করে আগামী ৩১ মার্চ পর্যন্ত চাল আমদানিতে শুল্ক প্রত্যাহার করেছে।

গতকাল বৃহস্পতিবার রাজধানীর মালিবাগ ও মহাখালী বাজার ঘুরে এবং খুচরা ও পাইকারি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আমনের মৌসুম শুরু হলেও বাজারে চালের দামে কোনো প্রভাব পড়েনি। গত কয়েক মাসে চালের দাম দফায় দফায় বেড়েছে। খুচরা বাজারে এখনো মোটা চালের কেজি ৫০ টাকার আশপাশে। সব ধরনের চাল উচ্চ মূল্যে এসে স্থিতিশীল হয়ে গেছে। তাতে সাধারণ মানুষের কষ্ট কমছে না।

চালের বাজারে বড় কোনো পরিবর্তন নেই। সরবরাহের সংকটও নেই। অবশ্য আমন ধানের মোটা চালের দাম একটু কমতির দিকে। বিআর–২৮, মিনিকেট ও নাজিরশাইলের মতো চালের দাম কমেনি।
আবদুস সালাম, পাইকারি চালের বাজার মোহাম্মদপুর কৃষি মার্কেটের সালাম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী
আরও পড়ুন

বাজারে চাল ছাড়া আটা, ময়দা, ডাল, চিনি, সয়াবিনসহ অন্যান্য নিত্যপণ্যের দামও চড়া। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর থেকে বছরব্যাপী নিত্যপণ্যের বাজার ছিল অস্থিতিশীল। এর মধ্যে আগস্ট মাসে মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৫২ শতাংশ, যা ১১ বছর ৩ মাসের মধ্যে সর্বোচ্চ। অবশ্য নভেম্বরে সার্বিক মূল্যস্ফীতি কিছুটা কমে ৮ দশমিক ৮৫ শতাংশে এসেছে। তবে বাজারে এখনো স্বস্তি নেই।

রাজধানীর মালিবাগ ও মহাখালী বাজারে গতকাল খুচরায় প্রতি কেজি মোটা চাল—গুটি স্বর্ণা বিক্রি হয়েছে ৫০ টাকার আশপাশে। আর পাইজাম বিক্রি হচ্ছে প্রতি কেজি ৫৫ টাকায়। মাঝারি মানের বিআর–২৮ দুই পদের মধ্যে একটি প্রতি কেজি ৬০–৬২ টাকায় বিক্রি হচ্ছে। আরেকটি বিক্রি হচ্ছে ৫৬–৫৮ টাকায়।

এদিকে বাজারে জনপ্রিয় মিনিকেট চাল মিলছে প্রতি কেজি ৬৫ থেকে ৭৫ টাকার মধ্যে। উচ্চমানের নাজিরশাইল চাল মানভেদে পাওয়া যাচ্ছে প্রতি কেজি ৭৪ থেকে ৮৫ টাকায়। তবে বাজারে এর চেয়ে আরও উচ্চ মূলে৵র চাল রয়েছে। বিভিন্ন কোম্পানি প্যাকেটজাত যেসব চাল বিক্রি করে, তা প্রতি কেজি ১০০ টাকার আশপাশে বিক্রি হচ্ছে।

আরও পড়ুন

পাইকারি চালের বাজার মোহাম্মদপুর কৃষি মার্কেটের সালাম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আবদুস সালাম প্রথম আলোকে বলেন, চালের বাজারে বড় কোনো পরিবর্তন নেই। সরবরাহের সংকটও নেই। অবশ্য আমন ধানের মোটা চালের দাম একটু কমতির দিকে। বিআর–২৮, মিনিকেট ও নাজিরশাইলের মতো চালের দাম কমেনি।

গতকাল দুপুরে মহাখালী বাজারে চাল কিনতে আসা মো. দ্বীন আলী প্রথম আলোকে বলেন, ‘একটা সময়ে যে দামে মিনিকেট চাল কিনতাম, এখন প্রায় সেই দামে বিআর–২৮ চাল কিনতে হয়। তাতে খরচ বাঁচাতে মিনিকেটের পরিবর্তে বিআর–২৮ চাল খাচ্ছি।’

এদিকে বাজার নিয়ন্ত্রণে চাল আমদানিতে শুল্ক আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত প্রত্যাহার করেছে সরকার।

নিয়ন্ত্রণমূলক শুল্কও ২৫ শতাংশের পরিবর্তে দিতে হবে ৫ শতাংশ। সাম্প্রতিক সময়ে সরকারিভাবে চাল আমদানি করা হয়েছে প্রায় চার লাখ টন। আর বেসরকারিভাবে আমদানি হয়েছে ৩ লাখ ৬৫ হাজার টন।

সরকার স্থানীয় বাজার থেকে আরও পাঁচ লাখ টন চাল কেনার প্রক্রিয়া চলমান রেখেছে বলে খাদ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে।

বাজারে সবজির সরবরাহ ভালো। তাতে দাম কিছুটা কমেছে। মুরগির মাংস ও ডিমের দামও একটু কমতির দিকে। তবে আটা, ময়দা, ডাল ও সয়াবিনের দাম বাড়তি।