রাজস্ব খাতের সংস্কারের বিষয়ে আমরা সবাই একমত। আমরা জানি কোথায় সমস্যা আছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলও (আইএমএফ) রাজস্ব খাতের সার্বিক সংস্কারের কথা বলেছে। এ খাতের সংস্কারের মূল লক্ষ্য রাজস্ব আদায় বাড়ানো। এ জন্য দুটি উপায় আছে।
একটি হলো করহার বাড়ানো; অপরটি হলো করজাল সম্প্রসারণ করা। এসব বিষয়ে কোনো সংস্কার আনতে গেলে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের মতো প্রভাবশালী ব্যবসায়ীদের দিক থেকে বাধা আসে। তাঁরা বলেন, আমরা প্রস্তুত নই; এখন এই সংকট চলছে, ওই সংকট চলছে। এটা শুনে শুনে আমরা অভ্যস্ত হয়ে গেছি। ভ্যাট আইন চালুর সময়ও এমন কথা শুনেছি।
আমাদের করপোরেট কর এমনিতেই বেশি। এটি আর বাড়ানোর সুযোগ নেই। আমদানি পর্যায়ে করহার দক্ষিণ এশিয়া, এমনকি বৈশ্বিক প্রেক্ষাপটেও বেশি। স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বের হলে আমদানি পর্যায়ে শুল্ক-কর কমাতে হবে। এখানেও করহার বাড়ানোর সুযোগ নেই। ভ্যাটের ক্ষেত্রে বেশির ভাগ সেবা ও পণ্যে ১৫ শতাংশ ভ্যাট বসে। ফলে ভ্যাট হার বৃদ্ধি করা কঠিন।
করের ভিত্তি সম্প্রসারণের অনেক চেষ্টা করা হয়েছে। জেলা-উপজেলা পর্যায়ে অনেকের কর দেওয়ার সক্ষমতা আছে। কিন্তু তাঁরা করজালে আসেন না। আবার টিআইএন কিংবা বিআইএন নিয়েও সবাই রিটার্ন জমা দেন না। এমন অবস্থায় লোকদেখানো করদাতার সংখ্যা না বাড়িয়ে যাঁরা রিটার্ন দেন না, তাঁদের কাছ থেকে কর আদায়ের উদ্যোগ নেওয়া উচিত।
তাই করহার ও কর জাল সম্প্রসারণের চেয়ে কর ফাঁকি বন্ধের দিকে বেশি মনযোগী হতে হবে। যেমন এইচএস কোডের ভিন্নতার সুযোগ নিয়ে একই পণ্য কম করহারে খালাস হচ্ছে। এতে সহায়তা করেন একশ্রেণির অসাধু কর কর্মকর্তা। এ জন্য অবশ্য আমদানিকারকদের অর্থ খরচ করতে হয়। এভাবে রাজস্ব খাতে কর ফাঁকির বিষয়টি এখন ‘তেভাগা’ব্যবস্থার মতো হয়ে গেছে।
কর কমিয়ে দেওয়ার জন্য কর কর্মকর্তারা পান এক ভাগ। কর কমার ফলে কিছু অর্থ সাশ্রয় করতে পেরে করদাতা পান এক ভাগ। আর বাকি এক ভাগ সরকারের। তাই শুল্ক-করসংক্রান্ত আইনের ফাঁকফোকরগুলো বন্ধ করতে হবে। আইনি সংস্কার প্রয়োজন। এতে কর কর্মকর্তাদের স্বেচ্ছাচারী ক্ষমতা কমে যাবে।
কর প্রশাসনকে করদাতাবান্ধব করতে হবে। করদাতার সঙ্গে কর কর্মকর্তার দেখাদেখি বন্ধ করতে অটোমেশনে জোর দিতে হবে। তাহলে ‘তেভাগা’ কমে যাবে। অটোমেশনের পাশাপাশি কর কর্মকর্তাদের মানসিকতারও পরিবর্তন আনতে হবে।
প্রতিবছর গড়ে আড়াই লাখ কোটি টাকার কর অব্যাহতি দিতে হয়। শিগগিরই এ ধরনের কর অব্যাহতি পুরোপুরি তুলে নেওয়া কঠিন। কারণ, কিছু কিছু খাতে কর অব্যাহতির শক্তিশালী অর্থনৈতিক যুক্তি আছে। তাই এখন একটি বিশ্লেষণ হওয়া দরকার, কোন কোন খাতের কর অব্যাহতি অর্থনীতিতে কত অবদান রাখছে। যেসব কর অব্যাহতির ফলে অর্থনীততে সুফল মিলছে না, সেগুলো বাদ দেওয়া উচিত।
বর্তমান কর প্রশাসনই শুল্ক-করসংক্রান্ত আইন প্রণয়ন করে। যারা কর আদায় করে, তারা যদি আইন প্রণয়ন করে, তাহলে স্বার্থের সংঘাত তৈরি হয়। এভাবে কর প্রশাসনের দক্ষতা আশা করা যায় না। এ জন্য দুটি আলাদা সংস্থা করা জরুরি।
জাহিদ হোসেন, সাবেক মুখ্য অর্থনীতিবিদ, বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়