ইসলামী ব্যাংকের অতিরিক্ত এমডির পদত্যাগ, এসেছেন নতুন ডিএমডি
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের একজন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) পদত্যাগ করেছেন। ওমর ফারুক খান ব্যাংকটির আন্তর্জাতিক ব্যাংকিং বিভাগের প্রধান ছিলেন। তাঁর পদত্যাগের পর ব্যাংকটির ডিএমডি আলতাফ হোসেনকে এএমডি হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। নতুন ডিএমডি হয়েছেন আকিজ উদ্দিন, যিনি এর আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের ব্যক্তিগত সচিব ছিলেন।
ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় আজ বুধবার এসব সিদ্ধান্ত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ব্যাংকটির চেয়ারম্যান নাজমুল হাসান। সভায় ব্যাংকটির মনোনীত ও স্বতন্ত্র পরিচালকেরা অংশ নেন। ২০১৭ সালে মালিকানা পরিবর্তনের পর ইসলামী ব্যাংকের প্রায় সব সদস্য চট্টগ্রামের একটি গ্রুপের মালিকানাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি।
ব্যাংকটি বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, পদত্যাগ করা ওমর ফারুক খান ব্যাংকটির চুক্তিভিত্তিক কর্মকর্তা ছিলেন। তবে তাঁর মেয়াদ শেষ হতে আরও প্রায় ছয় মাস বাকি ছিল। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের কাছে যে জমি ইসলামী ব্যাংক বিক্রি করেছিল, ব্যাংকের পক্ষে ওমর ফারুক খান তার দলিল গভর্নর আবদুর রউফ তালুকদারের কাছে হস্তান্তর করেছিলেন। এ ছাড়া আন্তর্জাতিক ব্যবসা দেখভালের কারণে আমদানি, রপ্তানি, প্রবাসী আয় সংগ্রহ তাঁর কাজের অংশ ছিল।
ব্যাংকটির বিভিন্ন সূত্রে জানা গেছে, নানা কারণে মালিকপক্ষ ওমর ফারুক খানের ওপর সন্তষ্ট ছিল না। এর পরিপ্রেক্ষিতে তিনি পদত্যাগপত্র জমা দেন। ব্যাংকটির পরিচালনা পর্ষদ এই পদত্যাগপত্র কোনো আপত্তি ছাড়াই অনুমোদন করেন।
আজকের সভাতেই ব্যাংকটির ডিএমডি আলতাফ হোসেনকে এএমডি হিসেবে পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত হয়। পাশাপাশি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আকিজ উদ্দিনকে ডিএমডি হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের ব্যক্তিগত সচিব ছিলেন।
এ নিয়ে জানতে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক মো. মুনিরুল মাওলাকে ফোন করে এবং খুদে বার্তা পাঠিয়েও কোন সাড়া মেলেনি। ব্যাংকটির জনসংযোগ বিভাগও এ নিয়ে বক্তব্য দিতে রাজি হয়নি।
তবে ব্যাংকটির দুজন পরিচালক নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, পর্ষদে এমন আলোচ্যসূচি এসেছে এবং সবাই এতে সম্মতি দিয়েছেন। কেউ এসব বিষয়ে আপত্তি তোলেননি।
ঋণ অনিয়মের কারণে কয়েক মাস ধরে আলোচনায় আছে ইসলামী ব্যাংক। এ কারণে ব্যাংকটি তারল্য–সংকটেও পড়েছে। কেন্দ্রীয় ব্যাংকে চাহিদামতো টাকা রাখতে না পারায় বড় অঙ্কের জরিমানাও হয়েছে।