বিশ্বকাপে প্রত্যাশার চেয়ে পর্যটক কম কাতারে
গত কয়েক বছরে মধ্যপ্রাচ্যের দেশ কাতার বিশ্বের উচ্চবিত্ত পর্যটকদের জন্য আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠেছে। তারা আশা করেছিল, চলতি ফুটবল বিশ্বকাপেও বিপুলসংখ্যক পর্যটক আসবেন সে দেশে। কিন্তু তাদের সেই আশার গুড়ে বালি।
কাতার ধারণা করেছিল, বিশ্বকাপ চলাকালে অন্তত ১২ লাখ বিদেশি পর্যটক খেলা দেখতে আসবেন। কিন্তু বিশ্বকাপের প্রথম দুই সপ্তাহে এখন পর্যন্ত ৭ লাখ ৬৫ হাজার পর্যটক এসেছেন। দ্বিতীয় রাউন্ডের খেলা ইতিমধ্যে শেষ। আর মাত্র আটটি দেশ এখন টিকে আছে। খেলা বাকি কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল। ফলে এখন আর নতুন করে খুব বেশি পর্যটক সে দেশে আসবেন না বলেই ধারণা করছে কাতার সরকার।
দেশটির সুপ্রিম কমিটি ফর ডেলিভারি অ্যান্ড লিগ্যাসির (এসসি) প্রতিবেদনের সূত্রে রয়টার্স এ খবর দিয়েছে। কমিটির ভাষ্য, ২৪-২৮ নভেম্বর ছিল এই প্রতিযোগিতার সেরা সময়। তখন ৩২টি দলই একসঙ্গে খেলছিল। ফলে ওই সময় সবচেয়ে বেশি পর্যটক এসেছিলেন সেখানে। তথ্যানুসারে, বিশ্বকাপ ফুটবলের প্রথম ৫২ ম্যাচে মোট ২৬ লাখ ৫০ হাজার দর্শক খেলা দেখেছেন। তবে এই সংখ্যা ২০১৮ সালে রাশিয়ার বিশ্বকাপের সমসংখ্যক ম্যাচের চেয়ে বেশি।
কমিটির তথ্যানুসারে, পুরো প্রতিযোগিতার জন্য ৩০ লাখ ৯ হাজার টিকিট বিক্রি হয়েছে এবং এসব টিকিট কিনেছেন ১৩ লাখ ৩০ হাজার মানুষ। প্রত্যাশার চেয়ে দর্শক কম হওয়ায় কাতারে এখন চাহিদার চেয়ে হোটেলের আসনসংখ্যা বেশি হয়ে গেছে।
সামগ্রিকভাবে এই বিশ্বকাপ ফুটবল আয়োজন করে কাতার খুব একটা লাভবান হবে না বলেই দ্য ইকোনমিস্টের সাম্প্রতিক এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আর এটি ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল বিশ্বকাপ—মোট ৩০ হাজার কোটি ডলার ব্যয় হচ্ছে এই আয়োজনে।
দ্য ইকোনমিস্টের তথ্য অনুযায়ী, বিশ্বকাপ ফুটবল আয়োজনের বদৌলতে কাতারের অর্থনীতিতে ১ হাজার ৭০০ কোটি ডলারের মতো যুক্ত হবে। দেশটি এ আয়োজনে যে খরচ করেছে, তার সিংহভাগ ব্যয় হয়েছে অবকাঠামো নির্মাণে, যার আবার বড় অংশই খরচ হয়েছে মেট্রো নেটওয়ার্ক তৈরিতে। বিশ্বকাপের খেলা দেখতে ১৫ লাখ মানুষ এক শহর থেকে আরেক শহরে যাবেন। তাঁদের যাতায়াত সহজ করতে এই মেট্রো ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। তবে আয়োজকেরা বলছেন, এসব অবকাঠামো শুধু বিশ্বকাপের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এগুলো বিশ্বকাপ শেষেও কাজে লাগবে। আর বড় ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের ইতিহাসে দেখা যায়, এ ধরনের বড় আয়োজনে খাজনার চেয়ে বাজনাই বেশি হয়ে যায়।