দেশে প্রবাসী আয় কমেছে, রিজার্ভ নিয়ে চিন্তায় ভারত

চলতি সপ্তাহে পণ্য রপ্তানিতে সুখবর মিলেছে। সংকটের মধ্যেও রপ্তানি বেড়েছে। চলতি বছর এখন পর্যন্ত পণ্য রপ্তানিতে সাড়ে ৯ শতাংশ প্রবৃদ্ধি রয়েছে। তবে বৈদেশিক মুদ্রা আয়ের আরেক বড় উৎস প্রবাসী আয় কমে যাওয়ার খবরও মিলেছে। যদিও নিত্যপণ্যের বাজারে স্বস্তি আসেনি। গম আমদানি নিয়েও নতুন করে দুশ্চিন্তা তৈরি হয়েছে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর কমবেশি সব দেশই জ্বালানি তেল আমদানি নিয়ে সংকটে আছে। এদিকে ভারত বেশ সুবিধাজনক অবস্থায়ই আছে। রাশিয়া থেকে প্রতি মাসেই তেল কেনা বাড়াচ্ছে ভারত। তারপরও দুশ্চিন্তা পিছু ছাড়ছে না ভারতকে। রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ১১ সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে চলতি সপ্তাহে। এদিকে করোনার ঝড় শেষে ইতিবাচক ধারায় ফিরতে শুরু করেছে চীনের অর্থনীতি। দেশটির এক সূচকে দেখা গেছে, ফেব্রুয়ারি মাসে দেশটির কারখানা পর্যায়ে উৎপাদন কার্যক্রম গত এক দশকের মধ্যে সবচেয়ে বেশি হারে বেড়েছে।

চলতি সপ্তাহে (গত শনিবার থেকে আজ শুক্রবার) দেশে-বিদেশে অর্থনীতির এমন অনেক ঘটনা ঘটেছে। তার মধ্য থেকে আলোচিত ১০টি খবর নিয়েই থাকছে এই আয়োজন। কয়েক মিনিটের মধ্যেই চোখ বুলিয়ে নিতে পারেন—

১

বিদ্যুতের দাম বাড়ল ৫ শতাংশ

আগের দুই মাসের ধারাবাহিকতায় চলতি মার্চে টানা তিনবারের মতো বিদ্যুতের দাম ৫ শতাংশ বেড়েছে। গত বুধবার মূল্যবৃদ্ধি এই ঘোষণা দেয় বিদ্যুৎ বিভাগ। তাতে বিদ্যুৎনির্ভর শিল্পকারখানায় পণ্যের উৎপাদন খরচ আরেক দফা বাড়বে। এতে করে অনেক পণ্যই আগের চেয়ে বেশি দামে কিনতে হবে ভোক্তাদের।

বিস্তারিত

২

রপ্তানি বেড়েছে, কমছে প্রবাসী আয়

চলমান বৈশ্বিক অস্থিরতার মধ্যেও চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) ৩ হাজার ৭০৮ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে। এই রপ্তানি গত অর্থবছরের একই সময়ের তুলনায় ৯ দশমিক ৫৬ শতাংশ বেশি। যদিও চলতি বছরের জানুয়ারির তুলনায় ফেব্রুয়ারিতে প্রবাসী আয় ২০ শতাংশ কমেছে। ফেব্রুয়ারিতে ১৫৬ কোটি ১২ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয় দেশে এসেছে।

বিস্তারিত

৩

ডলারে আরও ১ টাকা বাড়তি

রপ্তানি আয়ের ক্ষেত্রে ডলারের দাম আবারও ১ টাকা বাড়ানো হয়েছে। গত বুধবার থেকে রপ্তানিকারকেরা রপ্তানি আয়ের ক্ষেত্রে প্রতি ডলারের দাম পাচ্ছেন ১০৪ টাকা। তার আগে রপ্তানিকারকেরা প্রতি ডলারের বিপরীতে পেতেন ১০৩ টাকা।

বিস্তারিত

৪

বিদ্যুৎ উৎপাদনে যত খুশি ঋণ

দেশের বিদ্যুৎ উৎপাদনের প্রয়োজনীয় অর্থ সরবরাহ নিশ্চিত করতে জ্বালানি তেলসহ অন্যান্য কাঁচামাল আমদানিতে ঋণের সীমা তুলে নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী, কোনো ব্যাংক তার মূলধনের ২৫ শতাংশের বেশি ঋণ কোনো প্রতিষ্ঠানকে দিতে পারে না। তবে বাংলাদেশ ব্যাংকের গত বৃহস্পতিবারের প্রজ্ঞাপন অনুযায়ী, বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর জন্য এ সীমা চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত তুলে নেওয়া হয়েছে।

বিস্তারিত

৫

বাজারে সস্তা মাছের দামও চড়া

বাজারে মুরগি, গরু, খাসিসহ সব ধরনের মাংসের দাম মাসখানেক ধরে চড়ে আছে। দেড় মাস আগেও বাজারে ব্রয়লার মুরগির দাম ছিল ১৪০-১৫০ টাকা। সেই দাম এখন বেড়ে হয়েছে ২৩০ থেকে ২৪০ টাকা। হঠাৎ ব্রয়লার মুরগির দাম বেড়ে যাওয়ায় নিম্নমধ্যবিত্ত ও মধ্যবিত্তদের অনেকে মুরগির চেয়ে সস্তা দামের মাছের প্রতি ঝুঁকেছিলেন। তাঁদের জন্য দুঃসংবাদ—বাজারের সস্তা মাছ হিসেবে পরিচিত তেলাপিয়া ও পাঙাশের দামও চড়েছে নতুন করে। ঢাকার একাধিক বাজারে তেলাপিয়া ও পাঙাশ মাছের দাম এখন প্রতি কেজি ২২০ থেকে ২৫০ টাকা।

বিস্তারিত

৬

চিনিতে শুল্ক হ্রাস

পবিত্র রমজান মাসকে সামনে রেখে চিনির বাজারে অস্থিরতা কমাতে আমদানি পর্যায়ে ৫ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক কমিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ ছাড়া প্রতি টন অপরিশোধিত চিনি আমদানিতে ৩ হাজার টাকা এবং পরিশোধিত চিনিতে ৬ হাজার টাকা আমদানি শুল্ক প্রত্যাহার করেছে সংস্থাটি। বাণিজ্য মন্ত্রণালয়ের অনুরোধে এনবিআর এই শুল্ক কমালেও ব্যবসায়ীরা বলছেন, হ্রাসকৃত শুল্কে চিনি এলে কেজিতে ৫ থেকে সাড়ে ৫ টাকা পর্যন্ত দাম কমতে পারে। ব্যবসায়ীদের এ কথা সত্য হলেও চিনির কেজি ১০০ টাকার ওপরই থাকবে।

বিস্তারিত

৭

টুইটারে চলছে ছাঁটাই

খুদে ব্লগ লেখার সাইট টুইটারের মালিকানা ইলন মাস্কের হাতে যাওয়ার পর থেকে চরম অস্থিরতা বিরাজ করছে সেখানে। বলা যায়, যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাতে যে ছাঁটাইয়ের মচ্ছব চলছে, তা শুরু হয়েছে মাস্কের হাত ধরেই। সে ধারাবাহিকতায় আরও ১০ শতাংশ কর্মী ছাঁটাই করেছে টুইটার। মাস্কের প্রতিষ্ঠান টুইটারে এবার অন্তত ২০০ কর্মী ছাঁটাই করা হয়েছে। এবার কোপটা পড়েছে পণ্য ব্যবস্থাপক, ডেটাবিজ্ঞানী ও প্রকৌশলীদের ওপর।

বিস্তারিত

৮

চীনে শিল্পোৎপাদনে রেকর্ড

ইতিবাচক ধারায় ফিরতে শুরু করেছে চীনের অর্থনীতি। দেশটির এক সূচকে দেখা গেছে, ফেব্রুয়ারি মাসে দেশটির কারখানা পর্যায়ে উৎপাদন কার্যক্রম গত এক দশকের মধ্যে সবচেয়ে বেশি হারে বেড়েছে। গত বছরের শেষ দিকে গণবিক্ষোভের মুখে করোনাভাইরাসবিষয়ক বিধিনিষেধ তুলে নেওয়ার কারণে উৎপাদনে এতটা গতি এসেছে।

বিস্তারিত

৯

ভারতের রিজার্ভ ১১ সপ্তাহের মধ্যে সর্বনিম্ন

বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে শুধু বাংলাদেশ নয়, ভারতও চিন্তার মধ্যে আছে। রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ১১ সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। এ নিয়ে টানা তৃতীয় সপ্তাহ রিজার্ভ কমল। ১৭ ফেব্রুয়ারি শেষ হওয়া সপ্তাহে তাদের রিজার্ভ ৫ দশমিক ৭ বিলিয়ন বা ৫৭০ কোটি ডলার কমে ৫৬১ দশমিক ২৭ বিলিয়ন বা ৫৬ হাজার ১২৭ কোটি ডলারে নেমে এসেছে।

বিস্তারিত

১০

ধনীদের তালিকায় ফিরছেন আদানি

হিনডেনবার্গ রিসার্চের প্রতিবেদন প্রকাশের পর আদানি গোষ্ঠীর রক্তক্ষরণ চলছেই। গত এক মাসে আদানি গোষ্ঠীর বাজার মূলধন ১৪ হাজার কোটি ডলারের বেশি কমে যায়। তারপরও গত মঙ্গলবার গৌতম আদানির সম্পদমূল্য ১৭০ কোটি ডলার বাড়ে। এতে করে ফোর্বস ম্যাগাজিনের ধনীদের তালিকায় ৩৪তম স্থানে উঠে এসেছেন তিনি। আগের দিন তাঁর অবস্থান ছিল ৪০তম। অথচ হিনডেনবার্গ প্রতিবেদনের আগে বিশ্বের শীর্ষ ধনীর তালিকায় চতুর্থ অবস্থানে ছিলেন আদানি।

বিস্তারিত