দেশে বিনিয়োগ করে এখন মামলার আসামি যুক্তরাষ্ট্র প্রবাসী ব্যবসায়ী

মাসুদুর রহমান খান বন্ধুদের নিয়ে একটি কোম্পানি গঠন করে এই ট্রপিক্যাল ডেইজি নামের হোটেল পরিচালনার দায়িত্ব নিয়েছিলেন। সম্প্রতি ঢাকার গুলশানেছবি: খালেদ সরকার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের অরেগন অঙ্গরাজ্যের পোর্টল্যান্ড শহরে ভালোই ছিলেন প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী মাসুদুর রহমান খান। সেই দেশে ১২টি হোটেল গড়ে তুলেছেন তিনি। হোটেল ব্যবসায় সফলতার স্বীকৃতি হিসেবে যুক্তরাষ্ট্রে ২০১৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত সাতটি পুরস্কারও পেয়েছেন। কিন্তু দেশে বিনিয়োগ করতে এসে বিপাকে পড়েছেন তিনি।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে যন্ত্রকৌশলে স্নাতকোত্তর ডিগ্রি শেষে ২০০০ সালে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন মাসুদুর রহমান খান। সেখানে ইউনিভার্সিটি অব টেক্সাস থেকে একই বিষয়ে আবার স্নাতকোত্তর ডিগ্রি নেন। এরপর বিভিন্ন কোম্পানিতে চাকরি করে ২০০৯ সালে হোটেলের ব্যবসায় নামেন।

যুক্তরাষ্ট্রে হোটেল ব্যবসায় সাফল্যের পর মাসুদুর রহমান খান দেশে হোটেল ব্যবসায় বিনিয়োগে এগিয়ে আসেন। এ জন্য বন্ধুদের নিয়ে একটি কোম্পানি গঠন করে ঢাকার গুলশানে ট্রপিক্যাল ডেইজি নামের একটি হোটেল পরিচালনার দায়িত্ব নেন।

আরও পড়ুন

মাসুদুর রহমান খান প্রথম আলোকে জানান, ২০১৬ সালে যুক্তরাষ্ট্রে ‘হোটেল অব দ্য ইয়ার’ পদক পাওয়ার পর ঢাকার গুলশানের এম ফরিদ আহমেদ নামের এক ব্যক্তি তাঁর সঙ্গে যোগাযোগ করেন। ওই ব্যক্তি জানান, গুলশানে তাঁর একটি হোটেল আছে, যা তিনি চালাতে পারছেন না। মাসুদুর রহমান খান চাইলে সেখানে বিনিয়োগ করতে পারেন।

এ প্রস্তাবে সায় দেন মাসুদুর রহমান খান—বিনিয়োগের সিদ্ধান্ত নেন। গঠন করেন লাইফস্টাইল হোটেল বিডি লিমিটেড নামের একটি কোম্পানি। ১০ বছরের ইজারা নিয়ে দুই দফায় বিনিয়োগ করেন সাড়ে ৪ কোটি টাকা।

সেই বিনিয়োগ এখন তাঁর জন্য ‘কাল’ হয়ে দাঁড়িয়েছে বলে দাবি মাসুদুর রহমান খানের। তিনি বলেন, একদিন হঠাৎ ফরিদ আহমেদের নেতৃত্বাধীন একটি সন্ত্রাসী দল হোটেল পরিচালনার দায়িত্বে থাকা সব কর্মচারীকে বের করে দেয়।

হোটেল ফিরে পেতে মাসুদুর রহমান খান মামলা করেছেন—নিজেও হয়েছেন মামলার আসামি। যুক্তরাষ্ট্র থেকে এসে ঢাকার আদালতের বারান্দায় বারান্দায় ঘুরতে হচ্ছে তাঁকে। দিনের পর দিন মামলায় হাজিরা দিচ্ছেন।

ইজারা চুক্তি ছিল ১০ বছরের
ট্রপিক্যাল ডেইজি হোটেল চলছিল লাইফস্টাইল হোটেল বিডি লিমিটেডের আওতায়। কোম্পানিটির অন্য পরিচালকেরা হলেন যুক্তরাষ্ট্রপ্রবাসী সাজ্জাদুর রহমান ও সাজিদুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক শাহেদ এজাজ। হোটেলের ঠিকানা: বাড়ি ৩১ /বি, রোড ৩৫/এ, গুলশান-২। ২০১৮ সালের ২৬ জুলাই ছাদসহ ভবনের দ্বিতীয় থেকে ষষ্ঠ তলা পর্যন্ত ব্যবহারের জন্য ইজারা চুক্তি হয় এম ফরিদ আহমেদের সঙ্গে। চুক্তি অনুযায়ী, জামানত ২ কোটি টাকা আর মাসিক ভাড়া ১২ লাখ টাকা নির্ধারণ করা হয়।

পরবর্তীকালে এই প্লট বাণিজ্যিক খাতে রূপান্তর করতে আরও আড়াই কোটি টাকা নেন ফরিদ আহমেদ।  ইজারা নেওয়ার পর হোটেলের উপযোগী করে ভবনটি সাজায় মাসুদুর রহমান খানের কোম্পানি। ২০১৯ সালের ১৭ জানুয়ারি উদ্বোধন হয় এই হোটেলের। সবকিছু ভালোই চলছিল। এম ফরিদ আহমেদকে প্রতি মাসে নিয়মিত ভাড়াও দিয়ে আসছিল ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।

কিন্তু ২০২০ সালের মার্চ মাসে করোনা শুরু হলে সারা দেশে হোটেল ব্যবসায় ধস নামে। ট্রপিক্যাল ডেইজি হোটেলের ব্যবসাও ক্ষতিগ্রস্ত হয়। তারপরও ২০২১ সালের এপ্রিল পর্যন্ত ভাড়া দিয়ে যায় ট্রপিক্যাল ডেইজি হোটেলের কর্তৃপক্ষ। কিন্তু করোনার দ্বিতীয় ঢেউ শুরু হলে ভাড়া দিতে পারছিল না তারা।

আরও পড়ুন

ইজারা চুক্তির ১৩ নম্বর ধারায় ফোর্স ম্যাজিউরের কথা বলা আছে। ফোর্স ম্যাজিউর হচ্ছে অপ্রত্যাশিত ঘটনা, যা চুক্তি থেকে একটি পক্ষকে অব্যাহতি দিতে পারে। এ ধারা অনুযায়ী ভাড়া কিছুটা বিবেচনা করার দাবি জানান মাসুদুর রহমান খান। কিন্তু এম ফরিদ আহমেদ তাতে রাজি হননি।

১৭ ডিসেম্বর প্রথম আলোর পক্ষ থেকে ট্রপিক্যাল ডেইজি হোটেলে যাওয়া হয়। তখন এম ফরিদ আহমেদ বলেন, হঠাৎ ভাড়া দেওয়া বন্ধ করে দেওয়ায় তাঁর অসুবিধা হচ্ছিল; ব্যাংকের কিস্তি পরিশোধ করতে পারছিলেন না। দুই কোটি টাকা জামানত নির্দিষ্ট সময়েই তিনি ফেরত দিয়েছেন। ১৪ মাসের ভাড়ার যে টাকা বাকি আছে, তা জমা অবশিষ্ট আড়াই কোটি টাকা থেকে কেটে রাখা হয়েছে।

যেভাবে মামলায় গড়াল
মাসুদুর রহমান খানেরা সমঝোতার মাধ্যমে ভাড়া কমানোর প্রস্তাব দিলে রাজি হননি এম ফরিদ আহমেদ। অথচ ইজারা চুক্তির ২৪ নম্বর শর্তে সমঝোতার ভিত্তিতে বিরোধ সমাধানের কথা বলা আছে। মাসুদুর রহমান খান তখন ঢাকা জেলা জজ আদালতে সালিসকারী (আরবিট্রেটর) নিয়োগের দাবি জানান। আদালত সালিসকারী নিয়োগ করে ২০২১ সালের ১৩ জুলাই এবং ১৭ জুলাই সালিসের নির্দেশ দেন। সালিসে আসেননি এম ফরিদ আহমেদরা। ৫ সেপ্টেম্বর স্থিতাবস্থা দেন আদালত এবং ভাড়া না দেওয়ার নির্দেশনা দেন।

মামলা চলাকালে ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর রাত আটটায় ছাদ থেকে নামার সময় পরিচালক সাজিদুর রহমানকে লিফটে উঠতে বাড়ির মালিকপক্ষ বাধা দিলে ওই বছরের ৩ অক্টোবর সাজিদুর রহমান গুলশান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

মাসুদুর রহমান খানের অভিযোগ, ৯ মাস পর চলতি বছরের ১৪ জুন ফরিদ আহমেদের ছেলে রেজা আহমেদের নেতৃত্বে ৩০ জন ভাড়াটে সন্ত্রাসী সবাইকে বেরিয়ে যেতে বলেন। তাঁরা হোটেলের অনলাইন সিস্টেমের সব আইডি ও পাসওয়ার্ড নিয়ে যান এবং একজন কর্মচারীকে দুই দিন বন্দী করে রাখেন। হোটেলের সব কাগজপত্র, চেকবই, স্বাক্ষর করা চেকের পাতাসহ আনুমানিক ৮০ লাখ টাকা নিয়ে যান তাঁরা। হুমকি দেন, কেউ যেন হোটেলে না আসেন। এলে জীবন নিয়ে ফিরতে পারবেন না।

গত ১৩ অক্টোবর মাসুদুর রহমান খান ও কোম্পানির পরিচালকদের বিরুদ্ধে মামলা করেন এম ফরিদ আহমেদ। এ মামলায় যুক্তরাষ্ট্র থেকে হাজিরা দিতে আসতে হচ্ছে তাঁদের। উভয় পক্ষই জামিনে আছে।

এম ফরিদ আহমেদ প্রথম আলোকে বলেন, ‘২০১৮ সালের ২৬ জুলাই ইজারা চুক্তি হয়েছে। অথচ আমার বাড়ির ঠিকানা ব্যবহার করে তারও ১০ দিন আগে ১৬ জুলাই মাসুদুর রহমান খানরা কোম্পানি গঠন করেছেন। তাঁরা মূলত আমার বাড়ি দখল করতে চেয়েছিলেন। তাঁদের বিরুদ্ধে তাই ফৌজদারি মামলা করেছি।’ অনেক টাকা খরচ হয় বলে সালিসিতে যাননি বলে জানান ফরিদ আহমেদ। তাঁর দাবি, করোনার সময় হোটেল বন্ধ থাকলেও সরকার এটিকে করোনা রোগীদের নির্জনাবাসের জন্য বেছে নিয়েছিল। মাসুদুর রহমানরা বসে বসে আয় করেছেন।

তবে মাসুদুর রহমান খান বলেন, এম ফরিদ আহমেদ ফোর্স ম্যাজিউর মানলেন না, হোটেল ছিনতাই করলেন, ভাড়ার টাকা কেটে রাখলেন—সবই অন্যায়ভাবে হয়েছে। এরপরও অর্ধকোটির বেশি টাকা রয়ে গেছে। সেই টাকা তিনি কেন আটকে রাখলেন? টাকা না দেওয়ার অজুহাত হিসেবে তিনি বাড়ি দখলের ধুয়া তুলছেন।