এক ধাপে সোনার দাম বাড়ল ভরিতে প্রায় ১০ হাজার টাকা

বিশ্ববাজারে সোনার দাম বাড়লছবি: রয়টার্স

আজ বৃহস্পতিবার দেশের বাজারে সোনা ও রুপার দাম বেড়েছে। আজ ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেটের সোনার দাম ভরিতে ৯ হাজার ৮৫৬ টাকা বেড়েছে। নতুন দাম আজ বৃহস্পতিবার সকাল ১০টায় কার্যকর হয়েছে।

নতুন দাম কার্যকর হওয়ার সময়ে বিষয়টি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এতে সোনার দাম সমন্বয়ের কারণ হিসেবে সমিতি বলেছে, দেশের বাজারে তেজাবি (খাঁটি) সোনার দাম বেড়েছে। এর আগে গত ৩১ জুলাই সোনার দাম কমানো হয়।

নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম হয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। এ ছাড়া ২১ ক্যারেট ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা ও সনাতন পদ্ধতির সোনার দাম হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা।

আজ দাম বাড়ার আগে সোনার দাম ছিল এ রকম: ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা। এ ছাড়া ২১ ক্যারেট ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা ও সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা।

চলতি বছরের ২৯ জানুয়ারি সোনার দাম দেশের ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। সেদিন সকালে একলাফে ভরিতে ১৬ হাজার ২১৩ টাকা বেড়ে ২ লাখ ৮৬ হাজার টাকায় দাঁড়ায়।

সোনার দামের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় সোনার গয়নার ক্ষেত্রে ক্রেতাদের কাছ থেকে আলাদা করে ভ্যাট আদায় করবে না জুয়েলারি প্রতিষ্ঠান। চলতি ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে প্রতি ভরি সোনার গয়নার ওপর ২ হাজার ৫০০ টাকা ভ্যাট নির্ধারণ করা হয়েছে। তার আগে ভ্যাট ছিল গয়নার মোট দামের ৫ শতাংশ।

গোল্ড প্রাইস ডট অর্গের তথ্যানুসারে, বৈশ্বিক স্পট মার্কেটে সোনার দাম আজ কিছুটা বেড়েছে। আজ বেলা ১১টা ৪৫ মিনিটে প্রতি আউন্স (৩১.১০৩৪৭৬৮ গ্রাম) সোনার দাম ছিল ৪ হাজার ২৬০ ডলার, গতকালের চেয়ে প্রায় ১৫ ডলার বেশি।

এদিকে রুপার দামও বেড়েছে। আজ ২২ ক্যারেট রুপার দাম হয়েছে প্রতি ভরি ৪ হাজার ৮৯৮ টাকা। ২১ ক্যারেট রুপার দাম ৪ হাজার ৬৬৬ টাকা।