সকালে কমে আবার সন্ধ্যায় বাড়ল সোনার দাম

দেশের বাজারে সকালে সোনার দাম যতটা কমেছিল, সন্ধ্যায় ঠিক ততটাই বেড়ে গেছে। ফলে সকালে দাম কমে যেখানে নেমেছিল, সন্ধ্যায় তা আবার বেড়ে সেখানে ফিরে গেছে। আজ সন্ধ্যা সাতটায় দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে সোনা ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। তাতে প্রতিতে সোনার দাম ২ হাজার ১৫৮ টাকা বাড়ানোর কথা জানিয়েছে সংগঠনটি।

নতুন দর অনুযায়ী, ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকায়। এ ছাড়া প্রতি ভরি ২১ ক্যারেটের মানের সোনার দাম বেড়ে হয়েছে ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকা, ১৮ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকা ও সনাতন পদ্ধতির সোনার দাম বেড়ে হয়েছে ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকা। এর সঙ্গে ৫ শতাংশ মূল্য সংযোজন কর বা ভ্যাট যুক্ত হবে। এর আগে আজ সকালে দাম কমার পর ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ছিল ২ লাখ ৪০ হাজার ৩৩৭ টাকা, ২১ ক্যারেটের ২ লাখ ২৯ হাজার ৪৩১ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৯৬ হাজার ৬৫৫ টাকা ও সনাতন পদ্ধতির সোনার দাম ভরিপ্রতি ১ লাখ ৬০ হাজার ১৪৭ টাকায় নেমেছিল।

বাজুস জানিয়েছে, আজ সন্ধ্যায় যে দাম বাড়ানো হয়েছে, তা সন্ধ্যা সাতটা থেকে দেশের বাজারে কার্যকর করা হয়েছে। সোনার দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। এর আগে গতকাল বুধবার, তার আগের দিন মঙ্গলবার ও আজ বৃহস্পতিবার সকালেও তিন দফায় সোনার দাম কমানো হয়েছিল। সব মিলিয়ে এই তিন দফায় সোনার দাম কমেছিল ৬ হাজার ৫৯০ টাকা।

মূলত বিশ্ববাজারে সোনার মূল্যবৃদ্ধির কারণে দেশের বাজারে সোনার দাম বাড়ানো হয়েছে। তবে রুপার দাম অপরিবর্তিত আছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ৪৮২ টাকা।

ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু হওয়ার পর সামগ্রিকভাবে বিশ্ববাজারে সোনার দাম উত্থান–পতনের মধ্যে রয়েছে। ২০২৫ সালে বিশ্ববাজারে সোনার দাম ৭০ শতাংশের বেশি বেড়েছিল।

গত জানুয়ারিতে বিশ্ববাজারে স্পট মার্কেটে প্রতি আউন্স (৩১.১০৩৪৭৬৮ গ্রাম) সোনার দাম ৫ হাজার ৬০০ ডলারের কাছাকাছি পৌঁছে গিয়েছিল। এর প্রভাবে দেশের বাজারে গত ২৯ জানুয়ারি সোনার দাম বেড়ে দাঁড়ায় ২ লাখ ৮৬ হাজার টাকায়। দেশের ইতিহাসে সেটিই ছিল সোনার সর্বোচ্চ দাম।