আগামীকাল থেকে সোনার দাম ভরিতে আরও ৩,২৬৫ টাকা বাড়বে
দেশের বাজারে এক দিনের ব্যবধানের সোনার দাম আবার বেড়েছে। ফলে আগামীকাল রোববার থেকে ২২ ক্যারেটের ভালো মানের সোনার দাম প্রতি ভরি বেড়ে হবে ২ লাখ ৬৮ হাজার ৬৮০ টাকা। আজ শনিবার পর্যন্ত ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ছিল ২ লাখ ৬৫ হাজার ৪১৫ টাকা। ফলে আগামীকাল থেকে ভরিপ্রতি সোনার দাম বাড়ছে ৩ হাজার ২৬৫ টাকা। এর আগে গত সপ্তাহে দুবার সোনার দাম বাড়ানো হয়েছিল। এই দুই দফায় সোনার দাম ভরিপ্রতি ৫ হাজার ৪৮২ টাকা বেড়েছিল। আর আজ দুই দফায় বাড়ানো হলো সাড়ে ৭ হাজার টাকার বেশি।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) আজ শনিবার সকালে ও রাতে দুই দফায় সোনার দাম বাড়ানোর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বেড়েছে। সে কারণে সোনার দাম বাড়ানো হয়েছে। যদিও দেশের বাজারে সোনার দাম বাড়ার মূল কারণ বিশ্ববাজারে সোনার দাম বেড়ে যাওয়া।
বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী, ভালো মানের ২২ ক্যারেটের পাশাপাশি অন্যান্য মানের সোনার দামও বেড়েছে। তাতে ২১ ক্যারেট মানের সোনার দাম আগামীকাল থেকে বেড়ে দাঁড়াবে ২ লাখ ৫৬ হাজার ৪৩৩ টাকায়। ১৮ ক্যারেট সোনার দাম হবে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা। এ ছাড়া সনাতন পদ্ধতির সোনার দাম বেড়ে হবে প্রতি ভরি ১ লাখ ৭৯ হাজার ৮৫৯ টাকা। বিজ্ঞপ্তিতে বাজুস আরও জানায়, সোনার বিক্রয় মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট যুক্ত হবে। তাতে ক্রেতাদের সোনার গয়না কিনতে নির্ধারিত দামের চেয়ে বেশি দাম গুনতে হবে।
এদিকে সোনার দামের পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে।