ক্ষতির মুখে পড়বে আবাসন খাত
ঢাকা মহানগরের জন্য তৈরি করা নতুন বিশদ অঞ্চল পরিকল্পনায় (ড্যাপ) সড়কের প্রশস্ততার অনুপাতে ফ্লোর এরিয়া রেশিও (এফএআর) নির্ধারণ করা হয়েছে। তাতে আগে যেখানে প্রশস্ত সড়ক না থাকলেও ৮–১০ তলা ভবন নির্মাণ করা যেত, এখন সেখানে অনুমোদন মিলবে মাত্র ৪–৫ তলা। এ কারণে কম প্রশস্ত রাস্তার পাশের জমির মালিকেরা ক্ষতিগ্রস্ত হবেন। বৈষ্যমের শিকার হবেন আবাসন ব্যবসায়ীরাও। এই অবস্থায় শিল্পটি ক্ষতির মুখে পড়বে।
দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের স্ট্যান্ডিং কমিটি অন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিংয়ের দ্বিতীয় সভায় আবাসন খাতের উদ্যোক্তারা এসব কথা বলেন। রাজধানীর মতিঝিলে রোববার সভাটি হয়। এতে উপস্থিত ছিলেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন।
এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, আবাসন খাতের সংকট নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার সুযোগ রয়েছে। তিনি গভীর বিশ্লেষণের মাধ্যমে ড্যাপ সম্পর্কে নিজেদের ধারণা সমৃদ্ধ করার পরামর্শ দেন আবাসন ব্যবসায়ীদের। একই সঙ্গে টেকসই নগরায়ণ নিশ্চিতে ড্যাপকে বাস্তবতার আলোকে সমন্বয় করতে রাজউকের প্রতি আহ্বান জানান তিনি।
আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাবের সভাপতি আলমগীর শামসুল আলামিন বলেন, ড্যাপে বেশ কিছু ভালো দিক আছে। তবে আবাসন খাতের জন্য কিছু জটিলতা রয়ে গেছে। এসব বিষয়ে সমাধানে আসতে রাজউক, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয়সহ অন্য অংশীজনদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে রিহ্যাব।’ তিনি বলেন, ‘আমরা সরকারের প্রতিপক্ষ নই, সহযোগী হয়ে কাজ করতে চাই।’
সভায় এফবিসিসিআইয়ের সহসভাপতি আমিন হেলালী; পরিচালক এম জি আর নাসির মজুমদার, শফিকুল ইসলাম ভরসা, বিজয় কুমার কেজরিওয়াল, হাফেজ হারুন, আবু মোতালেব ও আক্কাস মাহমুদ; কমিটির চেয়ারম্যান লিয়াকত আলী ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।