দেশে প্রতি পাঁচ কাপ চায়ের এক কাপ ইস্পাহানির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইস্পাহানি গ্রুপের চেয়ারম্যান মির্জা সালমান ইস্পাহানি
ছবি: প্রথম আলো

প্রতিদিন গড়ে সাড়ে ১০ কোটি কাপ চায়ে চুমুক দেন এ দেশের মানুষ। এ চায়ের প্রায় দুই কোটি কাপ তৈরি হয় ইস্পাহানির চা পাতা দিয়ে। সহজ করে বললে, প্রতি পাঁচ কাপ চায়ের এক কাপে থাকে ইস্পাহানির চা। আবার যদি প্যাকেটজাত চায়ের হিসাব ধরা হয়, তাহলে এ দেশের প্রতি তিন কাপের এক কাপ চা ইস্পাহানির চা পাতায় তৈরি।

ইস্পাহানি অনেক খাতে ব্যবসা করলেও চা দিয়ে দেশে-বিদেশে পরিচিতি পায় সবচেয়ে বেশি। ভারতীয় উপমহাদেশে ইস্পাহানি পরিবারের ব্যবসার ইতিহাসের সঙ্গে চায়ের ইতিহাসও সমানতালে এগিয়েছে। উপমহাদেশে চা চাষের শুরুতে ১৮৩৯ সালে আসাম টি কোম্পানি গঠনের ক্ষেত্রে উদ্যোক্তাদের একজন ছিলেন ইস্পাহানি গ্রুপের প্রতিষ্ঠাতা মোহাম্মদ হাশিম। এরপর সাত প্রজন্ম ধরে চলে আসছে তাঁদের এ ব্যবসা।

আরও পড়ুন
ইস্পাহানির কারখানায় চা পরীক্ষা করছেন একজন কর্মী। সম্প্রতি চট্টগ্রামে
ছবি: প্রথম আলো

চায়ের বাজারে ইস্পাহানির আধিপত্য কেমন তা একটু পরিসংখ্যান দিলেই বোঝা যাবে। ২০১৯-২০ মৌসুমে দেশে ৯ কোটি ৫৫ লাখ কেজি চা বাজারজাত হয়েছে। এ চায়ের ১ কোটি ৮০ লাখ কেজিই বাজারজাত করে শীর্ষে অবস্থান করেছে ইস্পাহানি গ্রুপ। শতাব্দীর বেশি সময় ধরে চা–শিল্পে স্টার্লিং হিসেবে পরিচিত ছিল ইউরোপিয়ান কোম্পানিগুলো। কিন্তু গত দুই দশকে চা–শিল্পে ১৮টি শিল্পগোষ্ঠী বিনিয়োগ করেছে। ইউরোপিয়ান কিংবা বড় বড় শিল্পগোষ্ঠী বিনিয়োগের পরেও ইস্পাহানির শ্রেষ্ঠত্ব কমেনি।

চায়ের গল্পটা ইস্পাহানি গ্রুপের চেয়ারম্যান মির্জা সালমান ইস্পাহানির মুখ থেকেই শোনা যাক। তিনি জানান, ‘ছোটবেলা থেকে পরিবারের সদস্যরা চায়ের নমুনা দেখে ও স্বাদ নিয়েই বড় হচ্ছে। পারিবারিক ব্যবসায় যোগদানের আগে পরিবারের পরামর্শে ১৯৭৬ সালে লন্ডনে ইউরোপের বিখ্যাত জন লায়ন্স চা কোম্পানিতে চায়ের টেস্টিংয়ের ওপর ছয় মাসের প্রশিক্ষণ নিয়েছিলাম। ১৯৮২ সালে পারিবারিক ব্যবসায় যোগ দেওয়ার পর নিজেই চায়ের স্বাদ পরীক্ষা করতাম। নিলাম থেকে নিজেই কিনতাম। প্রজন্ম থেকে প্রজন্ম ধরে এ অভিজ্ঞতা পণ্যের গুণগত মান উন্নয়নে কাজে দিয়েছে।’

আরও পড়ুন
ইস্পাহানির চা উৎপাদনের কারখানা
ছবি: প্রথম আলো

শুধু চায়ের কাপে ঝড় তোলেনি ইস্পাহানি, স্থানীয় ও বহুজাতিক ব্র্যান্ডকে ছাড়িয়ে বহু পুরস্কারও অর্জন করেছে ব্র্যান্ডটি। বাংলাদেশে ব্র্যান্ড ফোরাম সেরা ব্র্যান্ড পুরস্কার প্রবর্তনের পর থেকে প্রতিবছর চায়ের ব্র্যান্ডের মধ্যে প্রথম পুরস্কার পেয়ে আসছে গ্রুপটির ইস্পাহানি মির্জাপুর চা। বাংলাদেশে দেশীয় ও বহুজাতিক সব ব্র্যান্ডের মধ্যে ২০১৮ সালে প্রথম এবং ২০২১ সালে দ্বিতীয় স্থান অর্জন করেছে ইস্পাহানির চায়ের ব্র্যান্ড।

ইস্পাহানির চা উৎপাদনের কারখানা
ছবি: প্রথম আলো

দেশে চায়ের চাহিদা যখন কম ছিল, তখন সিংহভাগ চা-ই রপ্তানি করত ইস্পাহানি। দেড় দশকের বেশি সময় ধরে দেশে চায়ের ভোগ বেড়েছে। তাতে এখন সিংহভাগ চা-ই দেশে বাজারজাত করছে গ্রুপটি। এরপরও আন্তর্জাতিক বাজারে ইস্পাহানি চায়ের রপ্তানি থেমে থাকেনি। লন্ডনের হ্যারডস স্টোরের তাকে উঠেছে মির্জাপুর ব্রেকফাস্ট টি, শ্রীমঙ্গল গ্রিন টি কিংবা ব্লেন্ডারস চয়েস ব্ল্যাক টি। এখনো ইস্পাহানি মির্জাপুর, ইসপি সুপার এবং স্টার অব বেঙ্গলসহ নানা নামে ইস্পাহানি চায়ের স্বাদ নিচ্ছে যুক্তরাষ্ট্র, জাপান, পাকিস্তান, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বাসিন্দারা।

আরও পড়ুন