বিক্রি ৩৩ লাখ, দেখাল ৩৩ হাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জৈনপুর ফার্নিচারে অভিযান
ছবি। সংগৃহীত

রাজধানীর মিরপুরের রোকেয়া সরণিতে এক বিঘা জায়গার ওপর জৈনপুর ফার্নিচারের সুদৃশ্য বিক্রয়কেন্দ্র। মাসিক ভাড়া সাড়ে চার লাখ টাকা। গত মার্চে প্রতিষ্ঠানটি ৩৩ লাখ টাকার আসবাব বিক্রি করে। তবে করোনার অজুহাতে ওই মাসের ভ্যাট রিটার্নে মাত্র ৩৩ হাজার টাকা বিক্রি দেখানো হয়। শেষ পর্যন্ত ৩২ লাখ ৬৭ হাজার টাকা বিক্রি গোপন করার কারণেই ফেঁসে গেল জৈনপুর ফার্নিচার।

একজন ক্রেতার অভিযোগের ভিত্তিতে গতকাল সোমবার তদন্ত করতে গিয়ে জৈনপুর ফার্নিচারের ভ্যাট ফাঁকির বিষয়টি উদ্‌ঘাটন করেছে ভ্যাট গোয়েন্দা অধিদপ্তর। সংস্থার সহকারী পরিচালক মাহিদুল ইসলাম অভিযানের নেতৃত্ব দেন।

গত মার্চে ৩৩ লাখ টাকার আসবাব বিক্রি করলেও মাত্র ৩৩ হাজার টাকা বিক্রি দেখিয়ে ৫ লাখ টাকা ভ্যাট ফাঁকি দিয়েছে জৈনপুর ফার্নিচার। মিরপুরের হোমউড ফার্নিচারের বিরুদ্ধেও ভ্যাট ফাঁকির অভিযোগ পেয়েছে ভ্যাট গোয়েন্দারা।

ভ্যাট গোয়েন্দা অধিদপ্তর আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, জৈনপুর ফার্নিচার ভ্যাট নিবন্ধন নিয়ে ভুয়া চালান ব্যবহার করে আসবাব বিক্রি করেছে। ভ্যাট ফাঁকি দিতে একাদিক হিসাব সংরক্ষণ করেছে। ফলে ক্রেতাদের কাছ থেকে সংগৃহীত ভ্যাটের অর্থ পুরোটা সরকারের কোষাগারে জমা হচ্ছে না। শুধু মার্চেই প্রতিষ্ঠানটি পাঁচ লাখ টাকার ভ্যাট ফাঁকি দিয়েছে।

একজন ক্রেতা জৈনপুর ফার্নিচার থেকে আসবাব কেনার পর লক্ষ করেন, তাঁকে যে ভ্যাট চালান দেওয়া হয়েছে, সেটি ভুয়া। বিষয়টি তিনি অভিযোগ আকারে জানালে ভ্যাট গোয়েন্দারা প্রতিষ্ঠানটিতে অভিযান চালান।

আরও পড়ুন

ভ্যাট গোয়েন্দাদের দলটি মিরপুরের হোমউড ফার্নিচার নামের একটি আসবাবের দোকানে আকস্মিক অভিযান করে। সেখানেও ভ্যাট ফাঁকির অভিযোগ পেয়েছেন গোয়েন্দারা। তাঁরা জানিয়েছেন, হোমউড ফার্নিচার গত আগস্ট ও সেপ্টেম্বরে ভ্যাট রিটার্নে বিক্রি দেখিয়েছে যথাক্রমে ২৫ ও ৬৪ হাজার টাকা। তবে ওই দুই মাসে তাদের প্রকৃত বিক্রি ছিল ৪ লাখ ও ১৯ লাখ ২৯ হাজার টাকা।

ভ্যাট ফাঁকির অভিযোগে উভয় প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব তলব করা হয়েছে। আরও তদন্ত করে প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ভ্যাট গোয়েন্দা অধিদপ্তর।