এআইয়ের যুগে লিংকডইন: পেশাজীবীদের ভিউ ও অনুসারী বাড়ানোর ৮ কৌশল
বর্তমান ডিজিটাল যুগে লিংকডইন কেবল জীবনবৃত্তান্ত জমা দেওয়ার জায়গা নয়। এটি এখন আপনার পেশাদার পরিচয়ের প্রধান দর্পণ। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তার এই সময়ে ইন্টারনেটে ভুয়া তথ্যের ভিড়ে নিজের আসল যোগ্যতা প্রমাণ করা বেশ কঠিন। এই প্রতিযোগিতায় টিকে থাকতে এবং সঠিক মানুষের কাছে পৌঁছাতে লিংকডইন প্রোফাইলকে শক্তিশালী করা অত্যন্ত জরুরি। মাত্র আটটি সহজ পদক্ষেপ মেনে চললেই আপনার প্রোফাইলের ভিউ এবং অনুসারীসংখ্যা অনেক বাড়িয়ে নেওয়া সম্ভব।
১. হাসিমুখ ও স্পষ্ট প্রোফাইল ছবি
লিংকডইনের তথ্য অনুযায়ী, ছবিতে স্পষ্ট মুখচ্ছবি থাকলে প্রোফাইলের ভিউ ২১ গুণ পর্যন্ত বেড়ে যায়। ইউরোপিয়ান জার্নাল অব সোশ্যাল সাইকোলজির এক গবেষণায় দেখা গেছে, ছবিতে কৃত্রিম হাসির চেয়ে চোখের কোণে লেগে থাকা সত্যিকারের স্বাভাবিক হাসি মানুষকে বেশি নির্ভরযোগ্য করে তোলে। তাই প্রোফাইলের ছবি দেওয়ার সময় ক্যামেরার দিকে সরাসরি তাকিয়ে হাসিমুখে ছবি তুলুন। রোদচশমা পরা, গ্রুপ ছবি বা ঘুরতে যাওয়ার সেলফি দেওয়া থেকে বিরত থাকুন। ছবিটির ব্যাকগ্রাউন্ড বা পটভূমি যেন একদম সাধারণ ও পরিষ্কার হয়।
২. নিয়মিত সক্রিয় থাকা
লিংকডইনে নিয়মিত পোস্ট করা প্রোফাইলের গতি বাড়াতে সাহায্য করে। সপ্তাহে অন্তত একটি করে দরকারি পোস্ট লিখলে প্রোফাইলের ভিউ চার গুণ পর্যন্ত বাড়তে পারে। একই সঙ্গে অন্যদের পোস্টে নিয়মিত তথ্যসমৃদ্ধ মন্তব্য করলেও ভিউ তিন গুণ বৃদ্ধি পায়। আপনার খাতের বিভিন্ন বিষয় নিয়ে নিজের চিন্তাভাবনা শেয়ার করুন। এর ফলে ওই বিষয়ে আপনার দক্ষতা অন্যদের চোখে পড়বে।
৩. সুনির্দিষ্ট ও আকর্ষণীয় হেডলাইন
বেশির ভাগ মানুষ লিংকডইনের হেডলাইনে শুধু তাঁদের বর্তমান পদবি লিখে রাখেন। এটি একটি বড় ভুল। হেডলাইনের জন্য ২২০টি অক্ষর ব্যবহার করা যায়। এখানে শুধু পদবি না লিখে আপনি কী কাজ পারেন এবং কোন বিষয়ে দক্ষ, তা পরিষ্কার শব্দে লিখুন। এতে কেউ সার্চ করলে আপনার নামটি সবার আগে চলে আসবে।
৪. নিজের গল্প দিয়ে ‘অ্যাবাউট’ সেকশন সাজানো
আপনার প্রোফাইলের ‘অ্যাবাউট’ বা পরিচিতিপর্বের প্রথম দুই-তিনটি লাইন সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ, পাঠকেরা প্রথমে এটুকুই দেখতে পান। পুরোটা দেখতে তাঁদের ‘সি মোর’ বাটনে ক্লিক করতে হয়। তাই শুরুটা করুন আকর্ষণীয় কোনো বাক্য দিয়ে। নিজের অর্জনের তালিকা না দিয়ে প্রথম পুরুষে (যেমন—আমি এই কাজ করি) নিজের একটি ছোট গল্প বলুন। এই অংশ লিখতে কখনো এআই টুল ব্যবহার করবেন না। কারণ, তা আপনার নিজস্বতা কেড়ে নেবে।
৫. ‘ফিচার্ড’ সেকশনের সঠিক ব্যবহার
অনেকেই প্রোফাইলের ‘ফিচার্ড’ অংশটি খালি রাখেন, যা একটি বড় সুযোগ নষ্ট করার মতো। এটিকে আপনার নিজের একটি ছোট ওয়েবসাইট মনে করতে পারেন। এখানে আপনার সেরা কাজের নমুনা, কোনো ভিডিও বক্তব্য, আপনার লেখা কোনো ভালো নিবন্ধ কিংবা গণমাধ্যমের সাক্ষাৎকার যুক্ত করে রাখুন। এতে আপনার প্রোফাইলে আসা ব্যক্তিরা একনজরেই আপনার কাজের মান বুঝতে পারবেন।
৬. লিংকডইনের বাইরেও পরিচিতি বাড়ানো
লিংকডইনের ভিউ বাড়ানোর আরেকটি চমৎকার উপায় হলো এর বাইরেও নিজের পরিচিতি তৈরি করা। কোনো সেমিনারে বক্তব্য দিলে, পডকাস্টে অংশ নিলে কিংবা কোথাও আপনার সাক্ষাৎকার প্রকাশিত হলে সেখানে নিজের লিংকডইন প্রোফাইলের লিঙ্ক বা কিউআর কোড শেয়ার করুন। এতে বাইরের মানুষগুলো খুব সহজেই আপনার প্রোফাইলে চলে আসবে।
৭. সার্চ ইঞ্জিনের জন্য প্রোফাইল গোছানো
লিংকডইন এখন একটি বড় সার্চ ইঞ্জিন হিসেবে কাজ করে। আপনার প্রোফাইলটি যেন ইন্টারনেটে সহজেই খুঁজে পাওয়া যায়, সে জন্য প্রোফাইলটি সবার জন্য উন্মুক্ত করে রাখুন। আপনার কাজের সঙ্গে সম্পর্কিত দরকারি শব্দগুলো পুরো প্রোফাইলে ছড়িয়ে দিন। এর ফলে এআই–চালিত সার্চ টুলগুলো আপনার প্রোফাইলটি সহজেই খুঁজে পাবে।
৮. প্রোফাইল ভেরিফাই করা
বর্তমানে লিংকডইনে ভুয়া অ্যাকাউন্টের সংখ্যা দিন দিন বাড়ছে। লিংকডইনের গ্লোবাল এডিটর লরা লরেঞ্জেত্তির মতে, বর্তমানে তাঁদের প্রায় ১০০ মিলিয়নের বেশি ভেরিফায়েড সদস্য রয়েছেন। প্রোফাইল ভেরিফাই করা থাকলে অন্য সদস্যরা আপনার ওপর সহজে ভরসা করতে পারেন। তা ছাড়া ভেরিফায়েড প্রোফাইলের পোস্টগুলো লিংকডইন নিজে থেকেই বেশি মানুষের কাছে পৌঁছে দেয়। তাই সুযোগ থাকলে দ্রুত আপনার প্রোফাইলটি ভেরিফাই করে নিন।
চাকরির বাজারে নিজের একটি শক্ত অবস্থান তৈরি করতে লিংকডইনের বিকল্প নেই। এআইয়ের যুগে মানুষ এখন যান্ত্রিক তথ্যের চেয়ে একজন রক্ত-মাংসের আসল মানুষকে বেশি বিশ্বাস করেন। ওপরের কৌশলগুলো বুদ্ধিমত্তার সঙ্গে ব্যবহার করুন। নিজের প্রোফাইলটি আজই ঠিকঠাক সাজিয়ে নিন। দ্রুতই আপনি কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারবেন।