লটারির মাধ্যমে সাবরেজিস্ট্রার বদলি: ঢাকায় পদায়নে থাকছে না সুপারিশ

ছবি: প্রথম আলো

পুলিশের পর এবার সাবরেজিস্ট্রার বদলির ক্ষেত্রেও চালু হতে যাচ্ছে লটারি পদ্ধতি। বদলিপ্রক্রিয়ায় ‘স্বচ্ছতা নিশ্চিত’ করার লক্ষ্যে লটারির মাধ্যমে সাবরেজিস্ট্রারদের বদলির এমন সিদ্ধান্ত নিয়েছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ঢাকায় লটারির মাধ্যমে অনুষ্ঠিত হতে যাওয়া এই বিশেষ বদলি কার্যক্রম সরাসরি তদারকি করছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি নিজে উপস্থিত থেকে লটারি কার্যক্রম পরিচালনা করবেন বলে প্রথম আলোকে নিশ্চিত করেছেন আইন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. রেজাউল করিম।

আরও পড়ুন

এর আগে অন্তর্বর্তী সরকারের সময় পুলিশ বিভাগে লটারির মাধ্যমে রদবদল নিয়ে নানা আলোচনা ও সমালোচনা হয়েছিল। তবে বদলিপ্রক্রিয়ায় স্বজনপ্রীতি ও সুপারিশের সুযোগ বন্ধ করতে সেই লটারি পদ্ধতিকেই এখন সাবরেজিস্ট্রার বদলিতে অনুকরণ করতে যাচ্ছে আইন মন্ত্রণালয়।

আইন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামীকাল মঙ্গলবার সকাল ১০টায় আইন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এই লটারি অনুষ্ঠিত হবে। ঢাকার ডিস্ট্রিক্ট ও সাবরেজিস্ট্রি অফিসগুলোর নির্ধারিত পদের বিপরীতে বিভিন্ন জেলায় কর্মরত সাবরেজিস্ট্রারদের মধ্য থেকে লটারির মাধ্যমে নির্বাচিত প্রার্থীদেরই ঢাকায় বদলি করা হবে।

আরও পড়ুন

আইন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দীর্ঘদিন ধরেই সাবরেজিস্ট্রি অফিসগুলোতে চরম জনবলসংকট বিরাজ করছে। জনবলসংকটের সুযোগ নিয়ে বিভিন্ন দপ্তরে বহিরাগত দালাল ও মধ্যস্বত্বভোগীদের প্রভাব মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে, সৃষ্টি হচ্ছে অনিয়ম ও হয়রানির সুযোগ। এই পরিস্থিতিতে ঢাকার গুরুত্বপূর্ণ সাবরেজিস্ট্রি কার্যালয়গুলোতে কর্মকর্তা পদায়নে স্বচ্ছতা আনতেই মন্ত্রী নিজে উপস্থিত থেকে লটারি অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছেন।

উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের সময় স্বচ্ছতার কথা বলে ২০২৫ সালের শেষ দিকে দেশের ৬৪ জেলার পুলিশ সুপার এবং পরবর্তী সময়ে ৫২৭টি থানার ওসি পদে লটারির মাধ্যমে রদবদল করা হয়েছিল। নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর পুলিশের ক্ষেত্রে আর এই পদ্ধতি অনুসরণ করতে না দেখা গেলেও সাবরেজিস্ট্রার বদলিতে সেই উদ্যোগ পুনরায় ফিরে এল।

আরও পড়ুন