৩ দফা দাবিতে অবস্থান কর্মসূচিতে ৪৩তম নন–ক্যাডার প্রার্থীরা

৩ দফা দাবিতে পিএসসির সামনে লাগাতার অবস্থান কর্মসূচিতে ৪৩তম বিসিএস নন–ক্যাডার প্রার্থীরাছবি: সৈয়দ রিফাত মোসলেম

দ্রুততম সময়ের মধ্যে সংশোধিত বিধির গেজেট প্রকাশ করে ৪৩তম বিসিএস নন-ক্যাডার বিজ্ঞপ্তি প্রকাশ করাসহ ৩ দফা দাবিতে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন ৪৩তম বিসিএস নন–ক্যাডারে আবেদনকারী প্রার্থীরা। আজ সোমবার দুপুর ১২ থেকে ‘চরম বৈষ্যমের শিকার ৪৩তম বিসিএস নন-ক্যাডার প্রার্থীবৃন্দ’ ব্যানারে এ অবস্থান কর্মসূচি শুরু হয়। বিকেল সাড়ে ৫টা পর্যন্ত তাঁরা এই কর্মসূচি চালিয়ে যান।

আরও পড়ুন

৩ দফার অন্য ২টি দাবি হলো—প্রাইমারি ও যুব উন্নয়নসহ ৪৩তম বিসিএস নন-ক্যাডারের নামে অধিযাচিত কোনো পদ প্রত্যাহার করে আলাদা বিজ্ঞপ্তি প্রকাশ বন্ধ করতে হবে এবং ৪৩তম বিসিএসের নামে অধিযাচিত সব পদ অবশ্যই ৪৩তম বিসিএস নন-ক্যাডার বিজ্ঞপ্তিতে অন্তর্ভুক্ত করতে হবে।

অবস্থান কর্মসূচিতে প্রার্থীরা বলেন, ৪৩তম বিসিএস সবচেয়ে বেশি বঞ্চিত হয়েছে নন–ক্যাডারের ইতিহাসে। এত প্রার্থী একটি চাকরির জন্য দীর্ঘদিন অপেক্ষা করছেন। এখন তাঁরা হতাশ। তাঁরা বলেন, ‘পিএসসি বারবার আশ্বাস দেওয়ার পরও এখনো সমাধান হয়নি। পিএসসি যত দ্রুত সম্ভব নিয়োগপ্রক্রিয়া শুরু করে তাঁদের মানসিক স্বস্তি নিশ্চিত করুক।’

আরও পড়ুন

অবস্থান কর্মসূচিতে প্রার্থীরা আরও বলেন, শান্তিপূর্ণভাবে তাঁরা এত দিন আন্দোলন চালিয়ে এসেছেন। তবে দাবি আদায় না হওয়ায় লাগাতার কর্মসূচি পালন করছেন তাঁরা। ৪৩তম বিসিএস নন–ক্যাডারের পদগুলোর দিকে শকুনের নজর পড়েছে এবং পুরোনো সিন্ডিকেট আবার সক্রিয় হয়ে উঠেছে। তারা চাচ্ছেন সরাসরি সার্কুলারের মাধ্যমে এই পদগুলো কিভাবে নিয়োগ দেওয়া যায় এবং নিয়োগ বাণিজ্য করা যায়। প্রধান উপদেষ্টার অফিস থেকে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করতে বললেও একটা সিন্ডিকেট এই পদগুলো দিয়ে নিয়োগ বাণিজ্য করার চেষ্টা করছে। পিএসসির মধ্যে একটা গ্রুপ রয়েছে যারা চায় না সরাসরি বিসিএস নন–ক্যাডার থেকে নিয়োগ প্রক্রিয়া হোক।

আরও পড়ুন