খেলোয়াড়দের চাকরির বিশেষ সুযোগ দিচ্ছে ব্যাংক এশিয়া
ব্যাংকিং খাতের প্রচলিত নিয়োগের বাইরে খেলোয়াড়দের জন্য চাকরির বিশেষ সুযোগ নিয়ে এসেছে বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ‘ব্যাংক এশিয়া পিএলসি’। প্রতিষ্ঠানটি ‘ট্রেইনি অফিসার’ থেকে শুরু করে ‘সিনিয়র এক্সিকিউটিভ অফিসার (এসইও)’ পদে লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রার্থী নির্বাচন ও পদায়নের ক্ষেত্রে শিক্ষা ও অভিজ্ঞতার পাশাপাশি প্রতিযোগিতামূলক খেলাধুলায় যুক্ত প্রার্থীদের বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা ২০ অক্টোবর পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
খেলোয়াড়দের জন্য বিশেষ অগ্রাধিকার
প্রতিযোগিতামূলক খেলাধুলায় যাঁদের ভালো ট্র্যাক রেকর্ড রয়েছে, তাঁরা এই নিয়োগে বিশেষ প্রাধান্য পাবেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে—
ক্রিকেট বা ফুটবলে দেশের স্বীকৃত প্রথম বিভাগ কিংবা প্রিমিয়ার লিগে অংশগ্রহণকারী।
বাংলাদেশ জাতীয় বয়সভিত্তিক দলের হয়ে প্রতিনিধিত্বকারী বা অংশগ্রহণকারী।
জাতীয় পর্যায়ে স্বীকৃত বিভাগীয় বা জেলা দলের খেলোয়াড়।
বর্তমানে করপোরেট স্পোর্টস (যেমন আন্তব্যাংক টুর্নামেন্ট) বা প্রতিযোগিতামূলক লিগে সক্রিয় খেলোয়াড়দের ক্ষেত্রে এই সুযোগ প্রযোজ্য হবে।
শিক্ষাগত যোগ্যতা
যেকোনো বিষয়ে ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে অন্তত ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে। সিজিপিএ ৪.০০-এর মধ্যে ন্যূনতম ২.৫০ থাকতে হবে। এ ছাড়া এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় জিপিএ ৫.০০-এর মধ্যে অন্তত ৩.০০ থাকতে হবে (ও/এ লেভেলের ক্ষেত্রেও সমতুল্য ফলাফল প্রযোজ্য)।
অন্যান্য যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমা
ব্যাংকে অন্তত ২ বছরের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের পাশাপাশি ফ্রেশাররাও (নতুন গ্র্যাজুয়েট) আবেদন করতে পারবেন।
বর্তমানে যেকোনো খ্যাতনামা ব্যাংকে কর্মরত প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।
মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেলসহ অফিশিয়াল কাজে পারদর্শী হতে হবে।
ট্রেইনি অফিসার পদের জন্য ২০ অক্টোবর ২০২৬ তারিখে বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর।
পদ নির্ধারণ ও সুবিধাসমূহ
আবেদনকারীর যোগ্যতা, অভিজ্ঞতা, পারফরম্যান্স ও স্পোর্টস ব্যাকগ্রাউন্ড বিবেচনা করে ট্রেইনি অফিসার থেকে সিনিয়র এক্সিকিউটিভ অফিসার পর্যন্ত যেকোনো পদে নিয়োগ দেওয়া হবে। বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রার্থীর যোগ্যতা ও ব্যাংকের নীতিমালা অনুযায়ী নির্ধারিত হবে। পদায়ন হবে দেশের যেকোনো স্থানে।
যেভাবে আবেদন করবেন
আগ্রহী প্রার্থীরা ২০ অক্টোবর ২০২৬ তারিখের মধ্যে বিডিজবস ডটকমের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনে খেলাধুলার যাবতীয় অর্জন, লিগ ও টুর্নামেন্টে অংশগ্রহণের তথ্য স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। প্রাথমিক বাছাই শেষে নির্বাচিত প্রার্থীদের লিখিত বা ব্যবহারিক পরীক্ষা এবং সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।
*চাকরি বিজ্ঞপ্তির বিস্তারিত জানতে এই লিংকে প্রবেশ করুন।