চাকরির সাক্ষাৎকারে এআই নিয়ে প্রশ্ন আসতে পারে, প্রার্থীরা যেভাবে প্রস্তুতি নেবেন

চাকরির সাক্ষাৎকারে এআই নিয়ে নানা প্রশ্ন আসতে পারেমডেল: রাজ, ছবি: খালেদ সরকার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্মক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার বাড়ছে। এর প্রভাব পড়ছে নিয়োগপ্রক্রিয়াতেও। এখন শুধু প্রযুক্তিসংশ্লিষ্ট চাকরির ক্ষেত্রে নয়, অপ্রযুক্তিগত বিভিন্ন পদের সাক্ষাৎকারেও প্রার্থীদের কাছে এআই ব্যবহারের অভিজ্ঞতা ও দক্ষতা সম্পর্কে জানতে চাইতে পারেন নিয়োগকর্তারা। এআই কীভাবে কাজে লাগানো যায়, এর সীমাবদ্ধতা কী এবং ব্যবহারের ক্ষেত্রে নৈতিকতা কীভাবে বজায় রাখা যায়—এসব বিষয়েও প্রশ্নের মুখে পড়তে পারেন চাকরিপ্রার্থীরা।

জর্জটাউন ইউনিভার্সিটির ম্যাকডোনাফ স্কুল অব বিজনেসের ক্যারিয়ার সার্ভিসেস বিভাগের পরিচালক লিসা ডাবলার বলেন, চাকরিপ্রার্থীদের সাক্ষাৎকারে এআই ব্যবহারের অভিজ্ঞতা সম্পর্কে প্রশ্ন করা হতে পারে। সংশ্লিষ্ট পদে কীভাবে এআই কাজে লাগাতে পারবেন, তা-ও জানতে চাইতে পারেন নিয়োগকর্তারা। এ ছাড়া এআই ব্যবহারের নিরাপত্তা ও নৈতিকতা সম্পর্কে প্রার্থীদের দৃষ্টিভঙ্গিও জানতে চাওয়া হতে পারে।

আরও পড়ুন

এআই ব্যবহারের অভিজ্ঞতা ও দক্ষতা তুলে ধরুন—

চাকরির সাক্ষাৎকারের আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের এআই ব্যবহারের নীতি ও পরিকল্পনা সম্পর্কে জেনে নেওয়া জরুরি। প্রতিষ্ঠানটি কোন কোন কাজে এআই ব্যবহার করছে এবং সংশ্লিষ্ট শিল্প খাতে কী ধরনের এআই দক্ষতার চাহিদা রয়েছে, সে সম্পর্কে আগে থেকে জেনে নেওয়া ভালো। পাশাপাশি, পদের দায়িত্ব পালনে এআই কীভাবে সহায়ক হতে পারে, সে বিষয়েও ধারণা নিয়ে সাক্ষাৎকারে যাওয়া উচিত।

তবে এআই ব্যবহারের অভিজ্ঞতা সম্পর্কে সাক্ষাৎকারে মিথ্যা তথ্য দেওয়া উচিত নয়। লিসা ডাবলারের পরামর্শ, আগের কোনো কাজ বা প্রকল্পে এআই ব্যবহার করে থাকলে তার বাস্তব উদাহরণ তুলে ধরতে হবে।

আরও পড়ুন

এআই না জানলেও প্রস্তুতির সুযোগ আছে—

বর্তমান বা আগের চাকরিতে এআই ব্যবহারের অভিজ্ঞতা না থাকলেও হতাশ হওয়ার কারণ নেই। এআই কীভাবে কাজ করে, কোন কোন কাজে ব্যবহার করা যায় এবং এর সীমাবদ্ধতা কী—এসব বিষয়ে প্রাথমিক ধারণা তৈরি করা যেতে পারে।

এ জন্য লিংকডইন লার্নিং ও ইউটিউবে থাকা বিনা মূল্যের বিভিন্ন কোর্স ও শিক্ষামূলক ভিডিও সহায়ক হতে পারে। পাশাপাশি সংশ্লিষ্ট পেশায় ব্যবহৃত এআই টুল সম্পর্কে জানার চেষ্টা করতে হবে।

আরও পড়ুন

প্রতিষ্ঠানের এআই নীতি সম্পর্কেও জানুন—

চাকরির সাক্ষাৎকার শুধু নিয়োগকর্তার কাছে নিজের যোগ্যতা তুলে ধরার সুযোগ নয়, বরং প্রতিষ্ঠানটি নিজের প্রত্যাশা ও মূল্যবোধের সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ, তা বোঝারও সুযোগ। বিশেষ করে এআই ব্যবহারের ক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠানের নীতি ও দৃষ্টিভঙ্গিতে পার্থক্য থাকতে পারে।