অফিসার পদে ৭৪৩ প্রার্থীর আবেদনে অসংগতি, সংশোধনে সময় দিল ব্যাংকার্স সিলেকশন কমিটি
সাতটি ব্যাংকে ‘অফিসার (ক্যাশ)’ দশম গ্রেডের ৮৫২ শূন্য পদে নিয়োগে অনলাইনে আবেদনকারী ৭৪৩ প্রার্থীর সিভিতে ছবি ও স্বাক্ষরসংক্রান্ত ত্রুটি ধরা পড়েছে। বাংলাদেশ ব্যাংকের আওতাধীন ব্যাংকার্স সিলেকশন কমিটি এই ত্রুটি সংশোধনের জন্য প্রার্থীদের নির্দিষ্ট সময়সীমা দিয়েছে।
আজ রোববার (৫ এপ্রিল ২০২৬) বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনলাইনে আবেদনকারী প্রার্থীদের মধ্যে ৭৪৩ জন প্রার্থীর সিভিতে ছবি/স্বাক্ষরসংক্রান্ত ত্রুটি পরিলক্ষিত হয়েছে। এ পরিপ্রেক্ষিতে প্রার্থীদের আবেদনের ত্রুটিসমূহ আগামী ১২ এপ্রিলের মধ্যে সংশোধনের অনুরোধ করা যাচ্ছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট প্রার্থীদের ব্যাংকার্স সিলেকশন কমিটির পক্ষ থেকে খুদে বার্তা পাঠানো হয়েছে।
নির্ধারিত তারিখের পরে কোনো অবস্থাতেই উক্ত প্রার্থীদের আবেদনের ত্রুটিসমূহ সংশোধনের সুযোগ থাকবে না এবং তাঁদের আবেদন বাতিল বলে গণ্য হবে। এ বিষয়ে যেকোনো প্রয়োজনে প্রার্থীদের [email protected] ই-মেইলে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে ব্যাংকার্স সিলেকশন কমিটি।
এই নিয়োগ বিজ্ঞপ্তিটি ৬/১১/২০২৫ তারিখে প্রকাশ করা হয়েছিল।