প্রথম আলোতে খবর প্রকাশের পর পদ্মা অয়েলের পরীক্ষার তারিখ পরিবর্তন
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের অঙ্গপ্রতিষ্ঠান পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের দুটি পদে মৌখিক পরীক্ষার তারিখ অনিবার্য কারণে পরিবর্তন করা হয়েছে। আজ মঙ্গলবার প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৯ অক্টোবরের মৌখিক পরীক্ষা অনিবার্য কারণে নতুন তারিখ ও সময়সূচিতে অনুষ্ঠিত হবে। নতুন সময়সূচি অনুযায়ী জুনিয়র অফিসার (অ্যাকাউন্টস) ও জুনিয়র অফিসার (সেলস) পদের পরীক্ষা ৩১ অক্টোবর সকাল নয়টা থেকে শুরু হবে। এ ছাড়া জুনিয়র অফিসার (সেলস) পদের কিছু পরীক্ষার্থীর মৌখিক পরীক্ষা ওই দিন বেলা ২টা ৩০ মিনিট থেকে নেওয়া হবে। এসব প্রার্থীর রোল নম্বর ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ২৯ অক্টোবর নির্ধারণ করে সম্প্রতি বিজ্ঞপ্তি দেয় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। একই দিনে পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের এ দুটি পদের মৌখিক পরীক্ষার তারিখ আগেই নির্ধারিত ছিল।
দুই প্রতিষ্ঠানের পরীক্ষা একই দিনে পড়ায় বিপাকে পড়েন অনেক চাকরিপ্রার্থী। এর সমাধান চেয়ে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগও করেন অনেকে। এ নিয়ে ১৩ অক্টোবর প্রথম আলো অনলাইনে ‘৪৩তম বিসিএস প্রিলি ও পদ্মা অয়েলের মৌখিক পরীক্ষা একই দিনে’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়েছিল।