নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে লেখালেখি নিয়ে সার্টিফিকেট কোর্স, ফি ১৫ হাজার টাকা

বর্তমান প্রতিযোগিতামূলক পেশাজীবী বিশ্বে টিকে থাকা এবং ক্যারিয়ারে দ্রুত উন্নতির পূর্বশর্ত হলো দুর্দান্ত যোগাযোগ দক্ষতা, যার মূলে রয়েছে নিখুঁত ও প্রফেশনাল লেখালেখি। আপনি একজন শিক্ষার্থী, ব্যাংকার, উদ্যোক্তা কিংবা সরকারি চাকরিজীবী যা–ই হোন না কেন, কর্মক্ষেত্রে আপনার সাফল্যের অন্যতম বড় হাতিয়ার হলো আপনার লেখনী। লেখালেখিতে দুর্বলতা মানেই পিছিয়ে পড়া, আর সাবলীল ও পরিপাটি লেখা সাফল্যের পথকে ত্বরান্বিত করে।

পেশাদার লেখালেখি, যেমন ইন্টারঅফিস মেমো, রিপোর্ট কিংবা এক্সিকিউটিভ সামারি—সবকিছুই নির্দিষ্ট নিয়ম বা ফর্মুলা মেনে চলে। একটু কৌশল জানা থাকলেই যেকোনো পেশাজীবী ব্যাকরণগতভাবে সঠিক ও আকর্ষণীয়ভাবে নিজের ভাব প্রকাশ করতে পারেন। প্রফেশনাল রাইটিংয়ের কৌশল শেখাতে নর্থ সাউথ ইউনিভার্সিটির এনএসইউ রাইটিং সেন্টার একটি বিশেষ সার্টিফিকেট কোর্স চালু করেছে। রাইটিং ফর প্রফেশনালস শীর্ষক এই কোর্স এমনভাবে সাজানো হয়েছে, যা অংশগ্রহণকারীদের প্রাতিষ্ঠানিক লেখালেখির ভয় কাটিয়ে আত্মবিশ্বাসী করে তুলবে।

আরও পড়ুন

কোর্সের বিস্তারিত

নর্থ সাউথ ইউনিভার্সিটি রাইটিং সেন্টারের এই কোর্স পেশাজীবী ও শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে একটি পূর্ণাঙ্গ প্যাকেজ হিসেবে কাজ করবে। মোট সাত সপ্তাহ মেয়াদি এই কোর্সের প্রতিটি ক্লাসের দৈর্ঘ্য তিন ঘণ্টা। অংশগ্রহণকারীদের সুবিধার জন্য কোর্সটিকে দুটি ভিন্ন সেকশনে ভাগ করা হয়েছে। কোর্সটিতে অংশ নিয়ে শিক্ষার্থীরা মূলত মেমো ও রিপোর্ট প্রস্তুত করা, এক্সিকিউটিভ সামারি তৈরি, ফরমাল বিজনেস লেটার বা ব্যবসায়িক চিঠি লেখা এবং প্রপোজাল রাইটিংয়ের বিভিন্ন কৌশল হাতে–কলমে শিখতে পারবেন।

কোর্সটির সফল সমাপ্তির পর অংশগ্রহণকারীদের হাতে আনুষ্ঠানিকভাবে একটি সার্টিফিকেট তুলে দেওয়া হবে, যা তাঁদের বায়োডাটা বা সিভির মান বহুগুণ বাড়িয়ে দেবে। কোর্স ফি ১৫ হাজার টাকা।

আরও পড়ুন

কোর্সের আবেদনের পদ্ধতি

এই সার্টিফিকেট কোর্সে অংশ নিতে ইচ্ছুক প্রার্থীদের নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনে আবেদনের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। বিজ্ঞপ্তিতে উল্লেখিত কিউআর কোড স্ক্যান করে সরাসরি সাইন–আপ করার সুযোগ রয়েছে। এ ছাড়া কোর্সের বিস্তারিত তথ্য, আবেদন ফরম ও অন্যান্য নির্দেশিকা পাওয়ার জন্য এনএসইউ রাইটিং সেন্টারের অফিশিয়াল ওয়েবসাইটে যোগাযোগ করা যাবে।

আবেদন করার শেষ তারিখ ২৮ সেপ্টেম্বর ২০২৬। আবেদনের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ক্লাস শুরু হবে চলতি বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে।

আরও পড়ুন

আবেদনের ঠিকানা ও যোগাযোগের মাধ্যম

নর্থ সাউথ ইউনিভার্সিটির এই সার্টিফিকেট কোর্সে আবেদন বা যেকোনো ধরনের তথ্যের জন্য সরাসরি যোগাযোগ করা যাবে বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে অবস্থিত রাইটিং সেন্টারে। অফিশিয়াল যোগাযোগের জন্য ই–মেইল করা যাবে [email protected] এ ঠিকানায়।

*বিস্তারিত সব তথ্য এখানে পাবেন

আরও পড়ুন