বুয়েটে প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম কবে শুরু, বিজ্ঞপ্তিতে জানানো হলো
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৫-২৬ সেশনের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে ২৮ জানুয়ারি ২০২৬ রাতে। এ ফল প্রকাশের পর এক সপ্তাহ পেরিয়েছে। এখনো ভর্তি শুরুর তারিখ নির্ধারণ করা হয়নি। ভর্তির কার্যক্রম জাতীয় সংসদ নির্বাচনের আগে শুরু হবে না বলে জানিয়ে দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে এ–সংক্রান্ত এক বার্তায় বলা হয়েছে, ‘জাতীয় নির্বাচন শেষ হওয়ার পর যত দ্রুত সম্ভব বুয়েটের ভর্তি কার্যক্রম শুরু হবে। বিস্তারিত সময়সূচি জানানো হবে পরে।’
বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এ ফল দেখতে পারবেন ভর্তি–ইচ্ছুক প্রার্থীরা। এর আগে গত ১০ জানুয়ারি দুই শিফটে বুয়েটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৮৭ দশমিক ৪৪ শতাংশ ভর্তি–ইচ্ছুক অংশগ্রহণ করেন। এবারের ভর্তি পরীক্ষায় আবেদনকারীদের মধ্য থেকে বাছাই করে মেধা অনুযায়ী ১০ হাজার ৩৫১ জন শিক্ষার্থীকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। এর মধ্যে ছাত্র ৭ হাজার ৬৪৪ জন ও ছাত্রী ২ হাজার ৭০৭ জন। নির্বাচিত শিক্ষার্থীদের মধ্যে ৯ হাজার ৫১ জন ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন।
কেমিক্যাল অ্যান্ড ম্যাটেরিয়ালস কৌশল, পুরকৌশল, যন্ত্রকৌশল, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল এবং স্থাপত্য ও পরিকল্পনা অনুষদসমূহের অধীন ১৩টি বিভাগে স্নাতক শ্রেণিতে ছাত্র-ছাত্রী ভর্তি করা হবে। এ বছর ভর্তি পরীক্ষায় পার্বত্য চট্টগ্রাম ও অন্যান্য এলাকার ক্ষুদ্র জাতি গোষ্ঠীভুক্ত প্রার্থীদের জন্য প্রকৌশল বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের জন্য মোট ৩টি সংরক্ষিত আসন (কোনো বিভাগে ১টি আসনের বেশি নয়) ও স্থাপত্য বিভাগের জন্য ১টি সংরক্ষিত আসনসহ ১ হাজার ৩০৯টি আসনের জন্য ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।