কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফলে পাস বেশি সি–তে, পরীক্ষার্থীরা পাবেন রাত ১০টায়
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের স্নাতক ২০২৫–২৬ শিক্ষাবর্ষের এ, বি ও সি ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। ফলে দেখা গেছে, পাসের হার সবচেয়ে বেশি সি ইউনিটে। ব্যবসায় শিক্ষা অনুষদের এই ইউনিটে পাসের হার ৬৪ দশমিক ৩৩ শতাংশ। আর সবচেয়ে কম পাসের হার বি ইউনিটে (কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদ)। এই ইউনিটে পাসের হার ৫৪ দশমিক ৭৬ শতাংশ।
আজ বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখা থেকে ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ এমদাদুল হক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে তিনটি ইউনিটের ফল ঘোষণার তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, ২০২৫–২৬ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণিতে ভর্তি পরীক্ষার এ, বি ও সি ইউনিটের ফল আজ (৫ ফেব্রুয়ারি) রাত ১০টা থেকে ভর্তিসংক্রান্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট লিংকে প্রবেশ করে ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীরা নিজ নিজ প্যানেলে প্রবেশ করে ফলাফল দেখতে পারবেন।
উত্তীর্ণ শিক্ষার্থীদের পরবর্তী করণীয় সম্পর্কে নির্দেশনা বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট ওয়েবসাইট ও বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে দেখা যাবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
গত ৩০ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরদিন ৩১ জানুয়ারি বি ও সি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর কুমিল্লার পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয়েও একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
এ বছর বি ইউনিটে (কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদ) ৩৯০টি আসনের বিপরীতে ৩৭ হাজার ৬১৪ আবেদনকারী ছিলেন। এর মধ্যে পরীক্ষায় উপস্থিত ছিলেন ২৯ হাজার ৩৮৯ জন। ফলে উপস্থিতির হার ৭৮ দশমিক ১৩। এর মধ্যে কুমিল্লা অঞ্চলের ২৪ হাজার ৯৯১ আবেদনকারীর মধ্যে উপস্থিত ছিলেন ১৯ হাজার ১০৭ জন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১২ হাজার ৬২৩ আবেদনকারীর মধ্যে উপস্থিত ছিলেন ১০ হাজার ২৮২ জন।
সি ইউনিটে (ব্যবসায় শিক্ষা অনুষদ) ২০০টি আসনের বিপরীতে ১২ হাজার ৮৩০ আবেদনকারীর মধ্যে উপস্থিত ছিলেন ১০ হাজার ৩৩৩ জন। ফলে এখানে উপস্থিতির হার ৮০ দশমিক ৫৪। এর মধ্যে কুমিল্লা অঞ্চলে ৯ হাজার ৯৬৯ আবেদনকারীর মধ্যে উপস্থিত ছিলেন ৭ হাজার ৯৯১ জন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ২ হাজার ৮৬১ পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ২ হাজার ৩৪২ জন।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, করোনা মহামারির সময় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নির্দেশনায় ২০২০–২১ শিক্ষাবর্ষ থেকে গুচ্ছ পদ্ধতির মাধ্যমে কুমিল্লা বিশ্ববিদ্যালয় স্নাতক প্রথম বর্ষে শিক্ষার্থী ভর্তি শুরু করে। এক বছর পর থেকে বিষয়টিতে বিভিন্ন আপত্তি আসতে শুরু করে। এরপর গুচ্ছ পদ্ধতি থেকে বের হয়ে স্বতন্ত্র পদ্ধতিতে ২০২৪–২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর দ্বিতীয়বারের মতো স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষা নিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়।