বেসরকারি মেডিক্যালে ভর্তিতে আবেদন, পছন্দক্রম পরিবর্তনের সুযোগ দিল স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর

ফাইল ছবি

বেসরকারি মেডিক্যাল ও ডেন্টাল কলেজে এমবিবিএস ও বিডিএস কোর্সে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ভর্তির আবেদনে ভুল পছন্দক্রম দেওয়া প্রার্থীদের জন্য পছন্দক্রম পরিবর্তনের সুযোগ দিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। ভর্তিতে অনলাইন আবেদনের শেষ দিন আগামী ১ মার্চ বেলা তিনটা পর্যন্ত এ সুযোগ নেওয়া যাবে। প্রার্থী ও অভিভাবকদের আবেদনের পরিপ্রেক্ষিতে এমন সিদ্ধান্ত ভর্তি পরীক্ষা কমিটি নিয়েছে বলে এ–সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

গত বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি ২০২৬) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে বেসরকারি মেডিক্যাল কলেজ, ডেন্টাল কলেজ বা ডেন্টাল ইউনিটে এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তির জন্য প্রার্থীদের অনলাইনে আবেদন দাখিলের নির্ধারিত শেষ তারিখ ১ মার্চ। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে কিছু প্রার্থী ও অভিভাবকের আবেদন এবং ভর্তি পরীক্ষা কমিটির সভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বিশেষ বিবেচনায় আগামী ১ মার্চ সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত অনলাইন আবেদনের কলেজ বা ইউনিটের পছন্দক্রম পরিবর্তনের সুযোগ প্রদান করা হলো।

আরও পড়ুন

কলেজ পছন্দক্রম পরিবর্তনের জন্য অনলাইন আবেদনের হোম পেজে চয়েচ রিঅর্ডার অপশন রয়েছে, যেখানে ক্লিক করে প্রার্থী তার ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করবেন।

এর আগে গত ৫ ফেব্রুয়ারি ২০২৫-২৬ শিক্ষাবর্ষে বেসরকারি মেডিক্যাল ও ডেন্টাল কলেজে এমবিবিএস ও বিডিএস কোর্সে দেশি শিক্ষার্থীদের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। একই দিন অনলাইনে আবেদন শুরু হয়, যা শেষ হবে আগামী ১ মার্চ। ২ মার্চ পর্যন্ত আবেদন ফি জমা দেওয়া যাবে। ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, অনুমোদিত বেসরকারি মেডিক্যাল কলেজ, ডেন্টাল কলেজ বা ইউনিটে ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীদের টেলিটকের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে এমবিবিএস এবং বিডিএস ভর্তি পরীক্ষায় কৃতকার্য প্রার্থীরা অনলাইন আবেদনপ্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। অনলাইনে আবেদন পূরণ করার সময় বিস্তারিত নির্দেশাবলি ভালোভাবে পড়ে, বুঝে, নির্দেশনা অনুযায়ী সতর্কতার সঙ্গে পূরণ করতে হবে। আবেদন ফি (২০০+১০০) = ৩০০ টাকা শুধু প্রিপেইড টেলিটকের মাধ্যমে জমা দিতে হবে। বেসরকারি প্রতিষ্ঠানে এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তির জন্য সরকার কর্তৃক নির্ধারিত ফি প্রযোজ্য হবে। কোনো অবস্থাতেই সরকার কর্তৃক নির্ধারিত ফির অতিরিক্ত আদায় করা যাবে না। বেসরকারি মেডিক্যাল কলেজে ছাত্রছাত্রী ভর্তিসহ সব ক্ষেত্রে এমবিবিএস ও বিডিএস কোর্সের যাবতীয় ফি ব্যাংকের মাধ্যমে লেনদেন করতে হবে।

আরও পড়ুন

অনলাইন ফরম পূরণের নিয়মাবলি ও ভর্তি–সংক্রান্ত বিস্তারিত তথ্য স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের ওয়েবসাইট, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট, স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট ও টেলিটকের ওয়েবসাইট থেকে জানা যাবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনপত্র প্রক্রিয়াকরণ, নিরীক্ষণ, বেসরকারি মেডিক্যাল কলেজ, ডেন্টাল কলেজ ও ইউনিটে নির্ধারণ ও চূড়ান্তকরণ ডিজিটাল প্রক্রিয়ায় সম্পন্ন করা হবে। নির্বাচিত কোনো প্রার্থীর দেওয়া তথ্য (যা কলেজ নির্ধারণে বিবেচিত হতে পারে) অসম্পূর্ণ ও ভুল প্রমাণিত হলে তার আবেদন, কলেজ নির্ধারণ বা ভর্তি বাতিল বলে গণ্য হবে। যেকোনো বিষয়ে ভর্তি পরীক্ষা কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।

আরও পড়ুন