ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞানে ভর্তি, পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তিতে পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশ করা হয়েছে। আবেদনকারী শিক্ষার্থীদের মধ্যে আটজনের ফলাফল পরিবর্তিত হয়েছে।
গতকাল মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তিসংক্রান্ত ওয়েবসাইটে এ বার্তায় এ তথ্য জানানো হয়। অনুষদের নোটিশ বোর্ডে ফলাফল প্রকাশ করা হয়েছে। এর আগে গত ২১ জানুয়ারি ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন শুরু হয়।
এদিকে উত্তীর্ণ শিক্ষার্থীদের বিষয় পছন্দক্রম পূরণ শুরু হয়েছে ২৭ জানুয়ারি থেকে, এ কার্যক্রম চলবে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত।
গত বছরের ১৩ ডিসেম্বর অনুষ্ঠিত কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রাম ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল ২০ জানুয়ারি প্রকাশ করা হয়। এই ইউনিটে ২ হাজার ৯৩৪টি (বিজ্ঞান ৯৬২, ব্যবসায় শিক্ষা ২৭৮, মানবিক ১ হাজার ৬৯৪) আসনে ভর্তি হওয়ার জন্য ১ লাখ ৩ হাজার ৬১১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।