আলিম পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি, দেখে নিন সব তথ্য

মাদ্রাসা শিক্ষা বোর্ড

মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন ২০২৬ সালের আলিম পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ফরম পূরণ শুরু ১ মার্চ থেকে। ফরম পূরণ চলবে ৯ মার্চ পর্যন্ত। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আলিম পরীক্ষার অনলাইনের ফরম পূরণের কার্যক্রম আগামী ১ মার্চ থেকে শুরু হবে। ফি পরিশোধ করা যাবে ১০ মার্চ পর্যন্ত।

প্রতিষ্ঠানপ্রধানদের উদ্দেশে বলা হয়েছে, প্রতিষ্ঠানে একই নামে একাধিক ছাত্র/ছাত্রী থাকতে পারে। সে ক্ষেত্রে ফরম পূরণের সময় তাদের রেজিস্ট্রেশন নম্বর, ছবি ও পিতা-মাতার নাম মিলিয়ে পরীক্ষার্থী শনাক্ত করতে হবে। এর ব্যত্যয় ঘটলে প্রতিষ্ঠানপ্রধান দায়ী থাকবেন।

আরও পড়ুন

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেবল বৈধ রেজিস্ট্রেশনধারী ও নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী আবেদন ফরম পূরণ করতে পারবে। কোনো পরীক্ষার্থী তার রেজিস্ট্রেশন–বহির্ভূত কোনো বিষয়/বিষয়সমূহের পরীক্ষায় অংশগ্রহণ করলে উক্ত বিষয়/বিষয়সমূহের পরীক্ষা কোনো যোগাযোগ ছাড়াই বাতিল করা হবে।

আরও পড়ুন

কোনো পরীক্ষার্থী তার নিয়ন্ত্রণ–বহির্ভূত কোনো কারণ কিংবা শারীরিক অসুস্থতার জন্য নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারলে কিংবা নির্বাচনী পরীক্ষায় অনুত্তীর্ণ হলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর অভিভাবকের লিখিত আবেদন ও পরীক্ষার্থীর প্রাক্‌–নির্বাচনী পরীক্ষার সন্তোষজনক ফলাফলের ভিত্তিতে পরীক্ষার ফরম পূরণ করতে পারবে। সমাজসেবা অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত প্রতিবন্ধী/সেরিব্রাল পালসি বা বিশেষ চাহিদাসম্পন্ন এবং বিশেষভাবে সক্ষম শিক্ষার্থীদের ক্ষেত্রে নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণের বিষয়টি শিথিলযোগ্য।

এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ পরীক্ষার্থীদের আলিম পরীক্ষায় অধিকতর সফলতার জন্য প্রতিষ্ঠানের নিজস্ব ব্যবস্থাপনায় প্রয়োজনীয়সংখ্যক বিষয়ভিত্তিক মডেল টেস্ট গ্রহণ করতে পারবে। কিন্তু এ মডেল টেস্ট কোনো পরীক্ষার্থীর জন্য বাধ্যতামূলক নয় এবং এর জন্য অতিরিক্ত ফি ধার্য বা আদায় করা যাবে না।

আরও পড়ুন

পরীক্ষার্থীদের পরীক্ষার প্রয়োজনীয় ফি বাবদ মোট অর্থ সোনালী ব্যাংকের যেকোনো শাখা থেকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রারের অনুকূলে পেমেন্ট গেটওয়ের মাধ্যমে ফি পরিশোধ করে তার রসিদ সংরক্ষণ করতে হবে।

ফরম পূরণের বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন