এইচএসসির পরীক্ষাকেন্দ্রে নিয়ে নির্দেশনার চিঠি স্থগিত
উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার কেন্দ্রে সিসিটিভি ক্যামেরার সার্বক্ষণিক ইন্টারনেট সংযোগ চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। একই সঙ্গে থানা থেকে যাঁরা প্রশ্নপত্র সংগ্রহ করবেন, তাঁদের তথ্য পাঠাতে বলা হয়েছিল। গত সোমবার জারি করা এ–সংক্রান্ত চিঠিটি স্থগিত করা হয়েছে। বলা হয়েছে, এ বিষয়ে পরবর্তী সময়ে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
গতকাল মঙ্গলবার (২ জুন ২০২৬) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এ সিদ্ধান্ত স্থগিত করে নতুন চিঠি দিয়েছে। চিঠিতে বলা হয়েছে, এইচএসসি পরীক্ষা ২০২৬ সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে পরীক্ষাকেন্দ্রগুলোর সিসিটিভির ডিভিআর, এনভিআরের সঙ্গে সার্বক্ষণিক ইন্টারনেট সংযোগ চালু রাখা এবং ট্রেজারি, থানা থেকে প্রশ্নপত্র গ্রহণে সম্পৃক্ত ব্যক্তিদের তথ্যগুলো পাঠানোসংক্রান্ত চিঠি স্থগিত করা হলো। এ বিষয়ে পরবর্তী সময়ে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।