এসএসসি ২০২৬, বিজ্ঞান: সৃজনশীল প্রশ্ন (অধ্যায়–২)।। পরিণত সিভনলে ‘নিউক্লিয়াস’ থাকে না
বিজ্ঞান: সৃজনশীল প্রশ্ন
অধ্যায়–২
# নিচের চিত্র দেখে প্রশ্নের উত্তর দাও।
চিত্র Q
প্রশ্ন
ক. সরল টিস্যু কাকে বলে?
খ. জটিল টিস্যুকে পরিবহন টিস্যু বলা হয় কেন?
গ. চিত্র Q-এর গঠন বর্ণনা করো।
ঘ. Q চিত্রটি উদ্ভিদ দেহে অনুপস্থিত থাকলে কি কোনো সমস্যা সৃষ্টি হবে? মতামত দাও।
উত্তর
ক. যেসব স্থায়ী টিস্যু আকার, আকৃতি ও গঠন বৈশিষ্ট্যে একই ধরনের হয়, তাকে সরল টিস্যু বলে।
খ. জটিল টিস্যুর অপর নাম পরিবহন টিস্যু। কারণ, জটিল টিস্যু উদ্ভিদের খাদ্যের কাঁচামাল পাতায় পাঠানো ও পাতা থেকে তৈরিকৃত খাদ্য আবার প্রতিটি সজীব কোষে পৌঁছানোর কাজ করে থাকে। অর্থাৎ খাদ্যের কাঁচামাল ও প্রস্তুতকৃত খাদ্য পরিবহনের কাজ করে বলে জটিল টিস্যুকে পরিবহন টিস্যু বলা হয়।
গ. Q চিত্রটি ফ্লোয়েম টিস্যুর। ফ্লোয়েম টিস্যু সিভনল, সঙ্গীকোষ, ফ্লোয়েম ফাইবার ও ফ্লোয়েম প্যারেনকাইমা—এ চার প্রকার কোষ নিয়ে গঠিত।
সিভনল: কোষগুলো লম্বা, ফাঁপা, একটির মাথায় আরেকটি বসে লম্বা নলের সৃষ্টি করে। মাথায় মাথায় যুক্ত দুটি সিভকোষের মধ্যে প্রাচীর ছোট ছোট ছিদ্রযুক্ত। ছিদ্রযুক্ত এ প্রাচীরকে সিডপ্লেট বলে। পরিণত সিভনলে নিউক্লিয়াস থাকে না।
সঙ্গীকোষ: এটি প্যারেনকাইমা–জাতীয় সরু ও লম্বা কোষ এবং সব সময় সিভনলের সঙ্গে অবস্থান করে। এর সাইটোপ্লাজম ঘন এবং নিউক্লিয়াস বড়। প্রাচীরের ছিদ্র দিয়ে সিভনলের সঙ্গে যোগাযোগ রক্ষা করে।
ফ্লোয়েম ফাইবার: এটি স্কেলেরেনকাইমা–জাতীয় কোষ। ফ্লোয়েম ফাইবার বাস্ট ফাইবার নামে পরিচিত।
ফ্লোয়েম প্যারেনকাইমা: এটি প্যারেনকাইমা–জাতীয় কোষ। খাদ্য সঞ্চয় ও পরিবহনে সাহায্য করাই এর কাজ।
ঘ. Q চিত্রটি ফ্লোয়েম টিস্যুর। ফ্লোয়েম টিস্যুর অনুপস্থিতিতে কোষগুলোয় খাদ্য পৌঁছাবে না এবং উদ্ভিদের বৃদ্ধি ব্যাহত হবে। ফ্লোয়েম টিস্যুর অনুপস্থিতিতে উদ্ভিদ দেহে নিচের পরিবর্তনগুলো সংঘটিত হবে:
১. পাতায় প্রস্তুতকৃত খাদ্য উদ্ভিদের বিভিন্ন অংশে প্রেরণ করাই এই টিস্যুর কাজ। এই টিস্যুর অনুপস্থিতিতে পাতায় প্রস্তুতকৃত খাদ্য বিভিন্ন অংশে পরিবাহিত হবে না। ফলে উদ্ভিদের বৃদ্ধি ব্যাহত হবে।
২. এই টিস্যু উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করে থাকে। ফলে এই টিস্যুর অনুপস্থিতিতে উদ্ভিদের দৃঢ়তা নষ্ট হবে।
৩. ফ্লোয়েম টিস্যুর সঙ্গীকোষ খাদ্য পরিবহনে সিভনলকে সহায়তা করে। এই টিস্যুর অনুপস্থিতিতে খাদ্য পরিবহনে ব্যাঘাত ঘটবে।
৪. ফ্লোয়েম প্যারেনকাইমা খাদ্য সঞ্চয় করে। ফলে এর অনুপস্থিতিতে খাদ্য সঞ্চয়ে ব্যাঘাত সৃষ্টি হবে। এ ছাড়া খাদ্য পরিবহনেও বিঘ্ন হবে।
সুতরাং ওপরের আলোচনা থেকে প্রতীয়মান হয় যে ফ্লোয়েম টিস্যুর অনুপস্থিতিতে উদ্ভিদ দেহে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়, যা উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশকে মারাত্মকভাবে ব্যাহত করে।
মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক
সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা