সরকার ক্রীড়াঙ্গনকে আন্তর্জাতিক পর্যায়ে মেলে ধরেছে: গণশিক্ষা প্রতিমন্ত্রী
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী বলেছেন, বর্তমান সরকার ক্রীড়াঙ্গনকে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পর্যায়ে মেলে ধরেছে। ছেলেদের পাশাপাশি মেয়েরাও ক্রীড়াক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। নারী ফুটবল দল এরই ধারাবাহিকতায় বাংলাদেশ ‘সাফ উইমেন্স চ্যাম্পিয়নশিপ ২০২২’-এ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। এই ফুটবল টিমের পাঁচজন খেলোয়াড় উঠে এসেছে ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে’র মাধ্যমে।
আজ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় খেলার মাঠে ‘বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৩’ ও ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৩’–এর জাতীয় পর্যায়ের চূড়ান্ত পর্বের খেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
রুমানা আলী বলেন, শিশুরাই জাতির ভবিষ্যৎ। ভবিষ্যৎ প্রজন্ম সঠিকভাবে বেড়ে উঠতে যেমন প্রয়োজন শারীরিক সুস্থতা, তেমনই প্রয়োজন মানসিক সুস্থতা। খেলাধুলাই একমাত্র সুস্থ শরীর গঠন, সঠিক ব্যক্তিত্ব বিকাশ ও মানসিক বিকাশে কার্যকর ভূমিকা পালন করে। খেলাধুলার মাধ্যমে শিশুরা নানা পরিস্থিতি সামাল দিতে শেখে। পরাজয় মেনে নিতে শেখে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ।
‘বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৩’ ও ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৩’–এ ৬৫ হাজার ৩৫৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয় অংশগ্রহণ করে। উভয় টুর্নামেন্টে অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা ২২ লাখ ২২ হাজার ২৬ জন। অংশগ্রহণকারীর দিক থেকে এটি বিশ্বের বৃহৎ টুর্নামেন্টে পরিণত হয়েছে। ইউনিয়ন, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায় শেষে চূড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি বিভাগের চ্যাম্পিয়ন টিম চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করছে। ফাইনাল ম্যাচে গণপ্রজাতন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে আশা করা যাচ্ছে। উদ্বোধনী ম্যাচে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪-০ গোলে পটুয়াখালী বাউফলের মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে।