প্রতিষ্ঠার ৪৭৪ বছর পর প্রথমবার ছাত্রী ভর্তি করছে যুক্তরাজ্যের যে স্কুল

ছবি: এআই/প্রথম আলো

প্রতিষ্ঠার ৪৭৪ বছর পর প্রথমবারের মতো ছাত্রী ভর্তি করতে যাচ্ছে যুক্তরাজ্যের বেডফোর্ড স্কুল। ১৫৫২ সালে প্রতিষ্ঠিত হয় বেডফোর্ড স্কুল। ২০২৭ সালের সেপ্টেম্বর থেকে সহশিক্ষা কার্যক্রম চালু করবে। ১৭৬৪ সাল থেকে স্কুলটি পরিচালনা করে আসছে হারপুর ট্রাস্ট। আগামী ১২ মাসে ট্রাস্টের স্কুলগুলোয় যে বিনিয়োগ করা হবে, তার অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

হারপুর ট্রাস্ট জানিয়েছে, বেডফোর্ড স্কুলে পরিবর্তনের ফলে আরও বেশি তরুণ-তরুণীর জন্য শিক্ষার সুযোগ তৈরি হবে। একই সঙ্গে বর্তমানে স্কুলটির সঙ্গে যুক্ত শিক্ষার্থীদের অভিজ্ঞতাও আরও উন্নত হবে।

বেডফোর্ড স্কুল একটি বেসরকারি ডে ও বোর্ডিং স্কুল। প্রতিষ্ঠার পর এই প্রথম এখানে ছাত্রী ভর্তি করা হবে।

অন্যান্য স্কুলেও বড় বিনিয়োগ

বিনিয়োগ পরিকল্পনার মধ্যে রয়েছে বেডফোর্ড গার্লস স্কুলের সুযোগ-সুবিধা উন্নয়ন, বেডফোর্ড মডার্ন স্কুলের ক্যাম্পাস সংস্কার এবং পিলগ্রিমস প্রি-প্রিপারেটরি স্কুলে শিশুদের যত্নে অর্থায়ন বাড়ানো।

বেডফোর্ড গার্লস স্কুলে একটি নতুন মিউজিক সেন্টার ও রিসাইটাল স্পেস তৈরি করা হবে। পাশাপাশি ক্রীড়া কার্যক্রমে বিনিয়োগ এবং শিক্ষার্থীদের মানসিক সুস্থতার জন্য একটি নতুন ওয়েলবিইং হাব স্থাপন করা হবে।

বেডফোর্ড মডার্ন স্কুলে চলমান সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে অভ্যর্থনা এলাকা নতুন করে সাজানো হবে এবং একটি বহুধর্মীয় প্রার্থনাকক্ষ তৈরি করা হবে।

আরও পড়ুন

‘শিক্ষার জগৎ দ্রুত পরিবর্তিত হচ্ছে’

হারপুর ট্রাস্টের প্রধান নির্বাহী ডেভিড স্টিডম্যান বলেন, ‘শিক্ষার জগৎ দ্রুত পরিবর্তিত হচ্ছে। বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের প্রয়োজন মেটাতে আমাদের স্কুলগুলো কীভাবে সবচেয়ে ভালোভাবে কাজ করতে পারে, তা আমরা নিয়মিত পর্যালোচনা করি।’

ডেভিড স্টিডম্যান আরও বলেন, ‘আমরা আত্মবিশ্বাসী যে এসব পরিকল্পনা আমাদের স্কুলগুলোকে আগামী প্রজন্মের পর প্রজন্ম মানসম্মত শিক্ষার অভিজ্ঞতা দিতে সক্ষম করবে।’

আরও পড়ুন
আরও পড়ুন