রাশিয়ায় আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড, শিক্ষার্থীদের করতে হবে নিবন্ধন
আগামী ২৩ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত রাশিয়ার সিরিয়াস ফেডারেল টেরিটরিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২২তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (আইজেএসও) ২০২৫। এ আয়োজনে অংশগ্রহণের জন্য বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের আমন্ত্রণ জানিয়েছে রাশিয়ার শিক্ষা মন্ত্রণালয়।
এই অলিম্পিয়াড আয়োজন করছে রাশিয়ার শিক্ষা মন্ত্রণালয়, ট্যালেন্ট অ্যান্ড সাকসেস এডুকেশনাল ফাউন্ডেশন এবং মস্কো ইনস্টিটিউট অব ফিজিকস অ্যান্ড টেকনোলজি।
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার শিক্ষা মন্ত্রণালয়ের প্রেরিত আমন্ত্রণপত্রটি বাংলাদেশে পৌঁছেছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অংশগ্রহণের প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
নিরাপত্তা, আবাসন ও পূর্ণ সহায়তার নিশ্চয়তা
আয়োজক কমিটি জানিয়েছে, অংশগ্রহণকারীদের নিরাপত্তা ও কল্যাণ তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। সিরিয়াস ফেডারেল টেরিটরিতে শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ বজায় রয়েছে, যেখানে নিয়মিত শিক্ষামূলক ও সাংস্কৃতিক কার্যক্রম চলছে।
অলিম্পিয়াড চলাকালীন (২৩ নভেম্বর থেকে ২ ডিসেম্বর) আয়োজকেরা অংশগ্রহণকারী দলগুলোর জন্য আবাসন, খাবার, স্থানীয় পরিবহন ও সাংস্কৃতিক কর্মসূচিসহ পূর্ণাঙ্গ সহায়তা দেবে। তবে ভ্রমণ ও ভিসা–সংক্রান্ত ব্যয় অংশগ্রহণকারী দেশকেই বহন করতে হবে।
অংশগ্রহণের শর্ত ও ফি
প্রতিটি দলে সর্বাধিক ছয়জন শিক্ষার্থী থাকবে। শিক্ষার্থীদের বয়স ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সর্বোচ্চ ১৫ বছর হতে হবে।
অলিম্পিয়াডে তিনটি পর্ব থাকবে
১. প্রায়োগিক (Experimental)
২. তাত্ত্বিক (Theoretical)
৩. বহুনির্বাচনী (Multiple-choice) প্রশ্নোত্তর পর্ব।
অংশগ্রহণের জন্য প্রতিটি দলের সাংগঠনিক ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার মার্কিন ডলার। পর্যবেক্ষক হিসেবে যোগ দিতে হলে দিতে হবে ১ লাখ ৫০ হাজার রুবল। দলনেতা বা পর্যবেক্ষক একক কক্ষের আবাসন চাইলে অতিরিক্ত ৬১ হাজার ২০০ রুবল দিতে হবে।
নিবন্ধন ও আয়োজনের স্থান
নিবন্ধন করতে হবে অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে: https://ijso.siriusolymp.ru/](https://ijso.siriusolymp.ru/
প্রতিযোগিতার সব পর্ব অনুষ্ঠিত হবে Sirius Arena-তে, আর অংশগ্রহণকারীদের আবাসন থাকবে Sirius Educational Center-এর ক্যাম্পাসে।
রাশিয়ার আয়োজক কমিটি জানিয়েছে, নিবন্ধনের শেষ তারিখ পরবর্তী সময়ে অফিশিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।