বেসরকারি ডেন্টাল কলেজে মেধাবী ও অসচ্ছল কোটায় শূন্য আসন ৪৭, ভর্তি শুরু

প্রথম আলো ফাইল ছবি

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে বেসরকারি ডেন্টাল কলেজ ও ইউনিটসমূহে বিডিএস কোর্সে মেধাবী ও অসচ্ছল কোটার সংরক্ষিত শূন্য আসনে শিক্ষার্থী ভর্তিপ্রক্রিয়া শুরু হয়েছে। এ–সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেসরকারি ডেন্টাল কলেজ ও ইউনিটসমূহে বিডিএস কোর্সে ১ম পর্যায়ে ভর্তি শেষে মেধাবী ও অসচ্ছল কোটার ৪৭টি (সাতচল্লিশ) আসন শূন্য ছিল। এসব শূন্য আসনে র‍্যাংক এবং পছন্দক্রম অনুযায়ী অটোমেশন–প্রক্রিয়ায় প্রার্থী নির্বাচন করা হয়েছে। প্রাথমিকভাবে নির্বাচিত ভর্তি–ইচ্ছুক প্রার্থীদের সংশ্লিষ্ট অধ্যক্ষের দপ্তরে যোগাযোগ করে ১ জুন ২০২৬ হতে ৬ জুন ২০২৬ বেলা ২টার মধ্যে ভর্তি হতে হবে।

সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষ ৬ জুনের মধ্যে নিয়ম অনুযায়ী ভর্তি–ইচ্ছুক প্রার্থী বা প্রার্থীদের ভর্তির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে কেবল সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমঅ্যান্ডডিসি) রেজিস্ট্রেশন ফি এবং প্রযোজ্য ক্ষেত্রে হোস্টেল ফি যৌক্তিকভাবে সংগ্রহ করা যাবে। অন্য ফিসমূহ আদায়ের ক্ষেত্রে তা কোনো অবস্থাতেই সরকারি ডেন্টাল কলেজ বা ইউনিটে গৃহীত অর্থের অধিক হবে না।

আরও পড়ুন

উল্লেখ্য, মেধাবী ও অসচ্ছল কোটার সংরক্ষিত আসনে নির্বাচিত কোনো প্রার্থীর অসচ্ছলতার দালিলিক প্রমাণ মিথ্যা বা ভুল প্রমাণিত হলে যেকোনো সময় তাঁর প্রার্থিতা বা ভর্তি বাতিল বলে গণ্য হবে।

ভর্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্রগুলো—

ক. ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস এবং বিডিএস ভর্তি পরীক্ষার প্রবেশপত্র

খ. এমবিবিএস এবং বিডিএস ভর্তি পরীক্ষার রেজাল্টের কপি

গ. এইচএসসি/সমমান পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড

ঘ. এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষার একাডেমিক ট্রান্সক্রিপ্ট/নম্বরপত্র

ঙ. এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষা পাসের মূল সনদপত্র/প্রশংসা পত্র

চ. নাগরিকত্বের সনদপত্র/জন্মনিবন্ধন সনদের কপি

ছ. চার কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি।

আরও পড়ুন