ঢাবিতে হল খুলে দিয়ে পরীক্ষা নেওয়ার দাবি ছাত্রলীগের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক শেষ বর্ষ ও স্নাতকোত্তরের শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়ার আগে হল খুলে দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে পরীক্ষা নেওয়ার যাবতীয় ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছে ছাত্রসংগঠনটি।

আজ শনিবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানান ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন। গত বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল ২৬ ডিসেম্বর থেকে স্নাতক শেষ বর্ষ ও স্নাতকোত্তরের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয়। তবে করোনার কারণে আবাসিক হল বন্ধ রাখার সিদ্ধান্ত বহাল রাখে।

ছাত্রলীগের বিবৃতিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল শিক্ষার্থীদের আবাসিক সুবিধা নিশ্চিত না করেই স্নাতক শেষ বর্ষ ও স্নাতকোত্তরের পরীক্ষার তারিখ নির্ধারণ করেছে। সেশনজট নিরসন ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় শিক্ষার্থীদের অংশগ্রহণের পরিপ্রেক্ষিতে দ্রুততম সময়ে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত জরুরি। কিন্তু শিক্ষার্থীদের জন্য হলে থাকার ব্যবস্থা নিশ্চিত না করে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া একপক্ষীয়, শিক্ষার্থীদের স্বার্থের বিপরীত, বিদ্যমান বাস্তবতায় অনুপযুক্ত সমাধান। এটি কোনো অবস্থাতেই অভিভাবকসুলভ সিদ্ধান্ত নয়। বিশ্ববিদ্যালয়ের সংখ্যাগরিষ্ঠ শিক্ষার্থী যেখানে নিম্নবিত্ত পরিবারের সন্তান, তাঁদের জন্য এবং বিশেষ করে নারীদের জন্য এটি স্পষ্টতই অনভিপ্রেত ও করোনাকালের বাস্তবতায় আর্থিক সক্ষমতার বাইরে।

ছাত্রলীগ আরও বলেছে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পরীক্ষাবিষয়ক প্রস্তাবে শিক্ষার্থীদের মতামত প্রতিফলিত হয়নি। সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়ায় শিক্ষার্থীদের অংশীদারত্ব নিশ্চিত হয়নি। হলে থাকার জন্য শিক্ষার্থীদের অধিকারের সুরক্ষাও দেওয়া হয়নি। ছাত্রলীগ মনে করে, পরীক্ষার্থীদের জন্য হল উন্মুক্ত করে, স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে সঠিক রূপকল্প ও বিভিন্ন স্তরে পরীক্ষা নেওয়া বাস্তবসম্মত, ন্যায়সংগত ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের মর্যাদার জন্য উত্তম সমাধান।

এর আগে আজ দুপুরে ও বিকেলে পৃথক বিবৃতিতে পরীক্ষা নেওয়ার আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খুলে দিতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট (মার্ক্সবাদী) ও ছাত্র অধিকার পরিষদ।

আরও পড়ুন
আরও পড়ুন