সংকটের মুখে মনিপুর স্কুলের নতুন সভাপতি হলেন ঢাকার ডিসি
সংকটের মুখে পড়া রাজধানীর অন্যতম বড় শিক্ষাপ্রতিষ্ঠান মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজের পরিচালনা কমিটির নতুন সভাপতি করা হয়েছে ঢাকার জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মমিনুর রহমানকে। আজ মঙ্গলবার এই অস্থায়ী (অ্যাডহক) পরিচালনা কমিটি গঠন করে দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড।
সব৴শেষ শিক্ষাপ্রতিষ্ঠানটির পরিচালনা কমিটির সভাপতি ছিলেন এ কে এম দেলোয়ার হোসেন। তাঁর মেয়াদ শেষ হয়েছে। কিন্তু মেয়াদের আগমুহূর্তে তাঁর সই করা এক চিঠিতেই গত বুধবার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব থেকে জাকির হোসেনকে অব্যাহতি দিয়ে অন্য একজন শিক্ষককে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক করা হয়েছিল, যা নিয়ে নতুন করে সংকট তৈরি হয়। অবশ্য শিক্ষকদের আন্দোলনের মুখে আখলাক আহম্মদ নামের যে শিক্ষককে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছিল, তিনি এক দিনের মাথায় অব্যাহতি নেন। এখন জাকির হোসেনই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন।
এমন অবস্থায় নতুন অস্থায়ী পরিচালনা কমিটি গঠন করে দিল ঢাকা শিক্ষা বোর্ড। ঢাকার ডিসির নেতৃত্বাধীন এই কমিটির সদস্য হলেন শিক্ষক প্রতিনিধি হিসেবে মো. আলমগীর জামিল ও অভিভাবক প্রতিনিধি হিসেবে জাকিয়া শিল্পী। আর পদাধিকার বলে প্রধান শিক্ষককে সদস্যসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন এই কমিটির মেয়াদ হবে ছয় মাস। এই সময়ের মধ্যে তাদের নিয়মিত পরিচালনা কমিটি গঠন করে ঢাকা শিক্ষা বোর্ডের অনুমোদন নিতে হবে।
সাবেক ‘অবৈধ অধ্যক্ষ’ মো. ফরহাদ হোসেনকে রক্ষায় নানামুখী চেষ্টাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই প্রতিষ্ঠানটিতে সমস্যা যাচ্ছিল। দীর্ঘদিন ধরে চলা এই সংকট এতটাই বেশি হয়েছিল যে প্রতিষ্ঠানের দুটি পক্ষ পাল্টাপাল্টি ছুটি ঘোষণা, মামলা-মোকদ্দমার মধ্য দিয়ে এর বহিঃপ্রকাশ ঘটায়। এ অবস্থায় গত ১২ মার্চ শিক্ষাপ্রতিষ্ঠানটির পরিচালনা কমিটির সাবেক সভাপতি, স্থানীয় সংসদ সদস্য ও শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারের এক ঘোষণায় তখনকার সংকট কেটে গিয়েছিল। তখন তিনি সংবাদ সম্মেলন করে ঘোষণা দিয়েছিলেন, উচ্চ আদালত এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) নির্দেশে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব নেওয়া মো. জাকির হোসেনই এখন থেকে দায়িত্ব পালন করবেন। এর পর থেকে পরিস্থিতি মোটামুটি ভালোই চলছিল। কিন্তু এখন কিছুদিন ধরে নতুন করে সংকটের মুখে পড়ে শিক্ষাপ্রতিষ্ঠানটি।