নারী শিক্ষার্থীদের স্টেম বিষয়ে পড়তে বৃত্তি দেবে যুক্তরাজ্যে

স্টেম স্কলারশিপে টিউশন ফি, থাকা-খাওয়ার ভাতা, ভ্রমণ ও ভিসা ব্যয়, স্বাস্থ্যসেবা এবং ইংরেজি ভাষা সহায়তা অন্তর্ভুক্ত থাকবে। প্রতিটি স্কলারশিপের ন্যূনতম আর্থিক মূল্য ৪০ হাজার পাউন্ডছবি: ব্রিটিশ কাউন্সিলের ওয়েবসাইট থেকে নেওয়া

স্টেম (বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত) বিষয়ে নারী শিক্ষার্থীদের বৃত্তি দিচ্ছে ব্রিটিশ কাউন্সিল। এই বৃত্তিতে যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে স্টেম-সংশ্লিষ্ট বিষয়ে বিশ্বের শতাধিক নারী পড়াশোনার সুযোগ পান। ব্রিটিশ কাউন্সিল স্কলারশিপ ফর উইমেন ইন স্টেমের জন্য অনলাইনে আবেদন করা যাবে। ২০২৬-২৭ শিক্ষাবর্ষের আবেদন শুরু হয়েছে।

ব্রিটিশ কাউন্সিল স্কলারশিপের এ উদ্যোগের লক্ষ্য হলো বিজ্ঞান ও উদ্ভাবনে নারীদের জন্য সুযোগ সম্প্রসারণ করা এবং স্টেম খাতে আরও বৈচিত্র্যময় ও লিঙ্গ-প্রতিনিধিত্বমূলক অংশগ্রহণ নিশ্চিত করা।

ব্রিটিশ কাউন্সিল স্কলারশিপ ফর উইমেন ইন স্টেম যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল বা গণিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনে আগ্রহী নারী শিক্ষার্থীদের সহায়তা করে। সম্মানজনক এই বৃত্তি দক্ষিণ এশিয়া, পূর্ব এশিয়া, যুক্তরাষ্ট্রসহ নির্দিষ্ট কিছু অঞ্চলের শতাধিক নারীকে যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি বা আর্লি একাডেমিক ফেলোশিপ অর্জনের সুযোগ দেবে।

২০২৬-২৭ শিক্ষাবর্ষের জন্য স্টেম বিষয়ে দক্ষিণ এশিয়ার ২৫ নারী স্কলারশিপ পাবেন। নারীদের জন্য ব্রিটিশ কাউন্সিল স্কলারশিপে যুক্তরাজ্যের পাঁচটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা যাবে। বিশ্ববিদ্যালয়গুলো হলো— ইউনিভার্সিটি অব এডিনবার্গ, ইউনিভার্সিটি অব গ্লাসগো, ইউনিভার্সিটি অব ম্যানচেস্টার, কুইন মেরি ইউনিভার্সিটি অব লন্ডন ও ব্রুনেল ইউনিভার্সিটি অব লন্ডন।

আরও পড়ুন

বৃত্তিতে কী কী সুযোগ-সুবিধা—

সম্পূর্ণ অর্থায়নে এই স্কলারশিপে টিউশন ফি, থাকা-খাওয়ার ভাতা, ভ্রমণ ও ভিসা ব্যয়, স্বাস্থ্যসেবা এবং ইংরেজি ভাষা সহায়তা অন্তর্ভুক্ত থাকবে। প্রতিটি স্কলারশিপের ন্যূনতম আর্থিক মূল্য ৪০ হাজার পাউন্ড। নির্বাচিত শিক্ষার্থীরা যুক্তরাজ্যের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনার সুযোগ পাবেন, যেগুলো বিজ্ঞান ও গবেষণায় উৎকর্ষতার জন্য বিশ্বজুড়ে স্বীকৃত। স্টেম খাতে নারীদের ক্যারিয়ার উন্নয়নে সহায়তা এবং নিজ নিজ দেশে গবেষণা ও উদ্ভাবনে অবদান রাখার সুযোগ আছে এ বৃত্তির আওতায়।

বর্তমানে গবেষণার উৎপাদন ও প্রভাবের দিক থেকে যুক্তরাজ্য বিশ্বে দ্বিতীয় অবস্থানে রয়েছে। এসব প্রতিষ্ঠানে উন্নত গবেষণা সুবিধা, শিল্প-সংযুক্ত শিক্ষা এবং আন্তর্জাতিক একাডেমিক নেটওয়ার্কে যুক্ত হওয়ার সুযোগ রয়েছে।

২০২৬-২৭ শিক্ষাবর্ষের জন্য স্টেম বিষয়ে দক্ষিণ এশিয়ার ২৫ নারী স্কলারশিপ পাবেন। নারীদের জন্য ব্রিটিশ কাউন্সিল স্কলারশিপে যুক্তরাজ্যের পাঁচটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা যাবে।
ছবি: ব্রিটিশ কাউন্সিলের ওয়েবসাইট থেকে নেওয়া

একাডেমিক সহায়তার বাইরেও দীর্ঘমেয়াদি ক্যারিয়ারে গুরুত্ব—
একাডেমিক সহায়তার পাশাপাশি এই কর্মসূচি দীর্ঘমেয়াদি ক্যারিয়ার উন্নয়নের ওপর গুরুত্ব দেয়। এর মাধ্যমে স্টেম খাতে শিক্ষার্থীদের পেশাগত সক্ষমতা জোরদার করা হবে এবং অ্যালামনাই নেটওয়ার্কের সঙ্গে ধারাবাহিক সংযোগের মাধ্যমে বৈশ্বিক সহযোগিতা বাড়ানো হবে।

যোগ্যতা, আবেদন প্রক্রিয়া ও আবেদনের শেষ তারিখ বিশ্ববিদ্যালয়ভেদে ভিন্ন হতে পারে। তাই আবেদনকারীদের শর্তাবলি সতর্কতার সঙ্গে দেখতে হবে। কোর্স-সংক্রান্ত যেকোনো প্রশ্নের জন্য আবেদনকারীদের সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। স্কলারশিপ-সংক্রান্ত সাধারণ যেকোনো প্রশ্নের জন্য এখানে ঢু মারুন

আরও পড়ুন