মারা যাওয়ার পর কী কী করতে হবে, সবকিছুই লিখে গেছেন আজিজুর রহমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সত্য ঘটনা অবলম্বনে ‘ছুটির ঘণ্টা’ এর পরিচালক আজিজুর রহমান
কোলাজ

কানাডার স্থানীয় সময় ১৪ মার্চ সেখানকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ‘ছুটির ঘণ্টা’খ্যাত পরিচালক আজিজুর রহমান। মারা যাওয়ার কয়েক দিন পর গুণী এই পরিচালকের মরদেহ বাংলাদেশে আনা হচ্ছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল রোববার বেলা সোয়া একটায় আজিজুর রহমানকে বহনকারী তুর্কি এয়ারলাইনসের উড়োজাহাজ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। এরপর তাঁকে বহনকারী অ্যাম্বুলেন্স যাবে দীর্ঘদিনের কর্মস্থল এফডিসিতে। প্রথম আলোকে খবরটি নিশ্চিত করেছেন এই পরিচালকের মেয়ে আলিয়া রহমান।

গত বছরের ১০ অক্টোবর কানাডায় ৮২ তম জন্মদিনে পরিবারের সবাইকে নিয়ে এভাবেই ক্যামেরার সামনে ধরা দেন আজিজুর রহমান
ছবি : আলিয়া রহমানের সৌজন্যে

আজিজুর রহমানের স্ত্রী ও দুই সন্তান কানাডা থেকে গতকাল শুক্রবার সকালেই ঢাকায় এসে পৌঁছেছেন। এরই মধ্যে শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানাতে তাদের সঙ্গে দেখা করতে গেছেন গাজী মাজহারুল আনোয়ার ও রোজিনা। কথা বলেছেন পরিচালক অমিতাভ রেজাও।

গত বছরের জুলাইয়ে পরিবারের সবাইকে নিয়ে বিবাহিত জীবনের ৪৯ বছর উদযাপন করেন আজিজুর রহমান
ছবি : আলিয়া রহমানের সৌজন্যে

আলিয়া রহমান বলেন, ‘কানাডার টরন্টোর স্কারবোরোতে ইসলামিক ফাউন্ডেশনে আব্বার প্রথম জানাজা হয়েছে। মারা যাওয়ার পর কী কী করতে হবে, সবকিছুই বাবা নিজে লিখে গেছেন। তাঁর মারা যাওয়ার পর কোথায় কী করা হবে, সবই। এ বাবদ খরচও তিনি আলাদা করে রেখে গেছেন। বাবার ইচ্ছানুযায়ী আমরা সবই করছি। বাবাকে কাল রোববার বাদ আসর এফডিসিতে শেষবারের মতো নেওয়া হবে। সেখানে যাবতীয় আনুষ্ঠানিকতা ও দ্বিতীয় জানাজা শেষে মরদেহ নেওয়া হবে ধানমন্ডিতে বায়তুল আমান জামে মসজিদে।

মেয়ে আলিয়া রহমান ও ছেলে সাইদুর রহমানের সঙ্গে মাঝে বাবা আজিজুর রহমান
ছবি : আলিয়া রহমানের সৌজন্যে

এই মসজিদে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে। রাতে মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্স ধানমন্ডির বাড়ির সামনে রাখা হবে। সোমবার সকালে হেলিকপ্টারে করে আজিজুর রহমানের মরদেহ নেওয়া হবে বগুড়ার সান্তাহারের কলসা গ্রামে। সেখানে বাদ জোহর চতুর্থ ও শেষ জানাজার পর আমার দাদি আবেজান বেগমের কবরে চিরনিদ্রায় শায়িত করা হবে বাবাকে। কারণ বাবা বলে গেছেন, তাঁকে যেন মায়ের কবরে দাফন করা হয়।’

আরও পড়ুন
আজিজুর রহমান
ছবি : আলিয়া রহমানের সৌজন্যে

দীর্ঘদিন যাবৎ আজিজুর রহমান শ্বাসকষ্ট ও বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। শেষ এক বছর কৃত্রিম অক্সিজেন ছাড়া চলাফেরা করতে পারতেন না। আজিজুর রহমান প্রায় এক যুগ ধরে স্ত্রীসহ কানাডায় তাঁর দুই সন্তানের সঙ্গে থাকতেন।
আজিজুর রহমান ১৯৩৯ সালের ১০ অক্টোবর বগুড়ার সান্তাহার রেলওয়ে জংশন এলাকায় জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম রূপচান প্রামাণিক, মা আবেজান বেগম। তিনি স্থানীয় আহসানউল্লাহ ইনস্টিটিউট থেকে এসএসসি ও ঢাকা সিটি কলেজ থেকে এইচএসসি পাস করেছেন। চারুকলা আর্ট ইনস্টিটিউটে কমার্শিয়াল আর্টে ডিপ্লোমা করেছেন। অনেক সফল চলচ্চিত্রের পরিচালক আজিজুর রহমান ১৯৫৮ সালে ‘এ দেশ তোমার আমার’ চলচ্চিত্রে এহতেশামের সহকারী হিসেবে ক্যারিয়ার শুরু করেন। তাঁর নির্মিত প্রথম চলচ্চিত্র মৈমনসিংহের লোককথা নিয়ে ‘সাইফুল মূলক বদিউজ্জামান’ মুক্তি পায় ১৯৬৭ সালে।

আজিজুর রহমান ৫৪টি চলচ্চিত্র নির্মাণ করেছেন
ছবি : আলিয়া রহমানের সৌজন্যে

আজিজুর রহমান ৫৪টি চলচ্চিত্র নির্মাণ করেছেন। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো ‘ছুটির ঘণ্টা’, ‘অশিক্ষিত’, ‘মধুমালা’, ‘অপরাধ’, ‘পরিচয়’, ‘সাম্পানওয়ালা’, ‘ডাক্তার বাড়ি’, ‘গরমিল’, ‘রঙিন রূপবান’, ‘রঙ্গিন কাঞ্চন মালা’, ‘আলিবাবা চল্লিশ চোর’, ‘মায়ের আঁচল’, ‘মেহমান’, ‘জনতা এক্সপ্রেস’, ‘যন্তর মন্তর’, ‘মাটির ঘর’, ‘মহানগর’, ‘ফুলেশ্বরী’, ‘সোনার তরী’, ‘অনুভব’, ‘প্রতিদান’, ‘সাত বান্ধবী’, বস্তির রাণী’, ‘দিল’, ‘জমিদার বাড়ির মেয়ে’, ‘ঘর ভাঙা সংসার’, ‘কথা দাও’, ‘লজ্জা’, ‘সমাধান’ ইত্যাদি।

আরও পড়ুন
আরও পড়ুন