আট গান নিয়ে অর্ণব অ্যান্ড ফ্রেন্ডস ২ অ্যালবাম প্রকাশ করেছে সংগীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণবের ব্যান্ড ‘অর্ণব অ্যান্ড ফ্রেন্ডস’। ‘সে যে বসে আছে একা একা’, ‘হোক করলব’সহ পুরোনো গানগুলো নতুন সংগীতায়োজনে প্রকাশ করেছে ব্যান্ডটি। স্পটিফাইয়ে প্রকাশিত অ্যালবামটি নিয়ে বিনোদনের সঙ্গে কথা বলেছেন অর্ণব।
প্রশ্ন :
অ্যালবামটি প্রকাশের পর কেমন প্রতিক্রিয়া পাচ্ছেন?
খুব আজেবাজে প্রতিক্রিয়া পাচ্ছি। একজন লিখেছেন, পুরোনো গানই করে যাচ্ছি। আসলে এর আগে অর্ণব অ্যান্ড ফ্রেন্ডস অ্যালবাম বের হয়েছিল ২০০৯ সালে, তার প্রায় ১৫ বছর পর বের হলো অর্ণব অ্যান্ড ফ্রেন্ডস ২। এর ভেতর আমরা (ব্যান্ড) প্রচুর শো করেছি, শোতে গানগুলো পরিবেশন করলেও গানের কোনো ডকুমেন্টেশন ছিল না। ভালো রেকর্ডিংও করা হয়নি। তাই আমরা সিদ্ধান্ত নিলাম, স্টেজে যেসব গান করি, সেগুলো রেকর্ড করে অ্যালবাম করব। অর্ণব অ্যান্ড ফ্রেন্ডস অ্যালবাম প্রকাশের সময় ব্যান্ডের লাইন আপে যাঁরা ছিলেন, তাঁরা কেউই আর নেই। শেষ দশ বছর ব্যান্ডের নতুন লাইনআপে গান করছি। লাইনআপে ধীরে ধীরে পরিবর্তন আসছে। কোক স্টুডিওতে কাজ করছি, নতুন নতুন মিউজিশিয়ানের সঙ্গে কাজ করছি। এই লাইনআপ পরিবর্তন হওয়ার আগেই ভাবলাম, একটি অ্যালবাম বের করে ফেলি। এটা এমন নয় যে নতুন গান নিয়ে অ্যালবাম করেছি।
প্রশ্ন :
নতুন করে সংগীতায়োজন কেন করা হলো?
প্রথমে ইচ্ছা ছিল, লাইভ শোতে যেভাবে গানগুলো করেছিলাম সেভাবেই অ্যালবামটি করব। ‘সে যে বসে আছে একা একা’ গানের ভিডিওটা দেখে খুব ভালো লেগেছে। আমার মনে হলো, ভিডিওটা অন্যভাবে করা উচিত। কারণ, স্পেস সংস্করণের জন্য যে সাউন্ড দরকার, সেটা বিবেচনা করেই গানের রিমিক্স করা হয়েছে। গানের সংগীতায়োজন করেছেন অদিত রহমান, তাঁকে বলি, ভিডিওটি দেখে যেমনটা প্রয়োজন, সেভাবেই সাউন্ড স্কেপটা করো। কাজটা অসাধারণ করেছে অদিত।
প্রশ্ন :
সামাজিক যোগাযোগমাধ্যমে শ্রোতাদের কেউ কেউ বলছেন, ‘সে যে বসে আছে একা একা’সহ লাইভ শোতে পরিবেশন করা গানগুলোর সংগীতায়োজনই এগিয়ে থাকবে। তাঁদের কী বলবেন?
তাঁদের বলব, দেখেন আমার দায়িত্ব হলো অ্যালবামটা বের করা। যেটা করতে ভালো লাগে, সেটাই করা। সেটা বের করে প্ল্যাটফর্মে দিয়ে দেওয়া। আগে সিডি বের করতাম, সিডির দোকানে দিয়ে আসতাম। তখন তো কমেন্ট ছিল না, এখন অনেক প্রতিক্রিয়া পাই আমরা। মানুষ কী বলছে না বলছে, সেটা নিয়ে আমি একদমই মাথা ঘামাই না। যাঁরা শোনার, তাঁরা শুনবেন, যাঁরা শোনার না, তাঁরা শুনবেন না। কারও কাজ নিয়ে জাজ করার আমি কেউ নই। সময় আসলে ঠিক করবে, কোন কাজগুলো থাকবে, কোনগুলো থাকবে না। ভালো হয়েছে নাকি হয়নি, সেটা সেটা সময়ই বলবে।
প্রশ্ন :
‘অর্ণব অ্যান্ড ফ্রেন্ডস ২’ অ্যালবামের কাজ শুরু করেছিলেন কবে?
করোনার বিধিনিষেধের সময় অ্যালবামটা করার পরিকল্পনা করেছিলাম। বিধিনিষেধ শেষ হলেই আমরা সবাই দেখা করে গানগুলো রেকর্ড করলাম। গানগুলো রেকর্ডের মধ্যে চরকির ওরা আসে। গানগুলো নিয়ে আধখানা ভালো ছেলে, আধা মস্তান সিনেমাটা করি। আমদের ইচ্ছা ছিল, পুরোনো গানগুলো রেকর্ড করে রাখার। লাইভ পারফর্ম করি, সেগুলো কোথায় পাওয়া যাবে জানি না, ভিডিওর মান খুব একটা ভালো নয়। মুঠোফোনে শুট করে, সেটার রেফারেন্স কোথাও নেই। আমার মনে হয়, গানগুলো আর্কাইভে থাকা উচিত। কারণ তিন–চার বছর পর হয়তো গানগুলো করবই না। সে কারণেই ভাবলাম, রেকর্ড করে রাখি। রেকর্ড করে রাখা ছিল। এর মধ্যে কোক স্টুডিও নিয়ে ব্যস্ত ছিলাম। এখন মনে হলো, অ্যালবামটা বের করা যায়। তবে আমাদের নতুন গান করার বিষয়ে একমত। আমি গানগুলো রেকর্ড করে রেখেছিলাম, পরে মনে হয়েছিলম গানগুলো বের করা উচিত। সবার অভিযোগ এটাই, গানগুলো শুনেছি আমরা। কিন্তু গানগুলো কোনো একটা প্ল্যাটফর্মে ছিল না।
প্রশ্ন :
নতুন গান নিয়ে আপনার একটি একক অ্যালবাম আনার কথা ছিল, সেটার খবর কী?
আমার একক অ্যালবামের কাজ করছি। কাজটা মাঝপথে আছে। কোক স্টুডিওর কাজ শেষ হলে ওই কাজে হাত দিতে পারব। ওটা নিয়ে আমি খুব আগ্রহী। প্লিজ নিরাশ হবেন না, কোকে নতুন গান শুনতে পারবেন। এরপর সব নতুন অ্যালবাম নিয়ে আমার অ্যালবামটি আসবে। আমার নিজের একটি ওয়েবসাইট (theArnob. com) নিয়ে আসছি। আমার গানগুলো থাকবে।
প্রশ্ন :
ওয়েবসাইটে আর কী কী থাকবে?
আমার অ্যালবামগুলো পাওয়া যাবে, নতুন কাজের তথ্য, ছবি পাওয়া যাবে। আমার জুতা ও জ্যাকেটের লাইন আছে, সেগুলোও ওয়েবসাইটে থাকবে। পেমেন্ট গেটওয়ে ঠিক করছি। টাকা দিয়ে ডাউনলোড করে যে কেউ গান শুনতে পারবেন, ছবি কিনতে পারবেন।
প্রশ্ন :
কোক স্টুডিওর দ্বিতীয় মৌসুমের প্রথম গান আসছে ১৪ ফেব্রুয়ারি, এবারের আয়োজনে বিশেষ কী থাকছে?
প্রথম গানটা প্রকাশের পর বিষয়টি নিয়ে বলতে পারব।
প্রশ্ন :
‘নোনাজলের কাব্য’ সিনেমার পর আর কোনো সিনেমায় পাওয়া যাবে আপনাকে?
কয়েকটা কাজ এসেছে, এখনো সিদ্ধান্ত নিইনি।