এসেই আলোচনায়, কে এই তরুণ অভিনেত্রী
চরকি অরিজিনাল সিরিজ ‘আঁতকা’-তে অভিনয় করে নজর কেড়েছেন তরুণ অভিনেত্রী ফারিহা রহমান, পারু নামেই তিনি পরিচিত বেশি। ‘প্রেম আমার’ নাটকেও তাঁকে দেখা গেছে।
শাড়ি পরে ছবি তুলতে ভালোবাসেন পারু। ইনস্টাগ্রামে নিয়মিত নিজের ছবি পোস্ট করতেন। সে ছবির সূত্র ধরেই ২০২২ সালে এক বিজ্ঞাপনচিত্র নির্মাতার নজরে আসেন তিনি। বিজ্ঞাপনচিত্রে মডেলিং করবেন? আগপাছ না ভেবে ‘হ্যাঁ’ বলেছিলেন।
জীবনে প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়িয়েও ভয় পাননি, নিজের ওপর ভরসা রেখেছিলেন। প্রথম টেকেই শট ওকে। ২০২৩ সালে প্রচারে আসার পর বিজ্ঞাপনটি বেশ সাড়া ফেলেছিল। অভিষেকের পর প্রায় আট মাস আর কোনো কাজ করেননি। মডেলিং চালিয়ে যাবেন কি না, এ নিয়ে অনিশ্চয়তা ছিল।
পারুকে নিয়ে দ্বিতীয় বিজ্ঞাপনটি নির্মাণ করে সে অনিশ্চয়তা দূর করে দেন নির্মাতা আরাফাত মহসীন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। ২০টির মতো বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছেন পারু।
অভিনয়ে এসেই আলোচনায়
সেই আরাফাত মহসীনের হাত ধরে এবার অভিনয়েও নাম লেখালেন পারু। গত ১৫ জানুয়ারি চরকিতে মুক্তি পেয়েছে আঁতকা। সিরিজে মুনিয়া চরিত্রে অভিনয় করেছেন তিনি। সামাজিক যোগাযোগামাধ্যমে তাঁকে নিয়ে চলছে আলোচনা।
প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে পারু বলেন, ‘আঁতকা মুক্তির পর দর্শকের কাছ থেকে যে ভালোবাসা পাচ্ছি, আমার কাছে সেটা স্বপ্নের মতো। বিশেষ করে মুনিয়া চরিত্রটি নিয়ে অনেকে ব্যক্তিগতভাবে মেসেজ করছেন। সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া পাচ্ছি। প্রথম ওয়েব সিরিজেই এতটা সাড়া পাওয়া আমার জন্য সৌভাগ্যের।’
সিরিজটিতে অভিনয়ের প্রস্তাব পান গত অক্টোবরে। অডিশনে উত্তীর্ণ হওয়ার পর নভেম্বরে শুটিং করেছেন।
রহমানবাড়ির মেয়ে মুনিয়া চরিত্রটি পারুর হৃদয়ে দাগ ফেলেছে। তিনি বলেন, ‘চিত্রনাট্য পড়েই চরিত্রটা আমাকে টেনেছিল। মুনিয়া খুব সাধারণ একটা মেয়ে। কিন্তু তার ভেতরে অনেক না-বলা অনুভূতি আছে। দ্বন্দ্ব আছে। চরিত্রটিকে বাস্তব ও বিশ্বাসযোগ্য করার চেষ্টা করেছি যেন দর্শক আশপাশের কাউকে খুঁজে পায়। আমি নিজেও বাড়ির ছোট মেয়ে। আমি যখন চিত্রনাট্যটা পড়ি, তখন মনে হলো, এটা আমার জন্যই। এটা আমিই করব। কারণ, আমি এমনই। পাকনা। কথা বেশি বলি। কিন্তু আমার অনেক স্বপ্ন আছে।’
নাটকেও আছেন
আঁতকা সিরিজে কাজ করতে গিয়ে আরশ খান, সুনেরাহ্ বিনতে কামালের সঙ্গে ভালো বোঝাপড়া হয়ে যায়। সে সূত্র ধরেই প্রেম আমার নামের নাটকে আরশ খানের বিপরীতে অভিনয় করেছেন পারু। আঁতকার আগেই নাটকটি মুক্তি পায়।
দুই সপ্তাহের ব্যবধানে ৯৫ লাখের বেশিবার নাটকটি দেখা হয়েছে। এটি ছাড়া আরও চারটির মতো নাটকে কাজ করেছেন, সব কটিই মুক্তির অপেক্ষায় রয়েছে।
স্বপ্নের পথে
‘অভিনয়ের স্বপ্নটা ছোটবেলা থেকে ছিল। পরিবারের সঙ্গে নিয়মিত সিনেমা দেখতাম। আমি একটু চঞ্চল ছিলাম, ফলে পরিবারের সদস্যরা বলতেন, তোকে দিয়ে অভিনয় হবে,’ বলেন পারু।
ছোটবেলার সে স্বপ্নের পথেই হাঁটছেন পারু। মা তাঁকে দিনের পর দিন সমর্থন জুগিয়েছেন, পাশে থেকেছেন। তিনি বলেন, ‘পরিবারের সমর্থন না পেলে অভিনয়ে আসতে পারতাম না। আমার মা সবচেয়ে বড় শক্তি। শুটিং শেষে বাসায় ফিরতে অনেক সময় ভোরও হয়ে যায়। মা আমার জন্য খাবার নিয়ে বসে থাকে। পরিবারের প্রতি আমি কৃতজ্ঞ।’
পারুর প্রিয় অভিনয়শিল্পীদের তালিকায় আছেন শাহরুখ খান, ঐশ্বরিয়া রায়, চঞ্চল চৌধুরী, তাহসান রহমান খান ও আফরান নিশো। তাঁর জন্ম ও বেড়ে ওঠা ঢাকার মিরপুরে। পড়াশোনা করছেন ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশে।