হালের আলোচিত তিন অভিনয়শিল্পীকে কতটা চেনেন
আলো ছড়াচ্ছেন হালের তিন তরুণ অভিনয়শিল্পী মাফতুহা জান্নাত জীম, সমিক ইসলাম ও অনিন্দিতা মিমি।
মডেল থেকে অভিনেত্রী
শৈশবে নাচতেন জীম, টেলিভিশনেও তাঁকে দেখা গেছে। কৈশোরে এসে নির্মাতা অমিতাভ রেজা চৌধুরীর বিজ্ঞাপনচিত্রে মডেল হন। একের পর এক বিজ্ঞাপনে মডেলিং করেছেন।
বিজ্ঞাপনের সূত্র ধরেই নির্মাতা অনম বিশ্বাসের সঙ্গে পরিচয়। তাঁর দেবী দিয়ে অভিনয়ে অভিষেক। ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাটিতে পার্শ্বচরিত্রে অভিনয় করেছেন তিনি।
২০২৩ সালে বাবু সিদ্দিকীর সিক্রেট গার্লফ্রেন্ড দিয়ে নাটকে অভিষেক।
২০২৪ সাল থেকে নাটকের নিয়মিত মুখ জীম। সুফিয়া নূর, বুক পকেটে তুমি, বুনোফুল, দোষটা কার ইত্যাদি নাটকে অভিনয় করেছেন তিনি। যত্ন সিরিয়ালে অভিনয় করে পরিচিতি পান। সপ্তাহ তিনেক আগে মুক্তি পেয়েছে নীল রেইনকোট। রুবেল আনুশ পরিচালিত নাটকটির জন্য ভালো সাড়া পাচ্ছেন বলে জানান এই তরুণ অভিনেত্রী।
প্রায় আড়াই মাস ধরে টানা কাজ করে শেষ করেছেন এক ডজনেরও বেশি নাটকের শুটিং। বেশির ভাগ নাটকই ঈদে মুক্তি পাবে। এসব নাটকে তাঁর সহশিল্পী আরশ খান, প্রান্তর দস্তিদার ও সাদ সালমি নাওভী।
ময়মনসিংহে জীমের জন্ম ও বেড়ে ওঠা। বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে স্নাতক করছেন।
‘হিরো হতে চাই’
চ্যানেল আইয়ের ‘কে হবে মাসুদ রানা?’ দিয়ে পরিচিতি পান সমিক ইসলাম। ২০১৯ সালের রিয়েলিটি শোটির সেরা দশে ছিলেন। পরে নির্মাতা মোস্তফা কামাল রাজের ফ্যামিলি ক্রাইসিস ধারাবাহিকে কাজ করেন। তবে এরপর আর তাঁকে নিয়মিত দেখা যায়নি। কারণ কী? সমিক ইসলাম বলেন, ‘আমার অভিনয় দেখে মনে হলো যেখানে নিজেকে দেখতে চাই, এই যোগ্যতা দিয়ে সেখানে যেতে পারব না। আমাকে থামতে হবে। নিজেকে আরও শাণিত করতে হবে। ফলে কাজ বন্ধ করে দিই।’
পর্দা থেকে বিরতি নিয়ে মঞ্চনাটকে যুক্ত হন, মার্শাল আর্ট শেখেন, নাচের চর্চাও করেন। দুই বছরের বিরতি ভেঙে ২০২২ সালে একটি ধারাবাহিকে অভিনয় করেন। পরে আবার বিরতি।
২০২৪ সালের নভেম্বরে তোমার আমার প্রেম দিয়ে একক নাটকে অভিষেক। এরপর নাটকে নিয়মিত কাজ করছেন। সমিকের ভাষ্য, ‘পড়াশোনা করার পর যদি পরীক্ষা না দিই, তাহলে মেধাক্রমে কোথায় আছি, বুঝতে পারব না। নিজেকে বিচার করার জন্য তো পরীক্ষা দরকার। ফলে নিয়মিত নাটক করছি।’
এর মধ্যে তাঁর সাতটি নাটক মুক্তি পেয়েছে। শেষ করেছেন আরও এক ডজন নাটকের কাজ। এগুলো ঈদে মুক্তির অপেক্ষায় রয়েছে।
সমিকের জন্ম ও বেড়ে ওঠা গাজীপুরের জয়দেবপুরে।
‘অভিনয়ে বাঁচতে চাই’
২০২০ সালে বিজ্ঞাপনচিত্রের মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করেন অনিন্দিতা মিমি। তিন বছর পর বঙ্গ অরিজিনাল ড্রামা সিরিজ গার্লস স্কোয়াড দিয়ে অভিনয়ে অভিষেক।
মাঝে পড়াশোনার জন্য অভিনয় থেকে দেড় বছর বিরতি।
২০২৫ সালে পুরোদমে অভিনয়ে ফেরেন। মোয়াজ্জিন নাটকে অভিনয় করে পরিচিতি পান। গত বছর ১৫টির বেশি নাটকে মিমিকে দেখা গেছে। অল্প সময়ের অভিনয় ক্যারিয়ারে মোয়াজ্জিন ছাড়াও সেলস গার্ল, পাপ–এর মতো আলোচিত নাটকে অভিনয় করেছেন। তাঁর প্রিয় অভিনয়শিল্পীদের তালিকায় রয়েছেন—আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী।
তাঁর জন্ম ও বেড়ে ওঠা ময়মনসিংহে। আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ থেকে আইনে পড়াশোনা শেষ করেছেন। অভিনয়ের বাইরে একটি ল ফার্মে যুক্ত আছেন।