সৌদি আরবের চলচ্চিত্র উৎসব স্থগিত, আলোচনায় নিরাপত্তা পরিস্থিতি

রেড সি উৎসবে ডাকোটা জনসন। এএফপি ফাইল ছবি

সৌদি আরবের সবচেয়ে আলোচিত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগুলোর একটি রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলতি বছর ডিসেম্বরেই বসার কথা ছিল উৎসবটির ষষ্ঠ আসর। কিন্তু শেষ মুহূর্তে সেই আয়োজন স্থগিত করেছে রেড সি ফিল্ম ফাউন্ডেশন। ফলে ২০২৬ সালে আর বসছে না উৎসবটি। আগামী বছরের শেষ প্রান্তিকে, অর্থাৎ অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে কোনো এক সময়ে ফেরার কথা জানিয়েছে আয়োজকেরা।

এবারের উৎসব হওয়ার কথা ছিল আগামী ৩ থেকে ১২ ডিসেম্বর জেদ্দায়। চলচ্চিত্র জমা দেওয়ার প্রক্রিয়া ও নিবন্ধনও ইতিমধ্যে শেষ হয়েছিল। তবে গতকাল এক বিবৃতিতে রেড সি ফিল্ম ফাউন্ডেশন জানায়, পরবর্তী আসরের সময় নির্ধারণসহ আন্তর্জাতিক পর্যায়ের এত বড় একটি আয়োজনের লজিস্টিক বিষয়গুলো নিয়ে বিস্তারিত পর্যালোচনার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ফাউন্ডেশন বলেছে, ২০২৭ সালে উৎসব ফিরবে ‘নতুন দৃষ্টিভঙ্গি’ ও নতুন কর্মসূচি নিয়ে। সৌদি আরব, আরব অঞ্চল ও বিশ্বের অন্যান্য দেশের চলচ্চিত্র এবং নির্মাতাদের উদ্‌যাপন করাই থাকবে উৎসবটির অন্যতম লক্ষ্য।

নিরাপত্তা পরিস্থিতিও আলোচনায়
আয়োজকদের আনুষ্ঠানিক বিবৃতিতে আঞ্চলিক রাজনৈতিক বা নিরাপত্তা পরিস্থিতিকে সরাসরি কারণ হিসেবে উল্লেখ করা হয়নি। তবে উৎসব স্থগিতের খবরটি এসেছে মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক উত্তেজনা এবং সৌদি আরবকে ঘিরে নিরাপত্তা উদ্বেগের মধ্যে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এসব বিষয়ও আলোচনায় এসেছে।
তবে রেড সি ফিল্ম ফাউন্ডেশনের ভাষ্য অনুযায়ী, সিদ্ধান্তটি নেওয়া হয়েছে মূলত উৎসব আয়োজনের সময় ও বিশাল পরিসরের লজিস্টিক প্রয়োজন বিবেচনা করে।

সৌদির চলচ্চিত্রজগতের বড় আয়োজন
২০১৯ সালে প্রতিষ্ঠিত রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব সৌদি আরবের চলচ্চিত্রশিল্প বিকাশের অন্যতম গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হয়ে উঠেছে। দেশটিতে ৩৫ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে বাণিজ্যিক প্রেক্ষাগৃহে সিনেমা প্রদর্শন ফের শুরু হওয়ার পর চলচ্চিত্রশিল্পকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে বেশ কিছু উদ্যোগ নেয় সৌদি সরকার। রেড সি উৎসবও সেই বৃহত্তর পরিকল্পনার অংশ।

রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে রণবীর কাপুর
ছবি : এএফপি

জেদ্দার ঐতিহাসিক আল-বালাদ এলাকায় আয়োজিত এই উৎসব গত কয়েক বছরে শুধু চলচ্চিত্র প্রদর্শনের জায়গা নয়, আরব বিশ্বের নির্মাতা, প্রযোজক, অভিনয়শিল্পী ও আন্তর্জাতিক চলচ্চিত্র ব্যবসার গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মিলনস্থলে পরিণত হয়েছে। এর চলচ্চিত্র বাজার ‘রেড সি সুক’ও মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলের গুরুত্বপূর্ণ চলচ্চিত্র বাজার হিসেবে পরিচিতি পেয়েছে।

২০২৫ সালের আসরে হলিউড ও আন্তর্জাতিক অঙ্গনের একাধিক তারকা অংশ নিয়েছিলেন। ড্যাকোটা জনসন, উমা থারম্যান, আনা দে আরমাস, কুইন লতিফাহ, ভিন ডিজেল ও মাইকেল কেইনের মতো তারকাদের উপস্থিতিতে উৎসবের লালগালিচা ছিল তারকাবহুল। সেই আসরের বিচারকদের প্রধান ছিলেন অস্কারজয়ী নির্মাতা শন বেকার।

আরও পড়ুন

২০২৬ সালে উৎসব না হলেও রেড সি ফিল্ম ফাউন্ডেশনের অন্যান্য কার্যক্রম বন্ধ হচ্ছে না। রেড সি ফান্ড ও রেড সি ল্যাব আগের মতোই চলচ্চিত্র নির্মাতা ও প্রকল্পকে সহায়তা করবে। ফাউন্ডেশন জানিয়েছে, নভেম্বর থেকে জেদ্দার ঐতিহাসিক ‘কালচার স্কয়ার’-এ সারা বছর চলচ্চিত্র প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং চলচ্চিত্রশিল্প–সংশ্লিষ্ট বিশেষ কর্মসূচি চালু হবে।

ভ্যারাইটি অবলম্বনে