রস+আলো
আহসান হাবীবের প্রিয় ৪ কৌতুক
ব্যক্তিজীবনে দারুণ কৌতুকপ্রিয় বলেই দীর্ঘ দিন ধরে এসব নিয়ে তাঁর জীবনযাপন এবং কাজকারবার। ভীষণ সিরিয়াস মুহূর্তেও তাঁর মাথায় উঁকি দেয় দারুণ রসাত্মক সব কৌতুক। এমনই ৪টি প্রিয় কৌতুকের সঙ্গে কার্টুন আঁকলেন ‘গ্র্যান্ডফাদার অব জোকস’ আহসান হাবীব।
এক সরকারি কর্মকর্তা জরুরি ফাইল নিয়ে আরেক অফিসে যাচ্ছিলেন। হঠাৎ দাঁড়িয়ে পড়ে পা দিয়ে একটা শামুককে থেঁতলে ফেললেন।
‘এটা কেন করলেন?’ পাশ থেকে একজন জানতে চাইলেন, ‘নিরীহ শামুকটা আপনাকে কী করেছিল?’
‘ফাজিলটা সকাল থেকে আমার পায়ে পায়ে আছে।’
: পিটি পরীক্ষায় ফেল করেছিস মানে? পিটিতে কেউ ফেল করে? হাত–পা নাড়ালেই তো পাস। কী হয়েছিল, খুলে বল।
: প্রথমে স্যার বললেন, ‘ডান পা তোলো।’ আমি তুললাম। তারপর স্যার যখন বাঁ পা তুলতে বললেন, আমি বললাম, ‘বাঁ পা তুলে আমি আছাড় খেয়ে পড়ব নাকি?’ তখনই স্যার ফেল করিয়ে দিলেন। এতে আমার ভুলটা কোথায়?
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মিত্রবাহিনীর এক প্লাটুন কমান্ডার তাঁর বাহিনীকে ব্রিফিং করছিলেন, ‘মনে রেখো, সামনেই আছে তোমার শত্রু, যে তোমাদের জীবন অতিষ্ঠ করে তুলেছে। তোমাদের হত্যা করতে চায়। দিনের পর দিন তিল তিল করে তোমাদের ক্ষতি করে চলেছে, সেই যুদ্ধের শুরু থেকে আজ পর্যন্ত...।’
এই সময় এক সৈন্য লাফিয়ে উঠে বললেন, ‘হায় ঈশ্বর, আমাদের বাবুর্চি তাহলে জার্মানদের হয়ে কাজ করছে!’
ডাক্তার ও রোগীর কথোপকথন।
ডাক্তার: আপনার জন্য একটা খারাপ খবর ও একটা ভালো খবর আছে। কোনটা আগে শুনতে চান?
রোগী: খারাপ খবরটাই আগে শুনি।
ডাক্তার: আপনার যে রোগ হয়েছে, তাতে করে আপনার সব প্রিয় খাবার বন্ধ। এখন থেকে আপনার চকলেট, মিষ্টি, আইসক্রিম, চা-কফি, পিৎজা, চিকেন, বিফ, ফ্রায়েড রাইস, মাটন—সব বন্ধ।
রোগী: হায় ঈশ্বর, তাহলে খাব কী?
ডাক্তার: শুধু সবুজ শাকসবজি খাবেন এবং বাকি জীবন এই খেয়েই বাঁচতে হবে।
রোগী: বলেন কি? বাকি জীবন শুধু এসবই খেতে হবে?
ডাক্তার: হ্যাঁ। তবে ভালো খবর হচ্ছে, এই খাবার আপনাকে আর মাত্র মাস দুয়েক খেলেই হবে।