আমার চাই স্পাইসি লাইফ

কার্টুন: অপূর্ব দীপ্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমাদের এলাকা অতিনিরানন্দ এক জায়গা। অন্য এলাকায় কম ভাড়ায় ভালো বাসা পেলে চলে যাব। এ পাড়ার বুড়োগুলো সব সময় মেজাজ খিঁচড়ে থাকেন। তাঁরা অন্যদের বকাবকি করে পরম আনন্দ বোধ করেন। মায়েরা ছেলেমেয়েদের পড়া, কোচিং আর পরীক্ষা নিয়ে নাস্তানাবুদ। কিশোর আর তরুণেরা সারা দিন ঝিম মেরে থাকে। দেখলে বিরক্ত লাগে। 

যখন আমার আরেক পাড়ায় নতুন বাসা পাওয়ার সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠেছে, তখন এই পাড়াও কীভাবে যেন জেগে জ্বলে উঠল। ঘটনা কী! ঘটনা গুরুত্বপূর্ণ। তিনি ফিরবেন। এই খবর আমাদের পাড়ার জীবনযাত্রায় আমূল পরিবর্তন নিয়ে এসেছে।

রফিক সাহেব এক কেজি মিষ্টি কিনে বাড়ি ফিরলেন।

স্ত্রী জিজ্ঞেস করলেন, ‘মিষ্টি কেন?’

‘উনি ফিরবেন।’

‘উনি কি তোমার আত্মীয়? ওনার কোনো আত্মীয় কি এ তল্লাটে আছে? তিনি কার কাছে ফিরবেন!’

রফিক সাহেব বিরক্ত মুখে বললেন, ‘আত্মীয় হতে হবে কেন? তিনি ফিরছেন, এটা কি কম আনন্দের?’

‘কবে ফিরবেন?’

‘শিগগিরই।’

‘শিগগির মানে?’

‘এই তো, শিগগিরই। ডেট একজন দিয়েছেন, কিন্তু বিশ্বাস করতে পারছি না।’

স্ত্রী মিষ্টির বাক্স ফ্রিজে রেখে দিলেন। বাংলাদেশে শিগগিরই কখনো প্রলম্বিত হয়ে যায়। কখনো আর আসেই না।

বুড়োরা পাড়ায় স্বাগত কমিটি বানিয়ে ফেলেছেন। কমিটির নাম নিয়ে তিন ঘণ্টা আলোচনা হয়েছে। কমিটির নাম রাখা হয়েছে ‘ফিরে আসা বাস্তবায়ন শপথ নেওয়া ও আনন্দ উদ্‌যাপন কমিটি’।

একজন মিনমিন করে তখনো বলে যাচ্ছেন, ‘কমিটির নাম বেশি বড় হয়ে গেল। নাম ছোট হলে বলতে সুবিধা।’

কমিটির নাম সংক্ষেপ করে রাখা হয়েছে,  ‘ফিআ বাশ নেওআ উ কমিটি’।

পাড়ার মুরুব্বি কাদের চাচা দায়িত্ব নিয়েছেন খবর পর্যবেক্ষণের। তিনি সারাক্ষণ টিভিতে টক শো দেখেন। সোশ্যাল মিডিয়ায় রিলস দেখেন। একদিন চায়ের দোকানে এসে বললেন, ‘খবর খুব কাছাকাছি।’

‘কীভাবে বুঝলেন?’

‘আজ টেলিভিশনে একজনকে দেখলাম, কথা বলতে গিয়ে তিনবার গলা পরিষ্কার করলেন।’

‘তাতে কী?’

‘বড় খবর থাকলে মানুষ গলা পরিষ্কার করে।’

কাদের চাচা নিজেও গলা পরিষ্কার করতে শুরু করলেন। কয়েক দিন পর তার গলা বসে গেল। ডাক্তার জিজ্ঞেস করলেন, ‘কী হয়েছে?’

কাদের চাচা কাগজে লিখলেন, ‘তিনি ফিরবেন।’

ডাক্তার বললেন, ‘কে?’

কাদের চাচা লিখলেন, ‘তিনি।’

ডাক্তার প্রেসক্রিপশনে লিখলেন, ‘টেলিভিশন দেখা, সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি বন্ধ। রোগীকে গুজবমুক্ত পরিবেশে রাখুন।’

মজনু স্বাগত জানানোর জন্য ফুল কিনেছে। বাবুল মাইক ভাড়া করেছে। রফিক সাহেব তিনবার মিষ্টি কিনেছেন। প্রতিবারই অপেক্ষা করতে করতে মিষ্টি শেষ হয়ে গেছে।

একদিন শফিক চায়ের দোকানে এসে বলল, ‘তোমরা এত অপেক্ষা করছ কেন?’

সবাই একসঙ্গে বলে উঠেছে, ‘তিনি ফিরবেন!’

শফিক চা খেতে খেতে বলল, ‘ফিরলে ফিরবেন। তোমরা কি অপেক্ষা করতে করতে নিজেরাও কোথাও চলে যাবে? অঙ্ক মেলে না। নর্তন-কুর্দন সার হবে।’

এ কথা শুনে সবাই আবার ঝিমাতে শুরু করল। শফিকের এই কাজ আমার ভালো লাগেনি। তিনি ফিরবেন, সেই উত্তেজনায় পাড়া কী রকম উত্তপ্ত হয়ে উঠেছিল। শফিক তাতে পানি ঢেলে দিয়েছে। আমাকে আবার অন্য পাড়ায় বাড়ি খুঁজতে বেরোতে হবে। উত্তেজনা ছাড়া জীবন নিদারুণ পানসে। আমার চাই স্পাইসি লাইফ।

আরও পড়ুন
আরও পড়ুন
আরও পড়ুন
আরও পড়ুন
আরও পড়ুন
আরও পড়ুন
আরও পড়ুন
আরও পড়ুন
আরও পড়ুন
আরও পড়ুন
আরও পড়ুন
আরও পড়ুন
আরও পড়ুন
আরও পড়ুন