কীভাবে এআই ব্যবহার করতে হয়, শিখতে চাইলে করতে পারেন এই ৫ কোর্স
লেখা সম্পাদনা কিংবা ছবি তৈরির মতো কাজে এআইয়ের ব্যবহার এখন আর নতুন কিছু নয়। কিন্তু আরও বিশেষায়িত কাজে কীভাবে এআইকে কাজে লাগাতে হয়, সে সম্পর্কে আমাদের অনেকেরই ভালো ধারণা নেই। তা ছাড়া এআই কীভাবে কাজ করে, তা জানাটাও এখনকার সময়ে ভীষণ প্রয়োজন, সামনে এই প্রয়োজনীয়তা আরও বাড়বে। সুখবর হলো—গুগল, ওপেনএআই এবং মাইক্রোসফটের মতো শীর্ষ প্রতিষ্ঠানগুলো এআই সম্পর্কে প্রশিক্ষণ দিতে বেশ কিছু চমৎকার কোর্স চালু করেছে। এখানে থাকল নির্বাচিত ৫ কোর্সের তথ্য।
গুগল এআই এসেনশিয়ালস
গুগলের এই কোর্সটি বিশেষ করে তাঁদের জন্য, যাঁরা এআইয়ের ব্যবহারিক প্রয়োগ শিখতে চান। এটি দৈনন্দিন কাজ এবং পড়াশোনার উৎপাদনশীলতা বাড়াতে সাহায্য করে। কোর্সেরার এই কোর্সে এখন পর্যন্ত বিশ্বের ১৬ লাখের বেশি শিক্ষার্থী ভর্তি (এনরোল) হয়েছেন।
কেন করবেন: ধরুন, একটি বড় গবেষণাপত্রের সারসংক্ষেপ করতে হবে, অথবা একটি জটিল ই–মেইল লিখতে হবে। এই কোর্স আপনাকে শেখাবে, কীভাবে সঠিক প্রম্পট দিয়ে কয়েক সেকেন্ডে নির্ভুলভাবে কাজটি করা যায়। এ ছাড়া উপাত্ত বিশ্লেষণ (ডেটা অ্যানালাইসিস) এবং প্রকল্প পরিকল্পনার (প্রজেক্ট প্ল্যানিং) কৌশলও এতে অন্তর্ভুক্ত।
কী শেখানো হয়: জেনারেটিভ এআইয়ের মূল ধারণা, প্রম্পট লেখা এবং এআইয়ের দায়িত্বশীল ব্যবহার সম্পর্কে আপনাকে ধাপে ধাপে শেখানো হবে। এতে দৈনন্দিন কাজের গতি বাড়বে। পছন্দের আউটপুট পেতে আপনি স্পষ্ট ও নির্দিষ্ট প্রম্পট লেখার কৌশল শিখতে পারবেন।
সময়: প্রায় ১০-১৫ ঘণ্টা (নিজস্ব গতিতে)।
কোর্সের লিংক দেখুন এখানে।
প্রম্পট ইঞ্জিনিয়ারিং
চ্যাটজিপিটির মতো লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল থেকে সেরা আউটপুট পাওয়ার জন্য প্রম্পট ইঞ্জিনিয়ারিং একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দক্ষতা। যুক্তরাষ্ট্রের ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জুলস হোয়াইট এই কোর্সটি পরিচালনা করছেন।
কেন করবেন: রিসার্চ পেপার বা অ্যাসাইনমেন্টের জন্য কীভাবে নিখুঁত কমান্ড দিতে হয়, তা জানতে এই কোর্সটি দারুণ সহায়ক। আপনি যদি অ্যাসাইনমেন্ট তৈরির ক্ষেত্রে এআইকে গৎবাঁধা প্রম্পট দেন, ভুলে ভরা তথ্য পাওয়ার আশঙ্কা থেকেই যাবে। কিন্তু এই কোর্সটি আপনাকে শেখাবে, কীভাবে নির্দিষ্ট ব্যক্তি (যেমন একজন পিএইচডি গবেষক হিসেবে উত্তর দাও) এবং কনটেক্সট নির্ধারণ করে একাডেমিক পর্যায়ের আউটপুট বের করতে হয়।
কী শেখানো হয়: প্রম্পট প্যাটার্ন, ফিউ-শট লার্নিং এবং সৃজনশীল লেখা উন্নত করার কৌশল।
সময়: প্রায় ১৮ ঘণ্টা।
কোর্সের লিংক দেখুন এখানে।
আগামী ৩-৪ বছরের মধ্যে প্রায় প্রতিটি সেক্টরেই এআই দক্ষতা বাধ্যতামূলক হয়ে দাঁড়াবে। আমরা অনেকেই জিপিটি বা জেমিনাই ব্যবহার করি, কিন্তু সঠিক প্রম্পট লেখার কৌশল না জানার কারণে মানসম্মত উত্তর পাই না। বিভিন্ন কোর্স আপনাকে সেই প্রম্পট ইঞ্জিনিয়ারিং শেখাবে। সব কাজেই এআই টুলস ব্যবহারের সুযোগ তৈরি হচ্ছে। এ কারণে ক্যারিয়ারের ধরন বদলে যাচ্ছে। বিজ্ঞানে পড়ছি বলে বেশি জানতে হবে, বা মানবিকে পড়েছি বলে না জানলেও চলবে, এখন আর বিষয়টা এমন না। যাঁরা পশ্চিমা দুনিয়ার বিশ্ববিদ্যালয়ে পড়েন, তাঁরা শিক্ষাক্ষেত্রে ডিজিটাল টুলস এবং প্রযুক্তি ব্যবহারের বেশি বেশি সুযোগ পান। বাংলাদেশের শিক্ষার্থীরা এ ক্ষেত্রে কিছুটা ডিজিটাল বৈষম্যের শিকার। এই বৈষম্য কমাতে এআই টুলসের ব্যবহার না শিখলে পিছিয়ে পড়তে হবে।মো. ইফতেখারুল আমিন, অধ্যাপক, ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়
এআই ফর বিগিনার্স
মাইক্রোসফট এই কোর্সটি সাজিয়েছে একটি ওপেন সোর্স কারিকুলাম হিসেবে। যাঁরা ভিডিও দেখার চেয়ে পড়ে এবং কোড লিখে শিখতে পছন্দ করেন, তাঁদের জন্য এটি আদর্শ। এই কোর্স এআইয়ের পেছনের মূল বিজ্ঞান বুঝতে আপনাকে সাহায্য করবে।
কেন করবেন: এটি কোনো ভিডিওনির্ভর কোর্স নয়। এই কোর্স একটি ওপেন সোর্স প্রজেক্ট, যেখানে টেক্সট এবং কোডের মাধ্যমে শেখানো হয়। ছবি দেখে এআই কীভাবে বোঝে যে ছবিতে একটি বিড়াল আছে, নাকি কুকুর (কম্পিউটার ভিশন); কিংবা কীভাবে সে বিভিন্ন ভাষা অনুবাদ করে—এই সব বিষয় টেক্সট এবং প্র্যাকটিক্যাল কোডিংয়ের মাধ্যমে সহজভাবে বোঝানো হয়।
কী শেখানো হয়: নিউরাল নেটওয়ার্ক, কম্পিউটার ভিশন, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এবং এআইয়ের ইতিহাস।
সময়কাল: ১২ সপ্তাহ (সাপ্তাহিক ২-৩ ঘণ্টা)।
কোর্সের লিংক দেখুন এখানে।
এআই ফর এভরিওয়ান
বিখ্যাত এআই বিশেষজ্ঞ অ্যান্ড্রু এনজি কোর্সটি তৈরি করেছেন। যাঁরা বিজ্ঞান বা প্রযুক্তির শিক্ষার্থী নন, এই কোর্স মূলত তাঁদের জন্য সাজানো।
কেন করবেন: এআই আসলে কী করতে পারে আর কী পারে না, বোঝার জন্য এটি প্রাথমিক পর্যায়ের সেরা কোর্স। একটি কোম্পানি কীভাবে তাদের ব্যবসায় এআই যুক্ত করতে পারে কিংবা এআই কি আসলেই মানুষের সব চাকরি দখল করে নেবে? এ ধরনের বাস্তবসম্মত প্রশ্নের উত্তর এবং এআইয়ের সীমাবদ্ধতা এই কোর্সে দারুণভাবে ব্যাখ্যা করা হয়েছে।
কী শেখানো হয়: এআই টার্মিনোলজি, ডেটা সায়েন্সের কাজের ধারা এবং সমাজে এআইয়ের প্রভাব।
সময়: ৬ ঘণ্টা।
কোর্সের লিংক দেখুন এখানে।
ক্যারিয়ার এসেনশিয়ালস ইন জেনারেটিভ এআই
মাইক্রোসফট ও লিংকডইন লার্নিং এই বিশেষ সার্টিফিকেশন কোর্সটি তৈরি করেছে। সরাসরি চাকরির বাজারের চাহিদার কথা মাথায় রেখেই এটি তৈরি। এই কোর্স একজন শিক্ষার্থীকে পেশাদার কর্মক্ষেত্রে এআই ব্যবহারে দক্ষ করে তোলে। কোর্সের বর্ণনায় বলা হয়েছে, ‘জেনারেটিভ এআই কাজের ধরন বদলে দিয়ে বিভিন্ন শিল্প খাতকে নতুন আকার দিচ্ছে। এই কোর্স সৃজনশীল বিপ্লবে আপনাকে সহায়তা করবে। এর মাধ্যমে কনটেন্ট তৈরি, বিভিন্ন মডেলের কাজ, ভবিষ্যতের গতিপথ, নীতিগত নানা বিষয় থেকে শুরু করে মাইক্রোসফট কো–পাইলটের মতো টুল ব্যবহারের সুযোগ সম্পর্কে জানতে পারবেন।’
কেন করবেন: কর্মক্ষেত্রে কীভাবে দায়িত্বশীলতার সঙ্গে এআই ব্যবহার করবেন, কীভাবে তথ্যের গোপনীয়তা বজায় রাখবেন, কীভাবে এআইকে আপনার সহকারী হিসেবে ব্যবহার করে পেশাজীবনে এগিয়ে যাবেন, সেসব দিকনির্দেশনা দেওয়া হয়েছে এই কোর্সে।
কী শেখানো হয়: জেনারেটিভ এআই টুলস, এথিকস এবং অনলাইন সার্চ ইভোল্যুশন।
সময়: ৪ ঘণ্টা।
কোর্সের লিংক দেখুন এখানে।