ঈদের আগে পারলারে কোন সেবা কখন নেবেন

ঈদের ঠিক আগে সৌন্দর্যচর্চা কেন্দ্রগুলো থেকে কোন সেবা কখন নেওয়া উচিত, জানা থাকলে সর্বোচ্চ ইতিবাচক ফলাফল পাওয়া যায়। এ বিষয়ে বিন্দিয়া এক্সক্লুসিভ বিউটি কেয়ারের রূপবিশেষজ্ঞ শারমিন কচি-র সঙ্গে কথা বলে লিখেছেন রাফিয়া আলম

ঈদের আগে সেবা নিলে ত্বক থাকবে ভালোছবি: প্রথম আলো

চুল

ঈদের আগে যদি চুল কাটাতে চান, তাহলে খুব বেশি সময় কিন্তু আর হাতে নেই। নির্দিষ্ট কোনো দিনকে উপলক্ষ করে চুল কাটাতে চাইলে তার অন্তত ১৫ দিন আগেই চুল কাটাতে হয়। কারণ, চুল কাটার পরপরই তা কিছুটা অন্য রকম দেখায়। কাট ঠিকঠাক হতে একটু সময় লেগেই যায়। আবার এমনও হতে পারে, যে রকম ভেবে চুল কাটিয়েছিলেন, চুল সেট হতে হতে আপনাকে ঠিক সে রকম দেখাচ্ছে না। তাই হাতে সময় রেখে চুল কাটানোই ভালো। তাহলে প্রয়োজনে চুল আরও কিছুটা ঠিকঠাক করিয়ে নেওয়ার সুযোগ পাবেন। এমনকি আগে যে কাট ছিল, সেটাও যদি পুনরায় করা হয়, সে ক্ষেত্রেও অন্তত ১৫ দিন সময় হাতে রাখা ভালো।

এ বছর চুলের কাটে তৈরি হবে নিজস্ব স্টাইল স্টেটমেন্ট
মডেল: আনসা ও আফসানা। পোশাক: লা’রিভ, সাজ: পারসোনা। ছবি: সুমন ইউসুফ

চুলে যদি এমন কোনো স্টাইল করান, যেটাতে রাসায়নিক ব্যবহার করা লাগে, তাহলে সেটিও অন্তত ১৫ দিন আগেই সেরে ফেলুন। তাহলে ঈদের দিন চুলের স্টাইল থাকবে সুন্দর। চুলে রং করা বা চুল রিবন্ডিং করা এ ধরনের প্রক্রিয়া। কিছু প্রক্রিয়ায় কোনো উপাদান প্রয়োগের পর ৪৮ ঘণ্টা অপেক্ষা করতে হয়। তাই হুট করে ঈদের আগের দিন পারলারে হাজির হয়ে এসব কাজ আপনি করিয়ে ফেলতে পারবেন না। অন্যদিকে হেয়ার স্পা বা চুলের ডিপ কন্ডিশনিং করাতে পারেন ঈদের দুই-তিন দিন আগে। তাতে ঈদের দিন চুল থাকবে প্রাণবন্ত।

আরও পড়ুন

মুখ ও ভ্রু

যে ধরনের ফেশিয়াল করাতে চান, তাতে রাসায়নিকের ব্যবহার আছে কি না, জেনে নিয়েই ঠিক করতে হবে ফেশিয়ালের সময়। রাসায়নিক ব্যবহারের প্রয়োজন নেই, এমন ফেশিয়াল ঈদের দুই থেকে পাঁচ দিন আগে করাতে পারেন। যেসব ফেশিয়ালে রাসায়নিক ব্যবহার করা হয়, সেগুলো করাতে হবে ঈদের অন্তত ১০-১২ দিন আগে।

রাসায়নিক ব্যবহারের প্রয়োজন নেই, এমন ফেশিয়াল ঈদের দুই থেকে পাঁচ দিন আগে করাতে পারেন
ছবি: প্রথম আলো

ফেয়ার পলিশ বা হোয়াইটেনিং ফেশিয়াল এ ধরনের প্রক্রিয়া। চুলের কাজ করাতে যদি ঈদের ১৫ দিন আগে পারলারে যান, তাহলে সেই সময়ই করিয়ে নিতে পারেন কোনো অ্যাডভান্সড ফেশিয়াল। নিয়মিত কোনো ফেশিয়াল নিতে থাকলে সেই ফেশিয়াল ছাড়াও বিশেষ ধরনের ফেশিয়াল করানোর সুযোগ রয়েছে। সে ক্ষেত্রে কোনটা কখন করবেন, তা ওই পারলারে কথা বলে আগেভাগেই ঠিক করে রাখুন। মেছতা বা ব্রণের মতো সমস্যার জন্য কোনো নির্দিষ্ট চিকিৎসা চললে তা বাদ দেওয়ার সুযোগ নেই।

ভ্রুর আকৃতি নিয়ে যদি কিছু করতে চান, তাহলে তা করুন ঈদের তিন-চার দিন আগে।

হাত-পা ও দেহ

মেহেদির জন্য ঈদের আগের দিনই সেরা সময়। তবে ম্যানিকিউর ও পেডিকিউর করাতে চাইলে ঈদের দু-এক দিন আগেই সেরে নিন। ওয়াক্সিং করাতে চাইলে তিন-চার দিন আগে করানো ভালো। বেশি আগে করালে আবার লোম গজিয়ে যেতে পারে। বডি স্ক্রাবিং করতে চাইলে ঈদের তিন-চার দিন আগেই করিয়ে ফেলুন।

আরও পড়ুন