নিজের অজান্তে শরীরের এই ক্ষতিগুলো করছেন না তো
কথায় আছে, মানুষ অভ্যাসের দাস। একটি কাজ নিয়মিত করতে করতে একটা সময় সেই কাজটি জীবনের অংশ হয়ে যায়। চাইলেও তখন সেই অভ্যাস আর পরিবর্তন করা যায় না। আমাদের অভ্যাসের কাছে আমাদের শরীর হার মানে, স্বীকার করে নেয় দাসত্ব। আমরা যা খাই, যেভাবে ঘুমাই, চলাফেরা করি, মানসিক চাপ সামলাই—সবকিছুই সুস্থ জীবনের ওপর প্রভাব ফেলে। সুস্থ-সবল ও দীর্ঘ জীবন লাভ করার জন্য ভালো অভ্যাস জারি রাখা তাই ভীষণ জরুরি। কিন্তু এমন কিছু অভ্যাস আছে, যা বছরের পর বছর ধরে পালন করে আসছি, যা অজান্তেই আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর বাজে প্রভাব ফেলছে। এমন বাজে অভ্যাস আপনার নেই তো?
ক্ষুধা ছাড়াই খাওয়া
শরীর যত বেশি রুটিনের ভেতর থাকবে, নিয়ম মেনে চলবে, দীর্ঘ জীবনে সুস্থ থাকা তত সহজ হয়ে উঠবে। খাদ্য গ্রহণের বিষয়টিও তা–ই। নির্দিষ্ট সময় ধরে যদি প্রতিদিন সকাল, দুপুর ও রাতের খাবার খাওয়া যায়, তা শরীরের জন্য ভালো। তবে অনেকেই আছেন, তিন বেলা খাবারের বাইরেও নাশতা করেন, মাঝেমধ্যেই ভূরিভোজে মেতে ওঠেন। অনেকেই আছেন ক্ষুধা না লাগলেও খাদ্য গ্রহণ করতে দ্বিধা করেন না। ক্ষুধা না লাগলেও খাওয়ার অভ্যাস পাচনতন্ত্রে সমস্যা তৈরি করে।
ক্ষুধা লাগা নির্দেশ করে আপনার পেটে থাকা খাবার পুরোটা হজম হয়ে গেছে, শরীরে শক্তির জন্য নতুন করে খাবারের প্রয়োজন। কিন্তু ক্ষুধা লাগার আগেই নতুন করে খাবার খাওয়া পাচনতন্ত্রের ওপর অতিরিক্ত প্রভাব ফেলে। নিয়মিত এই অভ্যাস চালিয়ে গেলে শরীরের ওপর প্রভাব ফেলে।
ঘুমানোর ঠিক আগে আগে খাওয়া
অনেকেই আছেন রাতে খাবার খেয়েই ঘুমাতে চলে যান। ফলে রাতের খাবার পেটেই থেকে যায়, হজম আর হয় না। ফলে বিপাকপ্রক্রিয়ায় যেমন প্রভাব ফেলে, তেমনই ডায়াবেটিস ও কোলেস্টেরল বাড়িয়ে দেয়। রাতে ঘুমাতে যাওয়ার আগে খাওয়ার পরিবর্তে ঘুম থেকে উঠেই খাওয়া বরং ভালো।
রাত করে ঘুমাতে যাওয়া
স্মার্টফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে কত সময় যে কেটে যায়, কত রাত পার হয়ে ভোর হয়ে যায়, তার ইয়ত্তা নেই। কিন্তু শরীরের ওপর বাজে প্রভাব পড়ার ক্ষেত্রে শুরুর দিকে থাকবে রাত জাগা। আমাদের বায়োলজিক্যাল ঘড়ি হিসেবে ঘুমাতে যাওয়ার সেরা সময় হলো রাত ১০টা থেকে ১২টা। কিন্তু অনেকেই আছেন ঘুমাতেই যান ভোররাতে। বায়োলজিক্যাল ঘড়ি, পাচনতন্ত্র মিলিয়ে শরীরের ওপর সবচেয়ে বাজে প্রভাব ফেলে এই রাত জাগা। রাত না জেগে বরং সকালবেলা উঠে সেই সময়কে কাজে লাগানো উচিত।
মাল্টিটাস্কিং
মাল্টিটাস্কিং হলো একই সময় দুই কিংবা তিনটা কাজ একত্রে করার চেষ্টা। কাজের চাপে মাল্টিটাস্কিং করার চেষ্টা করেননি, এমন লোক খুবই কম আছেন। কিন্তু একই সময়ে পূর্ণ মনোযোগ দিয়ে দুটো কাজ করা একপ্রকার অসম্ভবই বটে। কেউ কেউ হয়তো পারেন, কিন্তু বেশির ভাগ মানুষই একসঙ্গে দুটো কাজে মনোযোগ দিতে পারেন না। বরং মস্তিষ্কে অতিরিক্ত চাপ নিতে গিয়ে দুটোতেই ব্যর্থ হন। মাল্টিটাস্কিং শরীরের কর্টিসল হরমোনকে কাজে লাগায়, যা কিছু সময়ের জন্য প্রভাব না ফেললেও লম্বা সময় ধরে মাল্টিটাস্কিং করলে শরীরের ওপর বাজে প্রভাব ফেলতে পারে।
অতিরিক্ত ব্যায়াম
শরীরকে সুস্থ, সবল ও কর্মক্ষম রাখতে ব্যায়ামের বিকল্প নেই। তার মানে এই নয়, সামর্থ্যের বাইরে গিয়ে আমাদের ব্যায়াম করতে হবে। কথায় আছে, অতিরিক্ত কিছুই ভালো না। ব্যায়ামের ক্ষেত্রেও তা–ই, অতিরিক্ত ব্যায়াম শরীরকে ক্লান্ত করে, যা শরীরের জন্য বেশ খারাপ। শরীরকে সুস্থ ও কর্মক্ষম করার বদলে ক্লান্তি ভর করে, যা প্রতিদিনের কাজের ওপরও প্রভাব ফেলে।